মাইক্রোঅভেনে দ্রুত বানাতে পারেন কোন কোন খাবার? ছবি: ফ্রিপিক।
আমেরিকা-ইজরায়েল বনাম ইরানের যুদ্ধের জেরে রান্নার গ্যাসের দাম বেড়েছে। গ্যাসের বুকিং করলে কবে পাওয়া যাবে তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বিকল্প উপায়েরই খোঁজ চলছে। গ্যাসের বদলে মাইক্রোওয়েভ অভেন বা ইনডাকশন অভেনকে বিকল্প হিসেবে বেছে নেওয়ার কথা অনেকেই ভাবছেন। মাইক্রোঅয়েভ অভেনে শুধু খাবার গরম করা যায়, তা তো নয়। রাঁধাও যায়। যদি রোজের গ্যাসের খরচ কিছুটা কমাতে চান, তা হলে মাইক্রোঅয়েভে কিছু সুস্বাদু পদ বানিয়ে নেওয়া যেতেই পারে।
মাইক্রোঅয়েভে কী কী রাঁধতে পারেন?
মিষ্টি পোলাও
৪০০ গ্রামের মতো দেরাদুন রাইস ভিজিয়ে রাখতে হবে। এর সঙ্গে লাগবে তিন কাপের মতো কড়াইশুঁটি, ২টি ছোট এলাচ, ২টি লবঙ্গ, আধ ইঞ্চি দারচিনি, ২ চামচ চিনি, ২ চামচ ঘি ও এক চামচ সাদা তেল। মাইক্রোপ্রুফ পাত্রে তেল ও ঘি দিয়ে তা ২ মিনিটের জন্য গরম করে নিন। তার পর গোটা গরম মশলা দিয়ে আরও এক মিনিট গরম করুন। এ বার পাত্রটি বার করে তাতে ভিজিয়ে রাখা জল ঝরানো চাল, নুন, চিনি ও জল দিয়ে পাত্রটি ঢাকা দিয়ে ১০০ শতাংশ পাওয়ারে মিনিট দশেক রান্না করুন। এ বার ঢাকা খুলে মটরশুঁটি মিশিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করুন। হয়ে গেলে ঢাকা সমেত স্ট্যান্ডিং টাইমে রেখে দিন আরও ১০ মিনিট। তার পর পরিবেশন করুন।
মাছ ভাপা
মাইক্রোওয়েভ অভেনে খুব সময়ে মাছের সর্ষে ভাপা করা যেতে পারে। ভেটকি মাছ বা কাতলা মাছের টুকরো সর্ষে বাটা, কাঁচালঙ্কা, টক দই, নুন, হলুদ ও অল্প সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিন। এ বার পাত্রে ম্যারিনেট করে রাখা মাছ রেখে, তার উপরে আরও কিছুটা সর্ষের তেল ও কাঁচালঙ্কা চিরে দিন। পাত্রটি ঢেকে ৬ থেকে ৮ মিনিট মাইক্রো করুন।
পনির টিক্কা
পনির ছোট ছোট টুকরো করে কেটে তার সঙ্গে দই, তন্দুরি মশলা, আদা-রসুন বাটা মাখিয়ে নিন। মিনিট পনেরো ম্যারিনেট করুন। এ বার মাইক্রোঅভেনের উপযোগী পাত্রে ম্যারিনেট করা পনির, বড় করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে ৫-৬ মিনিট গ্রিল করে নিন। মাঝে এক বার উল্টে দিতে হবে।
ডিমের পোচ
মাইক্রোঅয়েভ-এর উপযোগী পাত্র নিন। তাতে কিছুটা জল দিয়ে স্বাদমতো নুন দিন। গুলে নিন জলে। এর পর ডিম ফাটিয়ে জলে দিন। কুসুম যেন ঘেঁটে না যায়। মাইক্রোঅয়েভ অভেনে ৩০-৪০ সেকেন্ড ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিমের জল-পোচ। চামচ দিয়ে ডিম তুলে জলটি ছেঁকে নিয়ে গোলমরিচ ছড়িয়ে দিন।