তিসির জেল মাথায় মাখার উপকারিতা কী? ছবি: সংগৃহীত।
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিন এবং লিগনানের উৎস তিসির বীজ। হার্টের স্বাস্থ্য বজায় রাখা থেকে হজমক্ষমতা বৃদ্ধির জন্য উপযুক্ত ছোট্ট এই দানা। প্রতি ১০০ গ্রাম তিসিতে প্রায় ৪২ শতাংশ চর্বি, ২০ শতাংশ প্রোটিন এবং ২৮ শতাংশ ফাইবার থাকে, যা কোলেস্টেরল ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে কার্যকর। তবে শরীরের স্বাস্থ্যরক্ষার পাশাপাশি চুল ও ত্বকের জন্যও ক্ষুদ্র ক্ষুদ্র দানা উপকারী হতে পারে। জল ও তিসির বীজ একসঙ্গে ফুটিয়ে বানানো এক প্রাকৃতিক জেল-জাতীয় উপাদান মাথার ত্বক ও চুলের গোড়ার স্বাস্থ্য ভাল রাখে। চুল ঘন হয়, ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে।
সরাসরি দানা হিসেবে খাওয়া বা মাখার অভ্যাস? তার বদলে জেল, তেল বা গুঁড়োরূপে ব্যবহার করলে ত্বকে দ্রুত শোষিত হয় এর পুষ্টিগুণ। তাই তিসির জেল চুলে ও মাথার ত্বকে মাখার পরামর্শ দেওয়া হয়। কিন্তু অনেকেরই প্রশ্ন জাগে, তিসির জেল তৈরি করবেন কী ভাবে? এই বীজ জলে মিশিয়ে ফুটতে দিন। তত ক্ষণ সেই মিশ্রণ ফোটাতে হবে, যত ক্ষণ না এটি জেলে পরিণত হয়। এই জেলে রেটিনয়েড, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এবং খনিজ রয়েছে।
তিসির জেল মাথায় মাখার উপকারিতা কী?
১. চুল গজানোয় সাহায্য করে: এই জেল মাথার ত্বকে পুষ্টি পৌঁছে দেওয়ার কাজ করে। মাথার ত্বকে রক্ত চলাচল উন্নত করে চুলের গোড়া মজবুত করে। ওমেগা৩-এর উপস্থিতি প্রদাহ কমায় এবং চুলে ভাঙন ধরার সমস্যা রোধ করে। ফলে চুল গজানোর গতি ত্বরান্বিত হয়।
২. চুলে আর্দ্রতা ধরে রাখতে পারে: এই জেল মাথার ত্বকের ময়েশ্চারাইজ়ার হিসেবেও কাজ করে। চুলকে ভিতর থেকে আর্দ্র করে রাখে। ফলে চুল ছিঁড়ে যাওয়ার সমস্যা কমে যায় স্বাভাবিক ভাবেই। এই জেলের প্রোটিন চুলের আগা ফাটার সমস্যা থেকেও মুক্তি দেয়। প্রদাহ কমানোর ফলে খুশকির দাপটও কমে যায় নিজে থেকেই।
৩. চুলে স্বাভাবিক ঔজ্জ্বল্য আনে: তিসির জেল নিয়মিত মাখলে চুল ঝলমলে ও মসৃণ হয়ে উঠতে পারে। চুলে আসে স্বাভাবিক ঔজ্জ্বল্য। মাইক্রোনিউট্রিয়েন্টগুলি চুলের ফলিকলে সঠিক পরিমাণে পুষ্টি সরবরাহ করে। চুল মজবুত হয়, দ্রুত গজায় এবং চুলে এক প্রকার চকচকে ভাব চলে আসে। কোনও রাসায়নিকের ব্যবহার ছাড়াই চুলের গোড়া পরিষ্কার হয়।
৪. অকালে চুল পেকে যাওয়া রোধ করে: চুলের গোড়ার স্বাস্থ্যরক্ষা করে বলে অকালে চুল পেকে যাওয়ার সমস্যা কমাতে পারে তিসির জেল। এই বীজ প্রদাহ কমাতে সাহায্য করে। আর প্রদাহ কমলে চুল পেকে যাওয়ার প্রক্রিয়ার গতিও শ্লথ হতে পারে স্বাভাবিক ভাবে।
৫. মাথার ত্বক সুস্থ রাখে: মাথার ত্বকের শুষ্কতা, খুশকি, চুলকানি ইত্যাদি সমস্যায় আরাম দিতে পারে তিসির জেল।