কাঁচালঙ্কা কী ভাবে টাটকা রাখবেন। ছবি: সংগৃহীত।
ঝালে-ঝোলেই বাঙালির রান্না। তাই বাজার থেকে আর কিছু আসুক না আসুক কাঁচালঙ্কা আসবেই। চেরা লঙ্কা থেকে শুরু করে বাটা লঙ্কা— রান্নার মশলায় যোগ করে আলাদা মাত্রা। কম ঝাল খান কিংবা ঝাল খেতে পারেন না, এমন মানুষও রান্নায় আলাদা গন্ধ ও ঝাঁজ আনতে নিদেনপক্ষে একটা গোটা কাঁচালঙ্কা দেন। অর্থাৎ লঙ্কা-বিনা রান্নাঘর প্রায় নেই বললেই চলে। লঙ্কা দীর্ঘ দিন ঘরে জমিয়ে রাখার অনেক সমস্যা। সহজেই লঙ্কা শুকিয়ে যায়। তার স্বাদও নষ্টও হয়ে যায়। ফ্রিজে রাখলে সাময়িক তাজা থাকলেও একটা নির্দিষ্ট সময়ের পরে তাও শুকিয়েই যায়। কী ভাবে রাখলে বেশ অনেক দিন টাটকা থাকবে।
১) প্রথমে কাঁচালঙ্কাগুলি ধুয়ে বোঁটা ছাড়িয়ে নিন। তার পর ভাল করে শুকিয়ে নিন। এ বার একটি বায়ুরোধক কৌটোর নীচে একটি টিস্যু পেপার বিছিয়ে দিন। তার পর কাঁচালঙ্কাগুলি রেখে আর একটি টিস্যু পেপার দিয়ে ঢেকে কৌটোর ঢাকা বন্ধ করে ফ্রিজে তুলে রাখুন।
২) ইচ্ছে করলে কাঁচালঙ্কার পেস্ট বানিয়েও রাখতে পারেন। সে ক্ষেত্রে কাঁচালঙ্কা বেটে নিয়ে তার সঙ্গে তেল আর নুন মিশিয়ে রাখুন। এ বার মিশ্রণটি বায়ুরোধক কৌটোয় ভরে ফ্রিজে রেখে দিন।
৩) কাঁচালঙ্কাগুলি ধুয়ে বোঁটা ছাড়িয়ে নিন। তার পর ভাল করে শুকিয়ে নিন। এ বার লঙ্কাগুলি জ়িপলক পাউচে ভরে ফ্রিজে ভরে রাখুন।