Chicken Dish

গরমে ঝাল, ঝোল কিছুই যেন মুখে রোচে না, ভাতের পাতে থাক ঝাল ঝাল মুরগির মাংসের ঝুরো

তরি-তরকারি কিছুই যদি ভাল না লাগে, বানিয়ে ফেলুন মুরগির মাংসের ঝুরো। এক থালা ভাত খাওয়া হয়ে যাবে একটি পদেই।

Advertisement
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১০:০৯

ছবি: সংগৃহীত।

গরমের দিনে পাখার নীচে স্বস্তি নেই। এমন পরিস্থিতিতে হেঁশেল ঠেলা যে কতটা কঠিন, যাঁদের রোজ রান্না করতে হয় তাঁরা জানেন। তার উপর একটু মশলাদার খাবার খাওয়া মানেই প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা। কিন্তু তাপমাত্রা যতই বাড়ুক রান্না-খাওয়ায় তো ছেদ পড়তে পারে না। তরি-তরকারি কিছুই যদি ভাল না লাগে, বানিয়ে ফেলুন মুরগির মাংসের ঝুরো। ওপার বাংলায় এই রান্নাটি বিশেষ জনপ্রিয়।

Advertisement

উপকরণ:

৫০০ গ্রাম মুরগির মাংস (বড় টুকরো)

২টি পেঁয়াজ

১টি মাঝারি টম্যাটো

১ টেবিল চামচ আদা

১ টেবিল চামচ রসুন

১ চা চামচ হলুদ

১ চা চামচ ধনেগুঁড়ো

১ চা চামচ জিরেগুঁড়ো

২ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো

৪-৫টি চেরা কাঁচালঙ্কা

১ টেবিল চামচ গরম মশলা

স্বাদমতো নুন

রান্নার জন্য সর্ষের তেল

প্রণালী: রান্নাটির জন্য মুরগির পায়ের মাংস নিন। হাড় ছাড়া মাংস নেওয়া যেতে পারে। তবে সেগুলি খানিকটা ছিব়ড়ে হয়। নুন জলে মাংস সেদ্ধ করে পাতলা করে ছাড়িয়ে নিন।

কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পাতলা করে কাটা পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিন। যোগ করুন আদা-রসুন বাটা। স্বাদমতো নুন। মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিন টুকরো করে কাটা টম্যাটো। হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে-জিরে গুঁড়ো দিন এই সময়েই। আঁচ কমিয়ে মশলা কষতে থাকুন। মশলা যাতে লেগে না যায় অল্প গরম জলও দিন। চেরা কাঁচালঙ্কাগুলিও ফেলে দিন। এবার সেদ্ধ ছাড়িয়ে নেওয়া মাংস মশলার সঙ্গে কষিয়ে নিন। কিছু ক্ষণ ঢাকা দিয়ে আঁচ কমিয়ে কষতে দিন। সব শেষে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিতে হবে। মাংসের ঝুরো কিন্তু কাই কাই নয়, হবে ছাড়া ছাড়া। গরম ভাতে এই খাবারটি দারুণ লাগবে।

Advertisement
আরও পড়ুন