Simi Chandoke on MounI Roy

সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী, বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রীকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য

মৌনী কিংবা তাঁর স্বামী বিবাহবিচ্ছেদের কারণ নিয়ে কোনও মন্তব্য করেননি। এর মাঝেই মৌনীকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে বসেন এক সাংবাদিক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ২১:০৪
Simi Chandoke claims MounI Roy is always drunk never seen her sober

মৌনীকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য সিমির। ছবি: সংগৃহীত।

মৌনী রায় সদ্য তাঁর স্বামী সূরজ নাম্বিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন। যদিও মৌনী কিংবা তাঁর স্বামী বিবাহবিচ্ছেদের কারণ নিয়ে কোনও মন্তব্য করেননি। এর মাঝেই মৌনীকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে বসেন সাংবাদিক তথা নেটপ্রভাবী সিমি চন্দোক। তিনি দাবি করেন, বলিপাড়ার তারকাদের সব গতিবিধির খবর রাখেন তিনি। সম্প্রতি অভিনেতা বীর দাসের ঠোঁটে কঙ্গনা রনৌতের আলোচিত ‘কামড়’ বসানো নিয়েও মন্তব্য করেন। এ বার সিমির নিশানায় মৌনী। তিনি বলেন, ‘‘মৌনী নাকি সারাক্ষণ মদের নেশায় আচ্ছন্ন থাকেন।’’

Advertisement

বলিউডের বেশ কিছু তারকা কিংবা তাঁদের সন্তানদের পানশালার বাইরে থেকে টলমল অবস্থায় বেরাতে দেখে গিয়েছে। তাঁদের মধ্যে মৌনী অন্যতম। এক বার নয়, একাধিক বার তাঁকে খানিক টলমল অবস্থায় দেখা গিয়েছে। ২০২৫ সালের বছর শুরুর দিকের একটি ভিডিয়োয় মৌনীকে তাঁর স্বামী সূরজ ও বান্ধবী দিশা পটানীর সঙ্গে পানশালা থেকে বেরোতে গিয়ে রাস্তায় পড়ে যেতে দেখা যায়। কোনওমতে তাঁর স্বামী তাঁকে তুলে নিয়ে গাড়িতে বসান। মৌনীর এই ভিডিয়ো নিমেষে ভাইরাল হয়ে যায় এবং এর কারণে বেশ সমালোচিত হন নায়িকা। সেই সময় অনেকেই প্রশ্ন তোলেন ‘তিনি কি মদ্যপ’? যদিও এই প্রসঙ্গে কখনও কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। এ বার সিমি বলেন, ‘‘আমি আজ পর্যন্ত মৌনীর এমন কোনও ভিডিয়ো দেখিনি, যেখানে ওকে স্বাভাবিক বলে মনে হয়েছে। উনি সবসময়েই নেশার ঘোরে থাকেন!’’

তবে শুধু এই ঘটনা নয়। মৌনীর ব্যক্তিগত জীবন বার বার আলোচিত হয়েছে সমাজমাধ্যমে। অনেকের মতে মৌনী ও অভিনেত্রী দিশার সম্পর্ক নাকি বন্ধুত্বের থেকেও গভীর। সেটাই নাকি অভিনেত্রীর বিবাহিত জীবনে প্রভাব ফেলেছে। যদিও মাঝে দিশার সঙ্গে পঞ্জাবি গায়ক তলবিন্দরের প্রেমের গুঞ্জন শোনা যায়। তার পরেও দিশাকে কটাক্ষ করতে ছাড়েননি নেটাগরিকেরা। এর পরে ময়দানে নামেন মৌনীর স্বামী। তিনি সাফ বলে দেন, ‘‘আমাদের সম্পর্ক ভাঙার পরে এখন কিছু বন্ধুদের নাম টানা হচ্ছে। কিন্তু, তাঁদের সঙ্গে আমাদের বিচ্ছেদের কোনও সম্পর্ক নেই।’’ শুধু দিশার সঙ্গে সম্পর্কের গুঞ্জনই নয়, দুবাইয়ের ব্যবসায়ী সূরজের কাছ থেকে নাকি মোটা টাকা খোরপোশও চেয়েছেন অভিনেত্রী, এমনও শোনা যায়। যদিও সে সব অভিযোগ নস্যাৎ করে দেন মৌনীর প্রাক্তন স্বামী।

Advertisement
আরও পড়ুন