Taylor Swifts Wedding Menu

গলদা চিংড়ি থেকে ডোনাট, আর কী ছিল পপ তারকা টেলর সুইফ্‌টের বিয়ের মেনুতে?

পপ তারকা টেলর সুইফ্‌ট এবং আমেরিকান ফুটবলার ট্রাভিস কেলসির বিয়ের মেনু যে এলাহি হবে, এ আর নতুন কথা কী! খাবার তালিকা কতটা দীর্ঘ ছিল ? আমিষ না নিরামিষ, কী কী ছিল তাতে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৮:৫২
পপ তারকা টেলর সুইফ্‌ট এবং ফুটবলার ট্রাভিস কেলসির বিয়ের  মেনুতে কী কী ছিল?

পপ তারকা টেলর সুইফ্‌ট এবং ফুটবলার ট্রাভিস কেলসির বিয়ের মেনুতে কী কী ছিল? ছবি:সংগৃহীত।

বিয়ে তো যার তার নয়! একজন বিশ্বখ্যাত পপ তারকা, অন্য জন খ্যাতনামী আমেরিকান ফুটবল খেলোয়াড়। পপ তারকা টেলর সুইফ্‌ট এবং ফুটবলার ট্রাভিস কেলসির বিয়ের মেনু যে এলাহি হবে, এ আর নতুন কথা কী!

Advertisement

শুক্রবার রাতে নিউ ইয়র্কের ঐতিহাসিক ‘ম্যাডিসন স্কোয়ার গার্ডেন’-এ বসে বিয়ের আসর। রাজসিক বিয়ের সবটাই ছিল গোপনে। অত্যুৎসাহীদের ভিড় থাকলেও, ভিতরে যাওয়ার ছাড়পত্র ছিল শুধু বিশেষ অতিথিদের। তাঁদের ফোন নিয়ে আসারও অনুমতি ছিলে না। ফলে, বিয়ের আসর, ভোজ, তারকার সাজ— কোনওটাই সে ভাবে প্রকাশ্যে আসেনি। তবে বিয়ের বাসরে প্রবেশাধিকার না থাকলেও, কারা যাচ্ছেন, কোন খাবারের গাড়ি ঢুকছে, নজর ছিল সেই দিকেই। আর তা থেকে অনুমান করা গিয়েছে, তারকার বিয়ের ভূরিভোজে কী কী থাকতে পারে।

মেনুতে ছিল লবস্টার থেকে সামুদ্রিক নানা রকম খাবার।

মেনুতে ছিল লবস্টার থেকে সামুদ্রিক নানা রকম খাবার। ছবি:সংগৃহীত।

নিউ ইয়র্কের একটি সংবাদমাধ্যমে প্রকাশ, বিয়ের অনুষ্ঠান স্থলের অদূরেই কর্মীদের গলদা চিংড়ি বার করতে দেখা গিয়েছে। তা থেকেই ধরে নেওয়া হচ্ছে, তারকা বিয়ের মেনুতে ছিল গলদা চিংড়ি থেকে রাজকীয় সব সামুদ্রিক খাবারের পদ। সূত্রের খবর, রকমারি মাংসের পদও জায়গা পেয়েছে ভোজে। তার মধ্যে একটি ছিল ব্ল্যাকেন্‌ড চিকেন। পেপরিকা-সহ বিশেষ মশলা মাখিয়ে, মাখনে সেঁকে এটি রান্না হয়। তাপে এর বাইরের অংশ পুড়ে কালচে হয়ে যায়। বাইরে অংশ কিছুটা মুচমুচে, ভিতরটি নরম হয়।

ব্ল্যাকেন্‌ড চিকেন ছিল মেনুতে।

ব্ল্যাকেন্‌ড চিকেন ছিল মেনুতে।

এ ছাড়াও মুরগির পায়ের অংশ, বুকের অংশ দিয়ে তৈরি আলাদা নানা ধরনের রান্না ছিল। সঙ্গে লেটুস থেকে রকমারি স্যালাড এবং রকমারি নিরামিষ রান্নাও ছিল বলেই জানা গিয়েছে।

ফ্রেঞ্চ ফ্রাই  ডোনাটও ছিল বিয়ের মেনুতে।

ফ্রেঞ্চ ফ্রাই ডোনাটও ছিল বিয়ের মেনুতে। ছবি:সংগৃহীত।

খবর, রাজকীয় খাবারের পাশাপাশি ছিল লোভনীয় ফ্রেঞ্চ ফ্রাই, সঙ্গে পেঁয়াজ। একটি নামী ডোনাট প্রস্তুতকারক সংস্থার গাড়িও দেখা গিয়েছে সেখানে। ফলে ডোনাট থেকে ফ্রেঞ্চ ফ্রাই, রকমারি স্ন্যাক্সের আয়োজনে খামতি ছিল না।

ডিম থেকে দুধ, ক্রিম রকমারি জিনিসপত্র বিয়ের অনুষ্ঠানে সরবরাহ হয়েছে। অনুমান করা হচ্ছে, মেনুর বাহার ছিল বিপুল। নির্দিষ্ট কোনও পদের নাম না জানা গেলেও, আয়োজন যে যথেষ্ট ছিল, তা অনুমেয়।

বিয়ের অনুষ্ঠান শুরুর দিকে ১০০ অতিথিকে দেখা গেলেও, ধীরে ধীরে সেই সংখ্যা হাজারে পৌঁছোয়। কৃত্রিম গাছ, আলো দিয়ে বিয়ের জন্য বিশেষ সজ্জারও ব্যবস্থা করা হয়েছিল।

Advertisement
আরও পড়ুন