খাবারে গন্ধ থাক, এলাচ নয়।
নামী রেস্তরাঁয় বিরিয়ানি খেতে গিয়ে খানিক বিরক্ত হয়েছিল অভ্র। বিরিয়ানির স্বাদের জন্য নয়, বরং মুখে গোটা মশলা পড়ার জন্য।
শুধু বিরিয়ানি নয়, পায়েস থেকে পোলাও, বাঙালির মিষ্টি ফ্রায়েড রাইস থেকে দৈনন্দিন অনেক খাবারেই এলাচের ব্যবহার হয়। গরমমশলাটি খাবারে সুন্দর গন্ধ যোগ করে ঠিকই। কিন্তু এই এলাচই বিড়ম্বনার কারণ হতে পারে, খাওয়ার সময়ে মুখে পড়লে। অনেকেই তাতে বিরক্ত বোধ করেন।
এরই একটি সহজ সমাধান সামনে এসেছে সমাজমাধ্যমের দৌলতে। এলাচ যাতে মুখে না পড়ে সেই জন্য বহু দিন ধরে একটি ঘরোয়া কৌশল ছিলই। সাদা পরিষ্কার সুতির কাপড়ে এলাচ এবং অন্য গরমমশলা ভরে গাঁট পাকিয়ে দেওয়া। চালে সুগন্ধ আনার জন্য সেটি জলে ফেলে দেওয়া হয়। রান্না শেষে বা জল ফুটে গেলে তা তুলে নেওয়া হয়।
টুথপিকে গেঁথে দিন এলাচগুলি। তার পরে জলে ফোটান বা রান্নায় ব্যবহার করুন।
রয়েছে অন্য কৌশলও। একটি টুথপিকে ৩-৪টি এলাচ গেঁথে নিয়ে সেটি রান্নার সময়ে ব্যবহার করতে পারেন। এতে যেমন এলাচ ছড়িয়ে যাবে না, তেমনই রান্নার শেষে তা তুলে ফেলে দেওয়া সহজ হবে।
আরও একটি কৌশলও কাজে লাগানো যায়। পাতা দিয়ে চা বানানোর জন্য চেন লাগানো ছোট্ট ছাঁকনি থাকে, যার মুখটি আটকানো যায়। এর মধ্যে চা পাতা ভরে ফুটন্ত জলে ফেলে দিলে বা ডোবালে চায়ের সুবাস এবং স্বাদ জলে মেশে। এই ধরনের ছাঁকনির মধ্যেও গোটা গরমমশলা ভরে পোলাও বা বিরিয়ানির চাল ফোটানোর সময়ে জলে ডুবিয়ে রাখতে পারেন। এতেও এলাচের সুবাস এবং নির্যাস জলে মিশবে। অথচ এলাচ সেই চালের মধ্যে থাকবে না।