Bizarre Fashion

বাজারের স্বচ্ছ থলি হাতে চলচ্চিত্র উৎসবে নায়িকা! ব্যাগটির দাম নাকি ১ লক্ষ ৭০ হাজার

সম্প্রতি বেজিংয়ের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চিনা অভিনেত্রী জ়্যাঙ্গ জ়িঙ্গির হাতের ব্যাগখানি নিয়ে ফ্যাশন দুনিয়ায় বেশ শোরগোল শুরু হয়েছে। না, কোনও হ্যান্ডব্যাগ, ক্লাচ বা টোটব্যাগ নয়, অনুষ্ঠানে বাজারের সাধারণ পলিথিনের থলে হাতেই ক্যামেরাবন্দি হয়েছেন নায়িকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৯:২৮
আবর্জনা ফেলার থলিই যখন ফ্যাশন স্টেটমেন্ট।

আবর্জনা ফেলার থলিই যখন ফ্যাশন স্টেটমেন্ট। ছবি: সংগৃহীত।

কাঁধে সংসার তুলে বেরোতে হয় অনেককে। ব্যাগ কারও জন্য ফ্যাশনের অনুষঙ্গ, কারও জন্য আবার দৈনন্দিনের প্রয়োজনীয় জিনিস বয়ে চলার উপায়। অনেকের কাছেই ব্যাগ হবে এমন, যা ফ্যাশনের দিকেও নজর দেবে, আবার সংসার বয়ে নিয়ে চলার জন্যও সুবিধাজনক হবে। তবে নিজস্বতা বজায় রাখা দরকার যে কোনও সাজেই। অনেকেরই স্বভাব, ব্যাগ মানেই হাতের কাছে যা আছে, সব পুরে নিতে হবে তাতে। অনেক টোটব্যাগ দেখতে হয় থলির মতো, কেবল খানিক কেতাদুরস্ত। আর তাই মহিলারা এখন এ রকমের ব্যাগ ব্যবহার করছেন বেশি। সম্প্রতি বেজিংয়ের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চিনা অভিনেত্রী জ়্যাঙ্গ জ়িঙ্গির হাতের ব্যাগখানি নিয়ে ফ্যাশন দুনিয়ায় বেশ শোরগোল শুরু হয়েছে। না, কোনও হ্যান্ডব্যাগ, ক্লাচ বা টোটব্যাগ নয়, অনুষ্ঠানে বাজারের সাধারণ পলিথিনের থলে হাতেই ক্যামেরাবন্দি হয়েছেন নায়িকা।

Advertisement

নায়িকার ছবি অনলাইনে ছড়িয়ে পড়া মাত্রই তাঁর ব্যাগটি নিয়ে নানা মহলে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ মশকরা করছেন, কেউ আবার বুঝতেই পারছেন না এটা আবার কী রকম ফ্যাশন স্টেটমেন্ট। তবে কি নায়িকা সত্যিই বাজারের থলি হাতেই চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন? ব্যাগটি তৈরি করেছে বিলাসবহুল ব্যাগ প্রস্তুতকারী সংস্থা ব্যালেনসিয়াগা। অনলাইনে ব্যাগটির মূল্য ১৭৯০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা)। সমাজমাধ্যমে এই ব্যাগ দেখে অনেকেই মন্তব্য করেছেন, ‘‘এমন ব্যাগে তো আমরা ময়লা ফেলি’’। নায়িকার ছবি ভাইরাল হওয়ার পর অনেকেই বাজারের স্বচ্ছ পলিথিন হাতে নিয়ে বেরিয়ে পড়ছেন রাস্তায়, সঙ্গে বানাচ্ছেন নানা রকম রিলও। কেউ আবার বলেছেন, ‘‘আমার সিঙ্কের তলায় এরকম ৫০টি ব্যালেনসিয়াগার ব্যাগ পড়ে রয়েছে, কারও লাগলে বলবেন।’’

ব্যাগের হালফ্যাশনে যে কোনও কিছুকেই স্টেটমেন্টে রূপান্তরিত করার চল শুরু হয়েছে। এ ক্ষেত্রে আবর্জনা ফেলার থলিও বিলাসবহুল সংস্থার ব্যাগের নকশায় জায়গা করে নিচ্ছে, সে বিষয়টি বেশ ভাবাচ্ছে ফ্যাশনিস্তাদের।

Advertisement
আরও পড়ুন