লিয়োনেল মেসির সঙ্গে নাম জড়িয়েছে আর্জেন্টিনার এক ক্রীড়া সাংবাদিকের। তিনি সোফি মার্তিনেজ়।
সম্পর্ক আছে কি নেই, সে প্রশ্ন আলাদা। তবে, মেসি আর সোফিকে নিয়ে আলোচনা এত দূর গড়িয়েছে যে, তা নিয়ে খোলাখুলি কথা বলতে শুরু করেছেন আর্জেন্টিনার নায়কও।
শনিবার কাবো ভার্দের সঙ্গে ম্যাচের শেষে সোফিকে দেখে জড়িয়ে ধরেন মেসি। তাঁকে বলতে শোনা যায়, ‘‘যদি তোমার দিকে তাকাই, তবে ওরা বলবে কেন তাকালাম, যদি কথা বলি, তবে বলবে কেন কথা বললাম?’’ শুনে সোফিকে বলতে শোনা যায়, ‘‘তোমার এই কথাটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ তোমাকে।’’
মেসির কথায় স্পষ্ট— সত্যি যা-ই হোক, তাঁদের নিয়ে আলোচনাকে আর থামানোর চেষ্টা করছেন না দু’জনের কেউই। আর তার পরেই সোনালি চুলের আর্জেন্টিনীয় সাংবাদিক সোফিকে নিয়ে আরও জোর কদমে শুরু হয়েছে আলোচনা। সোফি কী করেন, কেমন সাজেন, তা জানতে চাইছেন মেসিভক্তদের অনেকেই।
খেলাধুলো এবং ফুটবল তারকাদের নিয়ে তাঁর নানা কাজ ইতিমধ্যেই জনপ্রিয়। তবে সোফি শুধু কাজই করেন না। তিনি সেই সঙ্গে রাঁধেন এবং চুলও বাঁধেন।
সোফির দিনের বেশির ভাগ সময়ই কাটে কর্মক্ষেত্রে। বিভিন্ন স্টেডিয়াম, প্র্যাকটিসের মাঠ কিংবা স্টুডিয়োয় সাক্ষাৎকার নিয়ে। যেহেতু তারকাদের পাশাপাশি ক্যামেরা তাঁকেও দেখে, তাই ফ্যাশনে কোনও কসুর রাখেন না সোফি।
কেতাদুরস্ত সাজগোজে তিনি গুনে গুনে গোল দিতে পারেন মডেল, অভিনেত্রী, এমনকি কিছু ফুটবল তারকার ‘হাই প্রোফাইল’ স্ত্রীদেরও।
তিনি কাজ করুন, মাস্টারশেফে রাঁধতে যান, পার্টি করুন কিংবা ছুটি কাটাতে যান কোনও সৈকতে, সাজের ধরন শেখা যায় তাঁর থেকে।
সাধারণ ব্লেজ়ার আর শার্টকেও দিতে পারেন ফ্যাশনেবল ‘টুইস্ট’। হয়তো ওভারসাইজ়ড ব্লেজ়ারের সঙ্গে ক্রপ শার্ট পরলেন, গলায় পরলেন কোনও নজরকাড়া গয়না।
কাজের পোশাকও যে এমন মার্জিত অথচ ফ্যাশনেবল হয়ে উঠতে পারে, তা তাঁকে না দেখলে শেখা যায় না। কর্মক্ষেত্রে তাঁর পরা পোশাক এ কালের যে কোনও কর্পোরেট মহিলাকর্মীর আদর্শ হতে পারে।
কাজের প্রয়োজনেই ফিটনেস সচেতন সোফি। তবে নির্মেদ লম্বা চেহারা তাঁর, যে কোনও পোশাকেই মানিয়ে যায় তাঁকে।
সময়মতো সাহসী হতেও জানেন সোফি। পোশাকে নয়, তাঁর কাজের ক্ষেত্রেও সেই সাহস দেখা গিয়েছে বরাবর।
সোফি গোটা বিশ্বের আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন কাতার বিশ্বকাপের ফাইনালের আগে মেসির একটি সাক্ষাৎকার নিতে গিয়ে।
প্রশ্ন করার বদলে মেসির চোখের দিকে সরাসরি তাকিয়ে সোফি বলেছিলেন, তিনি বিশ্বকাপ আনতে না পারলেও আর্জেন্টিনাবাসীর কাছে তাঁর কৃতিত্ব কমবে না। কারণ, আর্জেন্টিনার কাছে তিনি একজন নায়ক। যে নায়ক স্বপ্ন দেখান।
সেই কথা আর তাতে সোফির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকা মেসির ভিডিয়ো ভাইরাল হয়েছিল।
সাক্ষাৎকার যে আলো এনে দিয়েছিল, তা ধরে রেখেছেন সোফি। কাজের গণ্ডির বাইরে আরও অনেক ভূমিকায় নিজেকে মেলে ধরেছেন বারবার। এমনকি, এক বার মাস্টারশেফে রান্না করতেও গিয়েছিলেন। সেখানেও প্রশংসা পেয়েছিল তাঁর রান্না।
আগ্রহ রয়েছে বেড়ানোতেও। কাজের প্রয়োজনে তো বটেই, সুযোগ পেলেই নানা দেশের দর্শনীয় স্থান বা সমুদ্রসৈকতে ঘুরে আসেন। তারকা ফুটবল খেলোয়াড়দের পত্নীদের মধ্যে মেসির স্ত্রী আন্তোনেল্লা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্ত্রী জর্জিনার সাঁতার পোশাকের সাজের আলাদা ভক্ত রয়েছে। বিকিনিতে সোফিও কম আবেদনময়ী নন। সৈকতে তো বটেই, কাজের জগতেও তাঁকে বিকিনির সঙ্গে ব্লেজ়ার পরে অনুষ্ঠানে হাজির হতে দেখা গিয়েছে।
অর্থাৎ পুরোদস্তুর ক্রীড়া সাংবাদিক সোফি এখন একজন স্টাইল আইকনও। মেসির চোখে তাঁর জন্য মুগ্ধতা তাই বিনা কারণে নয়।