FIFA World Cup 2026

ভোজ়িনহায় মজে মেসি! আর্জেন্টিনার জয়ের পর কাবো ভার্দের গোলকিপারকে প্রশংসায় ভরালেন লিয়ো

কাবো ভার্দেকে হারিয়ে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচের পর কাবো ভার্দের গোলকিপার ভোজ়িনহার প্রশংসায় পঞ্চমুখ মেসি। দু’জনের মধ্যে কী কথা হয়েছে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৮:২৫
football

মেসির সঙ্গে ভোজ়িনহা। ছবি: সমাজমাধ্যম।

শনিবার ভোরে কাবো ভার্দেকে কোনও মতে হারিয়ে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে লিয়োনেল মেসির অন্তত তিনটি নিশ্চিত গোল বাঁচিয়েছেন ভোজ়িনহা। ম্যাচের পর কাবো ভার্দের গোলকিপারের প্রশংসায় পঞ্চমুখ মেসি। ম্যাচের পর দু’জনের মধ্যে কী কথা হয়েছে তা প্রকাশ্যে এনেছেন ভোজ়িনহাই।

Advertisement

গোটা ম্যাচে একাধিক অসাধারণ সেভ করেছেন ভোজ়িনহা। বার বার রুখে দিয়েছেন আর্জেন্টিনার আগ্রাসনকে। তাঁর জন্যই খেলা গড়িয়েছে ১২০ মিনিট।

ভোজ়িনহা বলেন, “ম্যাচের পর মেসির দিকে এগিয়ে গিয়েছিলাম। ও আমাকে জড়িয়ে ধরে বলল, ‘তুমি অসাধারণ খেলোয়াড়। দেশের মানুষের তোমাকে নিয়ে গর্ব করা উচিত’। নিজেই ওই কথাগুলো শুনে বিশ্বাস করতে পারছিলাম না। লিয়ো মেসির মতো ফুটবলারের থেকে ওই কথা শোনা অসামান্য একটা অনুভূতি। আমি ওকে ধন্যবাদ জানিয়ে বলেছি, ‘ধন্যবাদ লিয়ো। তুমিই সেরা’।”

সেখানেই শেষ হয়নি কথাবার্তা। ভোজ়িনহা মেসিকে অনুরোধ করেন যে জার্সি অদল-বদল করতে পারেন কি না। মেসি খুশি মনে রাজি হয়ে যান। ভোজ়িনহার কথায়, “মেসিকে জিজ্ঞাসা করেছিলাম ওর জার্সি নিতে পারি কি না। ও বলেছিল সাক্ষাৎকারের পর টানেলে আমার হাতে দিয়ে দেবে। এই মুহূর্তগুলো সারাজীবন আমার হৃদয়ে থেকে যাবে।”

ম্যাচের পর মেসি বলেছিলেন, “জানতাম ম্যাচটা খুব কঠিন হবে। বিশ্বকাপে কেউ আপনাকে বিনামূল্যে কিছু দেবে না। এখন আমরা বিশ্রাম নেব। এই ম্যাচ থেকে শিক্ষা নেব এবং পরের ম্যাচের প্রস্তুতি শুরু করব। কাবো ভার্দেকে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অভিনন্দন।”

তিনি আরও বলেছিলেন, ‘‘আমরা আগেই জানতাম কঠিন ম্যাচ খেলতে হবে। এই দলটা স্পেন এবং উরুগুয়েকে আটকে দিয়েছিল। সেগুলো কোনও কাকতালীয় ঘটনা ছিল না। প্রথম গোল করাটাই ছিল সবচেয়ে কঠিন। সেটা আমরা করতে পেরেছি। এগিয়ে যাওয়ার পর ভেবেছিলাম, এ বার হয়তো লড়াই কিছুটা সহজ হবে। ঠান্ডা মাথায় নিজেদের খেলা খেলতে পারব, কিন্তু ঠিক উল্টো ঘটনা ঘটল।’’

Advertisement
আরও পড়ুন