Wimbledon 2026

চোটে উইম্বলডন শেষ সেরিনার! শনিবার জোড়া অঘটন মেয়েদের সিঙ্গলসে, হার শিয়নটেক, রিবাকিনার

দিদির সঙ্গে উইম্বলডনের ডাবলসে নামার আগে প্রতিযোগিতা থেকে নাম তুলে নিলেন সেরিনা উইলিয়ামস। চোটের কারণে আর খেলতে পারলেন না তিনি। মন খারাপ সেরিনা ভক্তদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ২১:৪৪
sports

সেরিনা উইলিয়ামস। ছবি: রয়টার্স।

মন ভাঙল সেরিনা উইলিয়ামসের ভক্তদের। হাঁটুর চোটের কারণে উইম্বলডন থেকে নাম তুলে নিলেন তিনি। ফলে দিদি ভিনাস উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে ডাবলসে আর নামা হল না সেরিনার। শনিবার উইম্বলডনে ঘটল জোড়া অঘটন। বিদায় নিলেন মহিলাদের সিঙ্গলসরে দ্বিতীয় বাছাই এলেনা রিবাকিনা ও তৃতীয় বাছাই ইগা শিয়নটেক।

Advertisement

১০ বছর আগে শেষ বার উইম্বলডনে ডাবলস চ্যাম্পিয়ন হয়েছিলেন ইউলিয়ামস বোনেরা। সেটি ছিল তাঁদের ষষ্ঠ উইম্বলডন ও সব মিলিয়ে ১৪তম ডাবলস গ্র্যান্ড স্ল্যাম ট্রফি। তার পর আর দু’জনকে ডাবলসে দেখা যায়নি। ১০ বছর পর সেই স্বপ্নপূরণের সুযোগ ছিল। কিন্তু তা হল না।

গত এক সপ্তাহ ধরে এই ম্যাচ নিয়ে পারদ চড়ছিল উইম্বলডনে। ৪৪ বছরের তারকা কী ভাবে ভিনাসের সঙ্গে খেলেন সেই আলোচনা চলছিল। কিন্তু সিঙ্গলসের প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ার মায়া জয়েন্টের বিরুদ্ধে তিন সেটের লড়াইয়ে হারের সময় হাঁটু ঘুরে যায় সেরিনার। সেই চোটই তাঁকে বার করে দিল উইম্বলডন থেকে।

ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিয়ো দিয়েছেন সেরিনা। সেখানে দেখা যাচ্ছে, ভাল করে হাঁটতেও পারছেন না তিনি। অনেক চেষ্টা করেও সময়ের মধ্যে সুস্থ হতে পারেননি মহিলাদের সিঙ্গলসে ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালকিন।

ইনস্টাগ্রামে সেরিনা লেখেন, “খুব দুঃখের সঙ্গে উইম্বলডন থেকে নাম তুলে নিতে হচ্ছে। এই প্রতিযোগিতায় ফিরতে পেরে ভিনাসের সঙ্গে আবার খেলতে নামা আমার কাছে সবচেয়ে বড় উপহার ছিল। আমি সব রকম চেষ্টা করেছি। কিন্তু হাঁটু জবাব দিল।” তাঁর দল যে ভাবে তাঁকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করেছে, তার জন্য দলের সকলকে ধন্যবাদ দিয়েছেন সেরিনা। তিনি বলেন, “সিরিঞ্জে করে হাঁটু থেকে তরল বার করা হয়েছে। হাঁটুর ফোলা ভাব কমেছে। এটা ভাল খবর। কিন্তু খারাপ খবরও আছে। এখন কোর্টে নামার মতো পরিস্থিতি নেই।” উইম্বলডন থেকে নাম তুলে নিলেও যে তিনি আবার ফিরবেন, সেই বার্তাও দিয়েছেন সেরিনা।

উইম্বলডনে জোড়া অঘটন

একই দিনে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় ও তৃতীয় বাছাই বাদ পড়লেন। তৃতীয় রাউন্ডের ম্যাচে মহিলাদের ২৫ নম্বর জার্মানির এলিস মের্তেনসের কাছে স্ট্রেট সেটে (৬-৭, ১-৬) হারলেন কাজাখস্তানের রিবাকিনা। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। টাইব্রেকারে হয় ফয়সালা। দ্বিতীয় সেটে অবশ্য জার্মান খেলোয়াড়ের সামনে দাঁড়াতে পারেননি দ্বিতীয় বাছাই রিবাকিনা।

গোটা ম্যাচে রিবাকিনাকে ভুগিয়েছে তাঁর প্রথম সার্ভিস। প্রথম সার্ভিস থেকে মাত্র ৪২ শতাংশ পয়েন্ট তুলতে পেরেছেন তিনি। সেখানে মের্তেনস প্রথম সার্ভিস থেকে ৬৪ শতাংশ পয়েন্ট তুলেছেন। দ্বিতীয় সার্ভিসেও এগিয়ে মের্তেনস। মোট ৩১টি আনফার্সড এরর করেছেন রিবাকিনা। তাঁর সার্ভিস চার বার ভেঙেছেন মের্তেনস। দ্বিতীয় সেটে রিবাকিনার খেলা দেখা বোঝা যাচ্ছিল, দিন তাঁর নয়। সেটাই হল।

মহিলাদের তৃতীয় বাছাই শিয়নটেক আরও একটি গ্র্যান্ড স্ল্যামে হতাশ করলেন। ২৯ নম্বর ফিলিপিনসের আলেকজ়ান্দ্রা এয়ালার কাছে স্ট্রেট সেটে (৬-৭, ২-৬) হারলেন পোল্যান্ডের তারকা। রিবাকিনার মতোই প্রথম সেটে টাইব্রেকারে হারেন শিয়নটেক। দ্বিতীয় সেটে দাঁড়াতে পারেননি তিনি। গোটা ম্যাচে পাঁচটি ডাবল ফল্ট করেন শিয়নটেক। মোট ৪৪টি আনফোর্সড এরর করেন তিনি। অর্থাৎ, প্রতিপক্ষের কাছে নয়, নিজের দোষেই বিদায় নিতে হল শিয়নটেককে। রিবাকিনা ও শিয়নটেকের হারে সুবিধা হল শীর্ষবাছাই এরিনা সাবালেঙ্কার। তাঁর দুই প্রতিদ্বন্দ্বী কমল।

Advertisement
আরও পড়ুন