Chocolate Snacks

চকোলেট দিয়েও বানানো যায় পুষ্টিকর স্ন্যাক্স, প্রিয়জনের জন্য বানিয়ে নিন জিভে জল আনা কিছু খাবার

প্রিয়জনের জন্য স্বাস্থ্যকর উপায়ে চকোলেট দিয়ে তৈরি করে ফেলুন নানা রকম স্ন্যাক্স। রইল কিছু রেসিপি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০২
Here are some healthy chocolate snacks recipes

প্রিয়জনের জন্য বানান চকোলেটের স্ন্যাক্স, রইল কিছু রেসিপি। ছবি: ফ্রিপিক।

ময়দা, চিনিকে ব্রাত্য করা হয়েছে আগেই। স্বাস্থ্য-সচেতন মানুষ চকোলেটও দাঁতে কাটতে চান না। চিনি বা অতিরিক্ত কৃত্রিম চিনি দেওয়া বাজারচলতি চকোলেট খেলে ক্যালোরি বাড়বেই। কিন্তু বাড়িতেই চকোলেট দিয়ে নানা পুষ্টিকর স্ন্যাক্স তৈরি করা সম্ভব। তা খেতে যেমন সুস্বাদু, তেমন দেখতেও আকর্ষণীয়। চকোলেট মানেই যে শুধু ক্যালোরি আর চিনি, তা কিন্তু নয়। যদি ডার্ক চকোলেট (কমপক্ষে ৭০% কোকো সমৃদ্ধ) ব্যবহার করা যায়, তবে তা হার্টের জন্য যেমন ভাল, তেমনই ভাল মানসিক স্বাস্থ্যের পক্ষেও। প্রিয়জনের জন্য স্বাস্থ্যকর উপায়ে চকোলেট দিয়ে তৈরি করে ফেলুন নানা রকম স্ন্যাক্স।

Advertisement

চকোলেট মাফিন

প্রথমে একটি বাটিতে এক কাপের মতো ময়দা, ২ চামচ বেকিং পাউডার, আধ চামচ বেকিং সোডা আর ২ চামচ কোকো পাউডার ভাল করে মিশিয়ে নিতে হবে। একটি বড় বাটিতে ডিম, চিনি ও মাখন এক সঙ্গে ফেটিয়ে নিন। এর পর তাতে ময়দার মিশ্রণ দিয়ে ভাল করে মেশাতে হবে। মাফিন টিনের ভিতরে কাপকেক লাইনার্স সাজিয়ে দিন। তা না থাকলে মাখন ও সামান্য ময়দা দিয়ে মাফিন টিনের ভিতর ভাল করে গ্রিজ করে নিন। এর পর মিশ্রণটি ঢেলে দিন। মাইক্রোওয়েভ অভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করুন। ১২-১৫ মিনিট ধরে মাফিন বেক করুন।

চকোলেট মাফিন।

চকোলেট মাফিন। ছবি: ফ্রিপিক।

দই-চকোলেট বার্ক

২ কাপ টক দই (জল ঝরানো), ১ চামচ মধু, সামান্য ভ্যানিলা এসেন্স এবং গলানো ডার্ক চকোলেট নিতে হবে। দইয়ের সঙ্গে মধু মিশিয়ে একটি ট্রে-র উপর সমান ভাবে ছড়িয়ে দিন। এ বার তার উপরে গলানো চকোলেট দিয়ে নকশা করে দিন। ৪-৫ ঘণ্টা ফ্রিজে রেখে জমিয়ে নিন এবং টুকরো করে ভেঙে পরিবেশন করুন।

চকো স্মুদি রোল

১টি পাকা কলা, ১ চামচ কোকো পাউডার, ১ কাপ দুধ (কাঠবাদামের দুধও নিতে পারেন) এবং কিছুটা চিয়া বীজ নিতে হবে। কলা, দুধ এবং কোকো পাউডার ব্লেন্ড করে একটি বাটিতে ঢালুন। উপরে চিয়া বীজ, কিছু ফলের টুকরো এবং বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

চকো গ্রিলড স্যান্ডউইচ।

চকো গ্রিলড স্যান্ডউইচ। ছবি: ফ্রিপিক।

চকো গ্রিলড স্যান্ডউইচ

প্যানে মাখন গলিয়ে পাউরুটির স্লাইস এক পিঠ সোনালি করে ভেজে নিন। চকোলেট গলিয়ে নিন। পাউরুটির যে পাশে মাখন লাগিয়েছেন, তার অন্য পিঠে চকোলেট লাগান। অন্য পাউরুটি দিয়ে চাপা দিন যাতে মাখন লাগানো পিঠ উপরের দিকে থাকে। কোনাকুনি কেটে নিন। চিনি গুঁড়ো করে দারচিনি গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিন। স্যান্ডউইচের উপর এই গুঁড়োর মিশ্রণ ছড়িয়ে দিন।

Advertisement
আরও পড়ুন