Lady Finger or Bhindi Washing Tips

রান্নার আগেই নষ্ট হয়ে যায় ঢেঁড়স! পরিষ্কার করার কৌশলে ভুল থেকে যাচ্ছে না তো? শিখুন সঠিক পন্থা

ঢেঁড়স ভাল ভাবে না ধুলে বা না শুকোলে রান্নার সময়ে অতিরিক্ত পিচ্ছিল হয়ে যায়। আর সেই কড়কড়ে, মুচমুচে ভাব আনা যায় না। অথচ কয়েকটি সহজ নিয়ম মানলেই রান্নার সময়ে ঝরঝরে থাকবে ঢেঁড়স।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৫
ঢেঁড়স ধোয়ার সঠিক নিয়ম।

ঢেঁড়স ধোয়ার সঠিক নিয়ম। ছবি: সংগৃহীত।

ঢেঁড়স অনেকে পছন্দ করেন না। ফলে সুস্বাদু রান্না করেও সবাইকে খাওয়ানো যায় না। তার উপরে, রান্নার সময়েও কখনও সখনও অসুবিধা হয়। ঠিক ভাবে না ধুলে বা না শুকোলে অতিরিক্ত পিচ্ছিল ভাব অন্তরায় হয়ে দাঁড়ায়৷ ভিতর থেকে জেলের মতো মিউকাস বেরোতে থাকে। আর সেই কড়কড়ে, মুচমুচে ভাব আনা যায় না। অথচ কয়েকটি সহজ নিয়ম মানলেই রান্নার সময়ে ঝরঝরে থাকবে ঢেঁড়স।

Advertisement
ঢেঁড়স বাছাই থেকে রান্নার টোটকা।

ঢেঁড়স বাছাই থেকে রান্নার টোটকা। ছবি: সংগৃহীত

ধাপে ধাপে দেখে নিন কী ভাবে পরিষ্কার করবেন এই সব্জি

১. সব্জি বাছাইয়ে নিখুঁত হতে হবে

উজ্জ্বল সবুজ, মসৃণ আর পোক্ত ঢেঁড়স বেছে নিন বাজার থেকে। খুব বড় বা নরম হয়ে যাওয়া ঢেঁড়স এড়িয়ে চলুন। ছোট থেকে মাঝারি আকারের ঢেঁড়স সাধারণত বেশি দিন ভাল থাকে।

২. গোটা অবস্থাতেই ধুয়ে নিন

ঢেঁড়স কাটার আগে ধুতে হবে। কলের তলায় রেখে ধুয়ে নিন। কিন্তু জলে ভিজিয়ে রাখবেন না। এতে সব্জির ভিতরে অতিরিক্ত আর্দ্রতা প্রবেশ করে যেতে পারে। ফলে রান্নার সময়ে পিচ্ছিল ভাব বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তার পর একটি একটি করে ঢেঁড়স হাতে নিয়ে কলের জলে ধুয়ে নিতে হবে গোটা অবস্থাতেই।

৩. সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে

ধোয়ার পর পরিষ্কার কাপড় বা মোটা টিস্যুর উপর ছড়িয়ে রাখুন। কিছু ক্ষণ বাতাসে শুকোতে দিন। ঢেঁড়স একেবারে শুকিয়ে না গেলে কাটবেন না। ভেজা ঢেঁড়স কাটলেই মিউকাস বেশি বেরোয়।

৪. শুকনো ছুরি ও বোর্ড ব্যবহার করুন

যে ছুরি দিয়ে কাটবেন এবং যে বোর্ডে রেখে কাটবেন, দু’টিই যেন শুকনো থাকে। সামান্য জল থাকলেও অসুবিধা হতে পারে।

৫. রান্না অনুযায়ী কাটাকুটি

ঢেঁড়স ভাজলে গোল করে কাটা যায়। আবার বিশেষ রান্নার জন্য লম্বালম্বি করে চিরেও নেওয়া হয়। তবে কাটার সময়ে সব টুকরো যেন সমান সমান হয়।

রান্নার সময়ে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে

• প্রথম দিকে কড়াই ঢাকা দেবেন না। ঢেকে দিলে ভাপ জমে ঢেঁড়স নরম ও পিচ্ছিল হয়ে যায়।

• মাঝারি বা একটু বেশি আঁচে রান্না করুন, যাতে অতিরিক্ত জল বেরিয়ে না আসে।

• অম্লজাতীয় উপাদান যেমন টম্যাটো বা লেবুর রস দিতে হলে ঢেঁড়স খানিক সেদ্ধ হয়ে গেলে তার পর দিতে হবে।

• একসঙ্গে খুব বেশি ঢেঁড়স কড়াইয়ে ঢেলে দেবেন না। তেলে ভাজা হওয়ার জন্য যেন সেগুলি ন্যূনতম জায়গা পায়।

Advertisement
আরও পড়ুন