Night Care for Skin

ক্লিনজ়িং-টোনিং-ময়েশ্চারাইজ়িং নয়, দ্বিতীয় ধাপটি বদলালেই ত্বক ভাল থাকবে বেশি!

যেহেতু রাতে ঘুমোনোর সময়ে ত্বক নিজেকে সারিয়ে তোলার চেষ্টা করে, তাই সে কাজে সাহায্য করলে ত্বক স্বাস্থ্যকর জেল্লা ফিরে পাবে সহজে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৯:৪২

ছবি: সংগৃহীত।

সুন্দর ত্বকের জন্য যুগ যুগ ধরে ‘সি-টি-এম’ নীতি অর্থাৎ ক্লিনজ়িং, টোনিং এবং ময়েশ্চারাইজ়িংয়ে ভরসা করেছেন পরিচর্যাকারীরা। কিন্তু সারা দিনের রোদ-ধুলো-বালি মাখার পরে রাতে যখন ত্বককে পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্রিম লাগান, তখন ওই নীতিটি পুরোপুরি প্রযোজ্য হবে না।

Advertisement

ত্বকের চিকিৎসকেরা ইদানীং বলছেন, রাতে ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে সাধারণ টোনিংয়ের চেয়েও জরুরি একটি ধাপ রয়েছে। সেটি হল আরও একটি ‘টি’— ট্রিটমেন্ট বা ট্রিট। যা ত্বকের অবস্থা বুঝে বিশেষ যত্ন নেওয়ার কথা বলে।

যেহেতু রাতে ঘুমোনোর সময়ে ত্বক নিজেকে সারিয়ে তোলার চেষ্টা করে, তাই সে কাজে সাহায্য করলে ত্বক স্বাস্থ্যকর জেল্লা ফিরে পাবে সহজে।

সেক্ষেত্রে রাতে ত্বকের যত্ন নিতে কী ভাবে পরিচর্যা করবেন?

১. গভীর ক্লিনজ়িং

সারাদিনের ধুলোবালি, মেকআপ এবং দূষণ দূর করতে রাতে একটু সময় নিয়ে ত্বক পরিষ্কার করুন। যদি ভারী মেকআপ থাকে, তবে ‘ডবল ক্লিনজ়িং’ করতে পারেন। তাতে পরে ত্বকে যে ময়েশ্চারাইজ়ার বা সিরাম ব্যবহার করবেন, তা সহজে ত্বকের রন্ধ্রপথে কোষে গিয়ে পৌঁছবে।

২. টোনিং নয় ট্রিটমেন্ট

অবস্থা বুঝে ব্যবস্থা। মুখে গোলাপ জল বা টোনারের বদলে রাতে মুখ পরিষ্কার করার পরে ব্যবহার করুন এমন কিছু বিশেষ উপাদান বা অ্যাক্টিভস, যা আপনার ত্বকের বর্তমান অবস্থায় প্রয়োজনীয়। রাতে যেহেতু ত্বকে ধুলোবালি লাগা বা রোদের ভয় থাকে না, তাই ওই ধরনের উপাদানগুলো নিরুপদ্রবে কাজ করতে পারবে। সাধারণ ভাবে যেগুলি ব্যবহার করা যেতে পারে—

রেটিনয়েড: বয়সের ছাপ রুখতে এবং বলিরেখা কমাতে এটি ভাল কাজ করে।

এএইচএ: ল্যাকটিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিডের মতো উপাদান মৃত কোষ সরিয়ে ত্বককে উজ্জ্বল করে।

হায়ালুরোনিক অ্যাসিড: যদি ত্বক খুব শুষ্ক বা ডিহাইড্রেটেড হয়, তবে এটি ত্বকের গভীরে আর্দ্রতা পৌঁছে দেয়।

তেমন হলে সপ্তাহের এক একটি দিন ত্বকের ধরন বুঝে কোনও একটি উপাদানের জন্য বরাদ্দ করতে পারেন।

৩. ময়েশ্চারাইজ়িং

এর কোনও বিকল্প নেই। তবে ময়েশ্চারাইজ়িং করতে হবে ত্বকের বিশেষ যত্ন নিতে যে উপাদানটি ব্যবহার করছেন তার পরে। ত্বকের গভীরে গিয়ে পুষ্টি জোগায় এমন ময়েশ্চারাইজ়ার বেছে নিয়ে মুখে ভাল ভাবে লাগিয়ে নিন। এতে দ্বিতীয় ধাপে যে সিরাম বা ট্রিটমেন্ট ব্যবহার করবেন, তা আরও ভাল ভাবে কাজ করতে পারবে ত্বকে। রাতভর বজায় রাখবে ত্বকের আর্দ্রতাও।

Advertisement
আরও পড়ুন