Hair Pack Recipes

অ্যালোপেসিয়ায় গোছা গোছা চুল উঠছে, টাক পড়ার আগেই যত্ন নিন, রইল কিছু হেয়ার প্যাকের হদিস

কেবল বংশগত কারণ, চুলের অযত্ন টাক পড়ার জন্য দায়ী নয়। শরীরে কিছু রোগ বাসা বাঁধলেও এমন হতে পারে। অ্যালোপেসিয়া থাকলে চুল উঠবেই। সে ক্ষেত্রে কী করণীয়?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৭:০৭
These are some effective DIY Hair Packs for Hair Thinning and Alopecia

অ্যালোপেসিয়ায় ঘন ঘন চুল উঠছে, কী মাখলে টাক পড়া থেকে বাঁচবেন? ছবি: ফ্রিপিক।

মাথাজোড়া টাক কারই বা ভাল লাগে! চল্লিশ পেরোলে অনেক ছেলেরই চুল উঠে টাক পড়ার প্রবণতা দেখা যায়। একমাথা ঘন চুল ঝরে গিয়ে টাক পড়তে থাকলে, মনে দুঃখ তো হবেই। টাক ঢাকতে কখনও পরচুলা, আবার কখনও টুপি দিয়ে আড়াল করার চেষ্টা চলতেই থাকে। শুধু ছেলেদের কেন, মেয়েদেরও এই সমস্যা হতে পারে। মাথার সামনে বা সিঁথির দু'পাশ থেকে গোছা গোছা চুল উঠে যেতে পারে। আবার মাথার মাঝখান থেকেও চুল উঠতে পারে। এই সমস্যাকে অনেকে বলেন ‘টাকপোকা’। আসলে এটি একটি অসুখ, যার নাম ‘অ্যালোপেশিয়া অ্যারিয়েটা’। আর এক বার টাক পড়া শুরু হলে বিশেষ চিকিৎসা না করালে চুল ঝরে গিয়ে মাথাজোড়া টাক পড়ে যায়। এর থেকে বাঁচতে চুলের যত্ন নিতেই হবে।

Advertisement

প্রতি দিন স্বাভাবিক নিয়ম অনুযায়ী নির্দিষ্ট জীবনচক্র শেষ করে কিছু পুরনো চুল পড়ে যায় আর নতুন চুল গজায়। যদি বয়সের আগেই এবং তেমন কোনও শারীরিক ব্যাধি ছাড়াই চুল পড়তে শুরু করে, তখন বিষয়টি চিন্তার হয়ে দাঁড়ায়। যা এখন কমবয়সিদেরও মাথাব্যথার কারণ। ডাইহাইড্রোটেস্টোস্টেরন হরমোনের তারতম্যে চুল পড়ার সমস্যা বাড়ে। প্রথমে চুল উঠে কপালের দু’ধার প্রশস্ত হয়ে যায়। তার পরে মাথার উপরের দিকের চুল উঠে টাক পড়তে থাকে। এই সমসযা থেকে মুক্তি পেতে শুধু ওষুধ নয়, ব্যবহার করতে পারেন কিছু ঘরোয়া হেয়ার প্যাক।

দই, মধু ও লেবুর রসের মাস্ক

মাথার ত্বকে চুলকানি, র‌্যাশ বা সংক্রমণ থেকেও চুল পড়ার সমস্যা হয়। সে জন্য এমন হেয়ার মাস্ক মাখতে হবে যার অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ আছে। আধ কাপ দই, ১ চামচ মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। লেবু ও দই মাথার ত্বক পরিষ্কার রাখবে, মধু চুলের রুক্ষ ভাব দূর করবে।

অ্যালো ভেরা ও শসার ‘হাইড্রেটিং’ মাস্ক

চুলের রুক্ষতা দূর করে চুল পড়া বন্ধ করতে পারে অ্যালো ভেরা। শসার রস মাথার ত্বকের ব্রণ-ফুস্কুড়ি দূর করতে পারে। এই দুই উপকরণ মিশিয়ে যে মাস্ক তৈরি হয় তা মাখলে মাথার ত্বকের আর্দ্রতা বজায় থাকে। ২ চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে অর্ধেকটা শসার রস মিশিয়ে মাথার ত্বকে ভাল করে মালিশ করতে হবে। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে তিন দিন ব্যবহার করলেই উপকার পাবেন।

মধু এবং অলিভ অয়েল

চুলের গোড়া ফেটে গেলে এবং চুল পড়া বেড়ে গেলে এই প্যাক খুব সাহায্য করে। দু’চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন। বেশ ভাল ভাবে ফেটিয়ে নেবেন মিশ্রণটি। তার পর মাথায় মেখে আধ ঘণ্টা রেখে দিন। শ্যাম্পু করার পরেই বুঝতে পারবেন আগের চেয়ে কোমল হয়েছে চুল। সপ্তাহে তিন বার করে এই প্যাক ব্যবহার করুন।

নারকেল তেল এবং অ্যালো ভেরা

নারকেল তেল চুলের গোড়া মজবুত করে, চুল পড়ার সমস্যা কমায়। অ্যালো ভেরা চুল নরম ও মসৃণ করে। এই দুই উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় একটি প্যাক। তিন চা চামচ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তিন চা চামচ অ্যালো ভেরা জেল। তার পর মিশ্রণটি ভাল ভাবে চুল ও মাথার তালুতে মাখতে হবে। আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু’বার করে এই প্যাক ব্যবহার করলে কম দিনেই মিলবে উপকার।

Advertisement
আরও পড়ুন