Sonakshi Sinha

‘গায়ত্রী মন্ত্র পাঠ করছিলেন পুরোহিত’, নিজের বিয়ের কোন স্মৃতিচারণ করলেন সোনাক্ষী সিন্‌হা?

বিয়ের বছর দুয়েক পরে সোনাক্ষী জানান, তাঁদের বিয়েতে পুরোহিত গায়ত্রী মন্ত্র পাঠ করছিলেন। আর কী নিয়ম মানা হয় সোনাক্ষী-জ়াহিরের বিয়েতে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৯:০৫
সোনাক্ষী ও জ়াহিরের বিয়েতে কী ঘটেছিল?

সোনাক্ষী ও জ়াহিরের বিয়েতে কী ঘটেছিল? ছবি: সংগৃহীত।

ভিন্‌ধর্মের ছেলের সঙ্গে সোনাক্ষী সিন্‌হার সম্পর্ক তাঁর পরিবার নাকি প্রথমে মেনে নিতে চায়নি। তবে হার মানেননি সোনাক্ষী বা জ়াহির ইকবালের কেউই। ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেন তাঁরা। বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। আইনি বিয়ে সেরে তাঁরা আয়োজন করেছিলেন প্রীতিভোজের। কিন্তু, সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হন তাঁরা। তাঁদের বিয়েকে ‘লভ জিহাদ’ বলেও দেগে দেওয়া হয়। যদিও সোনাক্ষী বিয়ের বছর দুয়েক বাদে জানান, তাঁদের বিয়েতে পুরোহিত গায়ত্রী মন্ত্র পাঠ করছিল। সেই সময় ভেসে আসে আজানের শব্দও। সেই মুহূর্তে যেন দুই ধর্মের বিশ্বাসের মেলবন্ধন ঘটেছিল। শুধু তা-ই নয়, বাড়ির দেওয়ালে রয়েছে তাঁর প্রতিফলন।

Advertisement

সাত বছর সম্পর্কে থাকার পরে বিয়ে করেছিলেন সোনাক্ষী ও জ়াহির। শোনা যায়, বিয়ের জন্য বাড়ির লোকজনকে রাজি করাতেই অনেকটা সময় লেগে গিয়েছিল তাঁদের। শেষে নিজের বাড়িতেই আইনি মতে বিয়ে সেরেছিলেন সোনাক্ষী ও জ়াহির।

সোনাক্ষী-জ়াহিরের বাড়ির দেওয়ালে গায়ত্রী মন্ত্র ও কলমা আঁকা ছবি।

সোনাক্ষী-জ়াহিরের বাড়ির দেওয়ালে গায়ত্রী মন্ত্র ও কলমা আঁকা ছবি।

সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিন্‌হা পরে বলেন, ‘‘ওরা বেআইনি কিছু করেনি এবং এমন কিছু করা হয়নি যা সংবিধানবিরুদ্ধ। বাচ্চারা ছোট। তবে তারা প্রাপ্তবয়স্কও। ওরা যদি খুশি থাকে, তা হলেই সব ঠিক আছে। কথায় বলে, ‘মিয়াঁ-বিবি রাজ়ি, তো কেয়া করেগা কাজ়ি?’ আমি ওদের সমর্থন করি। ওদের জন্য শক্ত ঢাল হয়ে থাকব।” সোনাক্ষী যে ধর্মীয় সম্প্রীতিতেই বিশ্বাসী, তার প্রতিফলন রয়েছে অভিনেত্রীর বাড়ির অন্দরসজ্জায়। তিনি তাঁর বাড়ির অন্দরে একটি মস্ত পেইন্টিং রেখেছেন। যেটি তাঁকে উপহার দেওয়া হয়েছে। সোনাক্ষী ও জ়াহির সেই ছবিকে পিছনে রেখে ছবি তোলেন। ছবিটিতে গায়ত্রী মন্ত্রের সঙ্গে মিশে গিয়েছে কলমা।

সোনাক্ষী বলেন, ‘‘এই ছবি আমাদের জীবনে আরও বেশি শান্তি ও উন্নতি আনবে।’’ সোনাক্ষী সব সময় বলে এসেছেন, তিনি ও তাঁর স্বামী কখনও একে অন্যের উপর নিজের ধর্মীয় বিশ্বাস চাপিয়ে দেননি। বরং দু’জনেরই দুই ধর্মের প্রতি আস্থা রয়েছে।’’

Advertisement
আরও পড়ুন