Children in Summer

বিকেল পর্যন্ত অসহ্য গরম, শিশুরা খেলতে যেতে পারছে না? ঘরে কী ভাবে ব্যস্ত রাখবেন তাদের

বাইরে যে অসহনীয় গরম, তাতে ঘরেই বন্দি থাকতে হচ্ছে ছোটদের। কিন্তু এই সময়ে অনেক শিশু, কিশোর-কিশোরী মোবাইল ও ল্যাপটপে সময় ব্যয় করছে। তার বদলে এই সময়টাকে এমন ভাবে সাজিয়ে নিতে পারেন, যাতে ছোটরা ঘরের ভিতরেও খেলাধুলোয় মেতে থাকতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৪:৫০
গরমের সময়ে ঘরের ভিতরই ‘খেলার মাঠ’ পাক ছোটরা।

গরমের সময়ে ঘরের ভিতরই ‘খেলার মাঠ’ পাক ছোটরা। ছবি: সংগৃহীত।

চলছে গরমের ছুটি। স্কুলের রুটিনের বিরতিতে সারা দিন ঘুরে বেড়াতে, খেলতে যেতে চায় ছোটরা। কিন্তু বাইরে যে অসহনীয় গরম, তাতে ঘরেই বন্দি থাকতে হচ্ছে তাদের। বিকেলেও চরম অস্বস্তিতে ভুগছে শিশুরা। অনেক অভিভাবকও সন্তানদের বাইরে খেলতে দিতে চাইছেন না। ফলে বাইরে খেলতে যাওয়ার সুযোগ কমে গিয়েছে। কিন্তু এই সময়ে অনেক শিশু, কিশোর-কিশোরী মোবাইল ও ল্যাপটপে সময় ব্যয় করছে। দীর্ঘ সময় পর্দার দিকে তাকিয়ে থাকার প্রবণতা ছোটদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য আদর্শ নয়। কিন্তু এই সময়টাকে এমন ভাবে সাজিয়ে নিতে পারেন, যাতে ছোটরা ঘরের ভিতরেও খেলাধুলোয় মেতে থাকতে পারে। এই অভ্যাস এক দিকে যেমন আনন্দ দেয়, অন্য দিকে শিশুদের সৃজনশীলতা, মনোযোগ ও কল্পনাশক্তিও বাড়ায়।

Advertisement
শিশুকে নানা ভাবে খেলাধুলোয় ব্যস্ত রাখুন।

শিশুকে নানা ভাবে খেলাধুলোয় ব্যস্ত রাখুন। ছবি: সংগৃহীত

কী কী ভাবে বাড়ির ছোটদের ব্যস্ত রাখবেন?

১. গল্প বলার আসর

শিশুরা নিজে নিজে গল্প বানিয়ে বলবে অন্যদের। অথবা কয়েক জন শিশুকে নিয়ে গল্পের আসরের বন্দোবস্তও করা যায়। এক জন একটি বাক্য বলবে, পরের জন তার সঙ্গে নতুন বাক্য যোগ করবে। এ ভাবে গল্প এগিয়ে যাবে। এতে ভাষাজ্ঞান, কল্পনাশক্তি এবং আত্মপ্রকাশের দক্ষতা বাড়তে পারে।

২. বিজ্ঞান নিয়ে পরীক্ষা

জলে ডিম ভাসানো থেকে শুরু করে বেকিং সোডা-ভিনিগারের প্রতিক্রিয়া, জলভরা ব্যাগের ভিতর দিয়ে ধারালো পেন্সিল এফোঁড়-ওফোঁড় করানো— এই ধরনের নানা বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা করানো যায় শিশুদের নিয়ে। অবশ্যই ঘরের নিরাপদ জিনিস নিয়ে পরীক্ষা করাতে হবে।

৩. বই পড়ার অভ্যাস

গরমের ছুটি বইয়ের সঙ্গে বন্ধুত্ব করার উপযুক্ত সময়। বয়স অনুযায়ী বই শিশুদের হাতে তুলে দেওয়া যেতে পারে। চাইলে পরিবারের সবাই মিলে পড়তে পারেন। তা হলে বাড়িতে সুন্দর এক পরিবেশ তৈরি হবে।

৪. স্ক্র্যাব্‌ল খেলা

শব্দ নিয়ে খেলার অভ্যাস ধরে গেলে এর থেকে মজাদার আর কীই বা হতে পারে! অক্ষর দেওয়া ব্লক দিয়ে নানা ধরনের শব্দ বানানোর প্রতিযোগিতার বন্দোবস্ত করতে পারেন। তাতে শব্দভান্ডার ঋদ্ধ হবে শিশুদের, পাশাপাশি আনন্দও পাবে।

৫. গুপ্তধন খোঁজা

বাড়ির বিভিন্ন জায়গায় ছোটখাটো জিনিস লুকিয়ে রেখে সেগুলি খুঁজে পাওয়ার সূত্র দেওয়া থাকবে। সেই সূত্র ধরে শিশুদের জিনিস খুঁজে বার করতে হবে। এতে সমস্যা সমাধানের ক্ষমতা এবং পর্যবেক্ষণ করার ক্ষমতা বাড়ে। বাড়িতে প্রতিবেশী শিশুদের ডেকে এনে এমন খেলাধুলোর ব্যবস্থা করা যেতে পারে।

Advertisement
আরও পড়ুন