Katrina Kaif Hair Care Secret

মাধ্যাকর্ষণ নস্যাৎ করে উড়ছে চুল! ক্যাটরিনার একঢাল ঘন কেশের নেপথ্যে শাশুড়ির হাত, টোটকা কী

ক্যাটরিনা কইফের কেশসৌন্দর্যের নেপথ্যে রয়েছে শাশুড়ির টোটকা। তাঁর বিশ্বাস, ভিকির মায়ের কৌশল প্রয়োগ করার পর থেকেই চুলের ঘনত্ব ও ঔজ্জ্বল্য বেড়ে গিয়েছে। কী ভাবে যত্ন নেন বলি নায়িকা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৯:৫৪
কী ভাবে চুলের যত্ন নেন ক্যাটরিনা?

কী ভাবে চুলের যত্ন নেন ক্যাটরিনা? ছবি: সংগৃহীত।

কখনও তা বিনুনির রূপে, কখনও তা খোলা, উড়ন্ত, ঊর্ধ্বমুখী হয়ে ঢেকে রেখেছে অর্ধেক ছবি। কখনও আবার একঢাল কেশরাশি নেমে এসেছে কোমর ছুঁতে। ক্যাটরিনা কইফের সাম্প্রতিক ছবিগুলিতে বার বার নজর কাড়ছে তাঁর কেশরাশি। ছবিগুলিতে এ কথা স্পষ্ট, স্বামী ভিকি কৌশল এবং সদ্যোজাতের সঙ্গে সময় কাটিয়ে আপ্লুত বলিউড তারকা। ছুটির মেজাজের ছাপ রয়েছে ছবিগুলিতে। ফলে ধরে নেওয়াই যায়, কোনও স্টাইলিং, রাসায়নিকের ব্যবহার, তাপের প্রয়োগ ছিল না। তা হলে এমন সুন্দর চুলের নেপথ্যে কী রহস্য লুকিয়ে?

Advertisement
শাশুড়ি ও স্বামীর সঙ্গে ক্যাটরিনা কইফ।

শাশুড়ি ও স্বামীর সঙ্গে ক্যাটরিনা কইফ। ছবি: সংগৃহীত

কেশসৌন্দর্যের নেপথ্যে রয়েছে শাশুড়ির তৈরি করা ঘরোয়া তেল। এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছিলেন, তিনি নিয়মিত বাড়িতে তৈরি তেল ব্যবহার করেন। এই তেলে পেঁয়াজ, আমলকি, অ্যাভোকাডো-সহ আরও কয়েকটি প্রাকৃতিক উপাদান থাকে। সব উপকরণ দীর্ঘ ক্ষণ ধরে লোহার পাত্রে ধীরে ধীরে ফোটানো হয়। তার পর ছেঁকে নিয়ে তেলটুকু তৈরি করা হয়। অভিনেত্রীর দাবি, সেই তেল মেখেই তাঁর চুলের স্বাস্থ্য আগের থেকে অনেক ভাল হয়েছে। তাঁর বিশ্বাস, ভিকির মায়ের বানানো এই তেল মাখার পর থেকেই চুলের ঘনত্ব ও ঔজ্জ্বল্য বেড়ে গিয়েছে।

ঘরোয়া তেল ব্যবহার করলে কী উপকার মিলতে পারে?

পেঁয়াজ মানেই তাতে রয়েছে সালফার যৌগ, যা চুলের ফলিকলগুলিকে সক্রিয় করে, কোলাজেন ও কেরাটিন উৎপাদনে সাহায্য করে। ও দিকে অ্যাভোকাডোতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, যা চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। অন্য দিকে, আমলকি দীর্ঘ দিন ধরেই চুলের পরিচর্যায় ব্যবহৃত হয়ে আসছে। এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ভিটামিন সি মাথার ত্বক ও চুলের জন্য উপকারী। তাই চুলের পরিচর্যার ক্ষেত্রে ক্যাটরিনার ঘরোয়া টোটকা আপনিও প্রয়োগ করে দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন