Lip Oil

কয়েক ফোঁটা তেলে নরম ও আর্দ্র হবে ওষ্ঠাধর, জাহ্নবীও ব্যবহার করেন, কী ভাবে তৈরি করবেন ঠোঁটের তেল

স্বল্প সাজেও বাজিমাত করা যায় ছোট্ট টিপ, হালকা লিপস্টিক লাগিয়ে নিলে। কিন্তু ঠোঁট যদি ফাটা হয়, খুঁত ঢাকতে পারে না ওষ্ঠরঞ্জনী। ঠোঁট সুন্দর করে তুলতে ঘরেই বানিয়ে নিন লিপ অয়েল।

Advertisement
শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৭:০৩
The Secret to Glossy, Hydrated Lips of Janhvi Kapoor, the Ultimate Guide of Lip Oils

লিপ অয়েল কী, ওষ্ঠরঞ্জনী ছাড়াই নরম ও জেল্লাদার দেখাবে ঠোঁট। ফাইল চিত্র।

ঝকঝকে হাসির জন্য চাই সুন্দর ঠোঁট। ত্বকচর্চার রুটিনে ঠোঁট অনেক সময়েই বাদ পড়ে যায়। বড়জোর লিপ বাম দিয়ে কাজ চালানোর চেষ্টা করা হয়। কিন্তু সুন্দর ঠোঁটের জন্য চাই বাড়তি কিছু। বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূরও ঠোঁটের জন্য নেন বিশেষ উপায়ে। এমন ধরনের লিপ অয়েল ব্যবহার করেন তিনি যাতে ঠোঁট নরম ও মসৃণ থাকে। লিপ গ্লস বা লিপ মাস্কের মতো লিপ অয়েলও এখন বেশ জনপ্রিয়। অনেক তারকাই ব্যবহার করেন। তবে বাজারচলতি রাসায়নিক দেওয়া সিন্থেটিক লিপ অয়েলের বদলে, ঘরেই বানিয়ে নিতে পারেন। রইল তেমনই কিছু প্রণালী।

Advertisement

ঠোঁটের যত্ন নেওয়ার উপায়

তবে লিপ অয়েল মাখলেই হবে না। তার আগে ঠোঁটের যত্নও নিতে হবে সঠিক উপায়ে। দিনের শেষে যেমন মুখের ত্বক পরিষ্কার করা হয়, তেমন ভাবেই হালকা ক্লিনজ়ার দিয়ে ঠোঁট পরিষ্কার করে নিতে হবে। লিপস্টিক লাগালে তা অবশ্যই ভাল ভাবে তুলে ফেলতে হবে। সপ্তাহে দু’-দিন লিপ স্ক্রাবার দিয়ে হালকা মাসাজ করতে পারেন। এটি বাড়িতেও বানিয়ে নেওয়া যায়। এক চামচ চিনির সঙ্গে নারকেল তেল, মধু কিংবা দুধ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এই মিশ্রণটি ঠোঁটে হালকা মাসাজ করুন। দু’-মিনিট রেখে ধুয়ে নিয়ে লিপ অয়েল লাগিয়ে নিন। এতে ঠোঁয়ের মৃত কোষ উঠে যাবে।

লিপ অয়েল বানানোর পদ্ধতি

নারকেল তেল ও ভিটামিন-ই লিপ অয়েল

১ চামচ নারকেল তেলের সঙ্গে ১টি ভিটামিন-ই ক্যাপসুলের তেল মিশিয়ে নিয়ে তা ছোট বোতলে ভরে রাখুন। ঠোঁট ভাল করে পরিষ্কার করার পর এই তেল মাখলে ঠোঁট নরম ও আর্দ্র থাকবে। ঠোঁট ফাটার সমস্যা দূর হবে।

আমন্ড অয়েল ও মধুর লিপ অয়েল

মধু প্রাকৃতিক অ্যান্টি-অক্সিড্যান্ট। ঠোঁটের আর্দ্রতাও বজা রাখে। ১ চামচ আমন্ড অয়েলের সঙ্গে আধ চামচ মধু মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পুষ্টিকর লিপ অয়েল। রাতে ঘুমনোর সময়ে ঠোঁটে লাগিয়ে রাখতে পারেন। ঠোঁট ফাটার সমস্যা যাঁদের বেশি হয়, তাঁদের জন্য খুবই উপযোগী এই তেল।

ক্যাস্টর অয়েল ও মিন্ট লিপ অয়েল

ক্যাস্টর অয়েল অত্যন্ত ঘন। এর সঙ্গে পেপারমিন্ট অয়েল মেলালে খুব ভাল লিপ অয়েল তৈরি হবে। মিন্ট থাকায় ঠোঁটে ঠান্ডা অনুভূতি হবে এবং রক্ত সঞ্চালন বাড়বে। এই তেল নিয়মিত ব্যবহারে প্রাকৃতিক ভাবেই ঠোঁটে গোলাপি আভা আসবে এবং ঠোঁট অনেক বেশি আকর্ষণীয় দেখাবে।

শিয়া বাটার ও আর্গন তেল

রূপচর্চায় নারকেল তেল বা কাঠবাদামের তেলের ব্যবহার তো সেই কবে থেকেই হয়ে আসছে। হালে এসেনশিয়াল অয়েল নিয়ে আলোচনা হচ্ছে বেশি। এর মধ্যে আরও এক তেলের নাম শোনা যাচ্ছে, যার নাম আর্গন অয়েল। সাধারণ বাঙালি ঘরে আর্গন অয়েলের তেমন পরিচিতি নেই। কিন্তু বিশ্ব জুড়ে রূপচর্চার জগতে আর্গন তেলকে বলা হয় ‘ম্যাজিক অয়েল’। কেউ বলেন ‘তরল সোনা’। ঠোঁটের পরিচর্যাতেও এই তেলের ব্যবহার হয়। আধ চামচ গলানো শিয়া বাটারের সঙ্গে ১ চামচ আর্গন অয়েল মিশিয়ে নিন। এই তেল শুষ্ক ঠোঁটের সমস্যা দূর করবে খুব দ্রুত।

Advertisement
আরও পড়ুন