রাজমা না ভিজিয়েও চটজলদি সেদ্ধ করবেন কী করে? ছবি: সংগৃহীত।
‘রাজমা-চাওল’ উত্তর ভারতের জনপ্রিয় খাবার হলেও, তা বহু দিন ঢুকে পড়েছে বাঙালির হেঁশেলে। ভাত আর রাজমা খাওয়ার চল সে ভাবে তৈরি না হলেও, উপকারিতার কথা মাথায় রেখে অনেকেই রুটি অথবা পরোটা দিয়ে রাজমা খান। তবে রাজমা রান্নার আগে তা ভিজিয়ে রাখা ভীষণ জরুরি। ঠিকমতো সেদ্ধ না হলে রাজমা হজম হতে চায় না। তাই রান্না করার অন্তত ১০-১২ ঘণ্টা আগে রাজমা ভিজিয়ে রাখলে হজমের সমস্যাও দূর হয়, আর পদটি রান্না করতেও কম সময় লাগে। তবে অনেক সময়েই রাজমা, কাবলি ছোলা বা কালো ছোলা রান্নার আগের দিন তা ভিজিয়ে রাখতে ভুলে যান অনেকেই। চটজলদি রাজমা, ছোলা সেদ্ধ করার কৌশল জানা থাকলে হতে পারে মুশকিল আসান।
১) রাজমাগুলি ভাল করে ধুয়ে একটি বড় পাত্রে প্রচুর জল দিয়ে গ্যাসের উপর বসান। ৫ মিনিট ধরে ভাল করে ফোটান, তার পর আঁচ বন্ধ করে পাত্রটি ঢেকে দিন এবং রাজমাগুলি প্রায় এক ঘণ্টা এভাবেই রেখে দিন। এর পর জল ঝরিয়ে ও ধুয়ে নিয়ে সাধারণ নিয়মে রান্না করুন।
২) এ ক্ষেত্রে রান্নার শুরুতে কখনওই নুন দেওয়া উচিত নয়। আগেই নুন দিয়ে দিলে রাজমা, ছোলা, কাবলি ছোলার মতো ডালগুলি সেদ্ধ হতে চায় না। যখন দেখবেন রাজমা একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে তখনই নুন দিন।
৩) চটজলদি রাজমা সেদ্ধ করার জন্য সেদ্ধ করার সময়ে ১ চিমটে বেকিং সোডা মিশিয়ে নিতে পারেন। এই কৌশলে সময়ের আগেই রাজমা সেদ্ধ হয়ে যায়। তবে বেকিং সোডার পরিমাণের উপর নজর রাখতে হবে। একটু বেশি হয়ে গেলেই রান্নার স্বাদ বিগড়ে যেতে পারে।