Bathroom Cleaning Tips

হোটেলের মতোই ঝকঝকে হবে স্নানঘরের কাচের দেওয়াল, তা-ও ৫ মিনিটে, শিখে নিন কৌশল

বাড়ির স্নানঘরে কাচের দেওয়াল থাকলে খুব সহজে দাগ ধরে যায় বা জলের ছিটে স্পষ্ট হয়ে থাকে, কিন্তু হোটেলে তা হয় না। কী ভাবে হোটেলে দৈনন্দিন ব্যবহারের পরেও কাচের দেওয়াল পরিষ্কার থাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মে ২০২৬ ২০:৩৩
Get Hotel-Like Sparkling Glass Shower Doors in Just 5 Minutes

স্নানঘরের কাচের দরজা থেকে দেওয়াল— নতুনের মতো ঝকঝকে করে তুলবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

বড় হোটেলে গেলে স্নানঘর, বিছানা সব কিছুই ফিটফাট থাকে। অনেকে বাড়িতে হোটেলের মতোই স্নানের অংশটি কাচের দেওয়াল দিয়ে ঘিরে দেন, রাখেন জাকুজ়ি। তবে তফাত একটাই, বাড়ির স্নানঘরে কাচের দেওয়াল থাকলে খুব সহজে দাগ ধরে যায় বা জলের ছিটে স্পষ্ট হয়ে থাকে, কিন্তু হোটেলে তা হয় না। বরং নামী হোটলের দেওয়াল সব সময়েই ঝকঝকে, শুকনো এবং পরিষ্কার থাকে।

Advertisement

অনেকেই বলতে পারেন, হোটেলে ঘর, স্নানঘর পরিষ্কারের পদ্ধতি আলাদা এবং সেখানে কাজ করেন পেশাদাররা। কিন্তু নিজের বাড়িঘর পরিষ্কারের জন্য যতটা সময় থাকে, হোটেলে ঘর বা স্নানঘর পরিষ্কারের জন্য ততটাও সময় থাকে না। হোটেলে একজন অতিথি চলে যাওয়ার পরেই দ্রুত সেই ঘর, স্নানঘর, কমোড নিখুঁত ভাবে পরিচ্ছন্ন করে ফেলতে হয়।

বাড়িতে যদি হোটেলের কায়দায় কাচের দেওয়াল পরিষ্কার করতে হয়, কী করবেন?

প্রথমেই গিজ়ার চালিয়ে জল গরম করে নিয়ে শাওয়ার বা কল খুলে দিন। স্নানঘর বাষ্পে ভরে উঠবে। এই অবস্থায় কল বা শাওয়ার বন্ধ করে দিন। কাচ বাষ্পে ভরে গেলে কাজ শুরু করতে হবে। কাচ পরিষ্কারের জন্য লাগবে মেলামাইন ফোম বা প্যাড। সাধারণ স্পঞ্জের চেয়ে এটি একটু আলাদা। বিশেষ ধরনের ফোম দিয়ে তৈরি প্যাডটি কিছুটা ‘স্যান্ডপেপার’-এর মতো কাজ করে। অর্থাৎ কাচে জল বসতে দেয় না। পরিষ্কার করে ভাল ভাবে। কাচ মুছতে হবে নীচ থেকে উপরের দিকে, আলতো চাপে। কাচ পরিষ্কারের আসল কাজটি করবে এই ধরনের প্যাড। সব ধরনের জিনিস এতে ততটা পরিষ্কার হয় না। কাচ, সেরামিকের টাইলস এটি ভাল ভাবে পরিষ্কার করে। কাচ পরিষ্কারের পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে মুছে নিতে হবে।

স্নানঘরের কাচে দাগ পড়ার কারণ হল খর জল। কোনও কোনও এলাকার জলে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো খনিজ লবণ বেশি থাকে। সেই জল বাষ্পীভূত হলে খনিজগুলি কাচের দেওয়ালে রয়ে যায়, অস্বচ্ছ করে তোলে দেওয়াল। ক্যালশিয়াম কার্বনেট কাচের ক্ষতি করে। তার ফলে ঝকঝকে রাখতে হলে নিয়ম করে কাচের দেওয়াল পরিষ্কার করা দরকার।

Advertisement
আরও পড়ুন