Black Plum Recipes

আম নয়, জাম দিয়েই হোক লস্যি থেকে চাটনি এমনকি জামসত্ত্বও, স্বাদে আসুক বৈচিত্র

গরমের মরসুমে কাঁচা কিংবা পাকা আম শুধু ফল হিসাবেই খাওয়া হয় না। চাটনি থেকে মিষ্টি, পোলাও, আইসক্রিম নানা রকম রান্না হয় তা দিয়েই। তবে আম নয়, জাম দিয়েও এমন সব খাবার তৈরির কথা ভাবা যেতে পারে। শিখে নিন পন্থা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১১:৩৪
জাম দিয়েই হোক রকমারি খাবার।

জাম দিয়েই হোক রকমারি খাবার। ছবি:সংগৃহীত।

গরমের ফলের তালিকা বেশ দীর্ঘ। সেই তালিকায় আম, কাঁঠাল যেমন রয়েছে, তেমন আছে জামও। একটু কষা ধাঁচের কিন্তু মিষ্টি ফলটি খেতে বেশ ভিন্ন। তা যদি নুন, লঙ্কা, চিনি দিয়ে মাখা হয়, তার স্বাদ হয় অনবদ্য। ভিটামিন সি এবং আয়রনে ভরপুর জাম রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে। এই ফল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক। এতে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্টও। সুতরাং উপকারিতার তালিকায় এই ফল উপরের দিকেই থাকে।

Advertisement

জাম মাখা লোভনীয় বলে এই ভাবেই ফলটি বেশি খাওয়া হয়। কিন্তু জাম খাওয়া যায় অন্য ভাবেও। আর তার স্বাদও নেহাত মন্দ হয়। জাম দিয়ে বানিয়ে নিন আমের মতো জামসত্ত্ব, লস্যি এবং চাটনিও।

জাম লস্যি

জাম দিয়ে বানিয়ে ফেলুন লস্যি।

জাম দিয়ে বানিয়ে ফেলুন লস্যি। ছবি:সংগৃহীত।

আমের লস্যি নিশ্চই খেয়েছেন। জাম দিয়েও লস্যি হবে একই কায়দায়। বীজ ফেলে জামের শাঁস বার করে নিন। মিক্সারে টক দই, জামের শাঁস, সৈন্ধব নুন, চিনি, বরফ ভাল করে ঘুরিয়ে নিন। উপর থেকে জামের টুকরো আর কাঠবাদাম কুচি দিয়ে পরিবেশন করুন। জামের যে বিশেষ রং থাকে, তার দৌলতেই লস্যি দেখাবে আকর্ষণীয়।

জামের চাটনি

স্বাদ বদলে থাক জামের চাটনি।

স্বাদ বদলে থাক জামের চাটনি। ছবি: সংগৃহীত।

জাম ফাটিয়ে বীজ বার করে নিন। আধবাটি জামের রসও বার করে রাখুন। কড়াইয়ে সাদা তেল দিয়ে সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিন। জামের শাঁস দিয়ে আঁচ কমিয়ে নাড়াচাড়া করে যোগ করুন, নুন, হলুদ, চিনি। চিনি গলে ঘন হয়ে এলে দিন জামের রস। ফুটে গেলে নামিয়ে নিন জামের চাটনি।

জামসত্ত্ব

আমের মতোই হতে পারে জামসত্ত্ব।

আমের মতোই হতে পারে জামসত্ত্ব। ছবি:সংগৃহীত।

আমসত্ত্বের মতো লোভনীয় হতে পারে জামসত্ত্বও। জামের বীজ বার করে শাঁস মিক্সারে ঘুরিয়ে নিন। স্বাদমতো সৈন্ধব লবণ, চিনি দিন। যোগ করুন ভাজা জিরে। মিশ্রণ যেন মিহি হয়। একটি থালায় তেল মাখিয়ে মিশ্রণটি পাতলা করে ঢেলে দিন। রোদে দিন দুই শুকিয়ে নিলেই তৈরি হবে জামসত্ত্ব। ইচ্ছামতো আকারে কেটে কৌটোয় সংরক্ষণ করে রাখুন। কয়েক মাস পর্যন্ত এটি রাখা যায়।

Advertisement
আরও পড়ুন