Bad Breath

দিনে কয়েক বার দাঁত মেজেও মুখের দুর্গন্ধ যাচ্ছে না? কয়েকটি খাবার খেলে সুফল পাবেন

দাঁত মেজেও মুখের গন্ধ যেতে চায় না অনেক সময়। সেক্ষেত্রে সুফল পেতে ভরসা রাখতে পারেন কয়েকটি খাবারের উপর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪ ২০:৩২
Image of Girl.

মুখের দুর্গন্ধ যেন ভাবমূর্তি নষ্ট না করে। ছবি: সংগৃহীত।

মুখের দুর্গন্ধ শুধু অস্বস্তির কারণ নয়, ভাবমূর্তিও নষ্ট করে দিতে পারে। সেটা একেবারেই কাম্য নয়। মুখে দুর্গন্ধ হয় মূলত ব্যাক্টেরিয়াজনিত কারণে। এই জন্য ভাল করে দাঁত মাজার কথা বলেন চিকিৎসকেরা। সঠিক নিয়মে দাঁত না মাজলে দুর্গন্ধ সহজে যাবে না। দিনে দুবার দাঁত মাজার অভ্যাস অনেকেরই। কিন্তু এমনও হয়েছে, দাঁত মেজেও গন্ধ যাচ্ছে না। সেক্ষেত্রে ব্যাক্টেরিয়া সংক্রমণের কারণে এমন হচ্ছে বলে ধরে নেওয়া যেতে পারে। তবে কারণ যাই হোক এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে কয়েকটি খাবার। সেগুলি নিয়মিত খেলে সুফল পাবেন।

Advertisement

টক দই

টক দইয়ে রয়েছে উপকারী ব্যাক্টেরি ল্যাক্টোব্যাসিলাস। এই ব্যাক্টেরিয়া মুখের ভিতরে থাকা ক্ষতিকর জীবাণুর সঙ্গে লড়াই করে। এবং এই লড়াইয়ে পরাজিত হয় ক্ষতিকর ব্যাক্টেরিয়া। দাঁতও ব্যাক্টেরিয়া সংক্রমণ থেকে সুরক্ষিত থাকে।

এলাচ

মুখের দুর্গন্ধ কমানোর আরও একটি রাস্তা হল এলাচ খাওয়া। কয়েকটি এলাচ মুখে রাখতে পারেন। চিবোলে অনেকটা গন্ধ কেটে যাবে। এ ছাড়া এলাচ গুঁড়ো করে গরমজলে মিশিয়ে খেতে পারেন। দুর্গন্ধ থাকবে না।

লবঙ্গ

সর্দি-কাশি হলে মুখে ২-৪টি লবঙ্গ রাখলে স্বস্তি পাওয়া যায়। তবে মুখের দুর্গন্ধ দূর করতেও ভরসা রাখতে পারেন লবঙ্গের উপর। খাবার খাওয়ার পর কয়েকটি লবঙ্গ চিবোতে পারেন। দুর্গন্ধ পালাবে।

জল

মুখের দুর্গন্ধ তা়ড়াতে জল খেতে হবে বেশি করে। শরীরে জলের পরিমাণ কমে গেলে যে সমস্যাগুলি দেখা দিতে শুরু করে, মুখের দুর্গন্ধ তার মধ্যে অন্যতম। শুধু দাঁত মাজলে কিংবা কুলকুচি করলে হবে না। জলও খেতে হবে বেশি করে।

Advertisement
আরও পড়ুন