LPG Cylinder

রান্নার গ্যাস বাঁচাতে চান, সিলিন্ডার কতটা খালি বুঝবেন কী উপায়ে? সাশ্রয়ের সহজ পথ জানুন

সিলিন্ডারে কতটা গ্যাস বাকি? বুক করার আগে জেনে নিন। চটজলদি বোঝার কিছু পদ্ধতি রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৩:৪৬
Here are some simple tricks to know in advance how much gas is left in cylinder

গ্যাস কতটা শেষ হল, সিলিন্ডারে কতটা বাকি, বুঝবেন কী ভাবে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বাঙালির হেঁশেল রান্নার গ্যাসে টান পড়েছে। গ্যাসের খরচ কী ভাবে বাঁচানো যায়, বিকল্প সমস্ত রকম পন্থা নিয়ে এখন আলোচনা হচ্ছে। পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়া বাঙালিকেও ভাবতে হচ্ছে, গ্যাসের খরচ বাঁচাতে কী ভাবে এক পদ বা দু’পদ রেঁধে ফেলা যায়। গ্যাস সাশ্রয় করতে চাইছেন ঠিকই, তবে গ্যাস কতটা খরচ হচ্ছে রোজ, কতটা বাকি থাকছে সিলিন্ডারে, তা বুঝে নেওয়াও জরুরি। রান্নার গ্যাস নিয়ে এমন টানাপড়েনের বাজারে গ্যাসের খরচ কতটা হচ্ছে, তা বোঝার কিছু ঘরোয়া পদ্ধতি আছে।

Advertisement

ভিজে কাপড়ের পদ্ধতি

সবচেয়ে নির্ভুল ও সহজ পন্থা। একটি পরিষ্কার কাপড় ভাল করে ভিজিয়ে নিন। এ বার গ্যাস সিলিন্ডারের উপর থেকে নীচে অবধি ভাল করে মুছে নিন। খানিক অপেক্ষা করুন। দেখবেন সিলিন্ডারের কিছু অংশ তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে এবং বাকি অংশ ভিজে থাকছে। সিলিন্ডারে যতটা গ্যাস দিয়ে ভর্তি, সেই অংশের তাপমাত্রা কম থাকে। এলপিজি তরল অবস্থায় থাকে, তাই এর তাপমাত্রা বাইরের পরিবেশের চেয়ে কম থাকে। কাজেই ওই অংশটিই ভিজে ও স্যাঁতসেঁতে থাকবে। খালি অংশটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

আগুনের শিখার রং দেখে

বার্নারে আগুনের রং দেখেই বেশির ভাগ সময়ে আঁচ করা হয় যে গ্যাস শেষের মুখে। আগুনের রং যদি নীল হয়, তা হলে বুঝতে হবে গ্যাস ভর্তি রয়েছে। আর তা যদি কমলা বা হলদেটে হয়ে যায়, তা হলে বুঝতে হবে গ্যাস শেষের মুখে।

চক দিয়ে দাগ কাটুন

একটি চক নিন। সেটি দিয়ে সিলিন্ডারের গা বরাবর উপর থেকে নীচের দিকে দাগ কাটুন। কিছু ক্ষণ পরে খেয়াল করে দেখুন, সিলিন্ডারে যে অংশে চকের দাগ অক্ষত রয়েছে, সেই অংশটি খালি। বাকি যতটুকু অংশে চকের দাগ ভিজে গিয়ে উঠে যেতে শুরু করবে, ততটুকু অংশ গ্যাস দিয়ে ভর্তি।

গ্যাসের গন্ধ

গ্যাস যখন একদম শেষের দিকে চলে আসে, তখন আগুনের শিখার তেজ যেমন কমতে থাকে, তেমনই বার্নার জ্বালালে হালকা গ্যাসের গন্ধ পাওয়া যায়। কারণ সিলিন্ডারের নীচের দিকে থাকা এলপিজি অনেক বেশি ঘনীভূত অবস্থায় থাকে। এটিও গ্যাস ফুরিয়ে আসার ইঙ্গিত দেয়।

ওজন মেপে

বাড়িতে ওজন মাপার যন্ত্র থাকলে, সিলিন্ডারটি তার উপর বসিয়ে ওজন নিন। সিলিন্ডারের গায়ে দুটি ওজন লেখা থাকে, একটি গ্যাসের ওজন যা সাধারণত গৃহস্থের রান্নার গ্যাসের ক্ষেত্রে ১৪.২ কেজি হয় এবং খালি সিলিন্ডারের ওজন। খালি সিলিন্ডারের ওজন প্রায় ১৫.৫ কেজি। মোট ওজন থেকে খালি সিলিন্ডারের ওজন বাদ দিলেই বোঝা যাবে, ঠিক কতটা গ্যাস অবশিষ্ট আছে।

Advertisement
আরও পড়ুন