New Semolina Recipes

উপমা বা চিলা নয়, প্রাতরাশে সুজি দিয়ে বানাতে পারেন দেশ-বিদেশের নানা রান্না, রইল কিছু প্রণালী

সুজি দিয়ে শুধু উপমা বা চিলা নয়, বানানো যায় নতুন স্বাদের কিছু খাবার। রইল তেমনই কিছু রান্নার প্রণালী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৬:২২
Easy Continental Breakfast Recipes with Semolina

নেয়াকি থেকে মরক্কোর প্যানকেক, নতুন কী কী বানাতে পারেন সুজি দিয়ে? ছবি: ফ্রিপিক।

ময়দা খেতে চান না। ওট্‌স বা কর্নফ্লেক্সে অরুচি। সকালের জলখাবারে অন্যরকম কিছু খেতে ইচ্ছে হলে সুজি সবচেয়ে ভাল বিকল্প। এখন সুজি বলতে প্রথমেই মাথায় আসে সুজির হালুয়া অথবা সুচি দিয়ে চিলা। সুজির উপমাও বাঙালিরা এখন বেশ পছন্দ করেন। তবে গতে বাঁধা রান্নার বাইরে যদি সুজি দিয়েও ভিন্ন স্বাদের কিছু রাঁধতে হয়, তা হলে বেশ কিছু প্রণালী আছে। দেশে ও বিদেশে, সুজি দিয়ে বানানো হয় এমন কিছু নতুন স্বাদের খাবার চেখে দেখতে পারেন।

Advertisement

ইতালিয়ান সেমোলিনা নিয়াকি

ইতালিয়ান সেমোলিনা নিয়াকি

ইতালিয়ান সেমোলিনা নিয়াকি

ইতালিতে খাবারটি খুবই জনপ্রিয়। আলু, ডিম ও সুজি দিয়ে বানানো হয়। একটি সসপ্যানে দুধ, মাখন, নুন এবং এক চিমটে জায়ফল গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিন। দুধ ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে আস্তে আস্তে সুজি যোগ করুন এবং অনবরত নাড়তে থাকুন যাতে দলা পাকিয়ে না যায়। মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিন। এর পর এই সুজির মিশ্রণে একটি ডিম ফাটিয়ে দিয়ে দিন ও সঙ্গে দিন কিছুটা গ্রেট করা চিজ়। খুব ভাল করে ফেটিয়ে নিন। একটি থালায় সামান্য মাখন মাখিয়ে সুজির মিশ্রণটি ছড়িয়ে দিয়ে কিছু ক্ষণ রাখুন। ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেলে ছুরি দিয়ে ছোট ছোট গোল বা চৌকো আকারে কেটে নিন। একটি বেকিং ডিশে এই টুকরোগুলি সাজিয়ে উপর থেকে আরও খানিকটা চিজ় এবং সামান্য মাখন ছড়িয়ে দিন। এ বার ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করা অভেনে ১৫-২০ মিনিট বেক করে নিন, যত ক্ষণ না সোনালি রং ধরছে। এটি খেতে মুচমুচে হয়।

মরোক্কান প্যানকেক

মরোক্কান প্যানকেক

মরোক্কান প্যানকেক

উত্তর আফ্রিকার মরক্কোয় সুজি দিয়ে বিশেষ এক রকম প্যানকেক খাওয়া হয়। এই খাবারটির বিশেষত্ব হল, এর উপরটা ভাজা হয় এবং তাতে অসংখ্য ছিদ্র করা থাকে। এটি বানাতে একটি পাত্রে দেড় কাপের মতো সুজি, ৪ চামচ ময়দা, সামান্য নুন ও হালকা গরম জল মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিতে হবে, যাতে মিশ্রণটি মোলায়েম হয়। এ বার ব্যাটারটি ১০-১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন, যাতে ফুলে ওঠে। রান্নার আগে এতে এক চামচ ইনো বা বেকিং পাউডার মেশাতে হবে। একটি নন-স্টিক প্যান মাঝারি আঁচে গরম করে তাতে ব্যাটার থেকে এক হাতা ঢেলে দিন। কোনও তেল বা মাখন দেবেন না। কিছু ক্ষণ রাখলেই দেখা যাবে, প্যানকেকের উপর ছোট ছোট বুদবুদ বা ছিদ্র তৈরি হচ্ছে। শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে। এটি উল্টানোর প্রয়োজন নেই, শুধু এক পিঠ সেঁকেই নামিয়ে নিতে হবে। খাওয়ার সময়ে উপরে মাখন বা মধু ছড়িয়ে দিতে হবে।

তিসি দিয়ে বেকড সুজির ধোকলা

তিসি দিয়ে বেকড সুজির ধোকলা

তিসি দিয়ে বেকড সুজির ধোকলা

এক কাপ সুজি, ২ চামচ বেসন, এক কাপ টক দই, এক চিমটে নুন এবং আদা-লঙ্কা কুচি জল দিয়ে মিশিয়ে আধ ঘণ্টা রাখতে হবে। এ বার বেক করার পাত্রে তেল মাখিয়ে নিন। ব্যাটারে ইনো এবং তিসির দানা মিশিয়ে পাত্রে ঢালুন। ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রি-হিট করা অভেনে বেকিং পাত্রটি রেখে ১৫-২০ মিনিট বেক করুন। গ্যসে ভাপেও করা যাবে। উপরে সর্ষে ও কারিপাতা ছড়িয়ে পরিবেশন করুন।

Advertisement
আরও পড়ুন