কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বা এমবিএ পড়ার সুযোগ। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য সংশ্লিষ্ট কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। দু’বছরের কোর্সটিতে মোট ৫২টি শূন্য আসনে পড়ুয়া ভর্তি নেওয়া হবে। সরকারি নিয়ম মেনে কিছু আসন সংরক্ষিত। পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের এমবিএ কোর্সে মোট যে চারটি বিষয়ের স্পেশ্যালাইজ় করার সুযোগ পাবেন, সেগুলি হল—
১। মার্কেটিং,
২। ফিন্যান্স,
৩। এইচআর এবং
৪। ইনফরমেশন টেকনোলজি।
কোর্স ফি ৩৫,০০০ টাকা। এমবিএ কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। উত্তীর্ণ হতে হবে ক্যাট, ম্যাট, সিম্যাট বা ডব্লিউবিজেইম্যাটের মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায়। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কোর্সে ভর্তির ক্ষেত্রে ক্যাট, ম্যাট, সিম্যাট বা ডব্লিউবিজেইম্যাটের মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের পাশাপাশি জেনারেল ডিসকাশন বা ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের মূল্যায়ন করে কোর্সে ভর্তি নেওয়া হবে।
আবেদন করবেন কী ভাবে?
আগ্রহীদের এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। বিশেষ ভাবে সক্ষম শ্রেণিভুক্ত, সংরক্ষিত শ্রেণিভুক্ত, এবং অসংরক্ষিত শ্রেণিভুক্ত পড়ুয়াদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ১৬০ টাকা, ২০০ টাকা এবং ৪০০ টাকা। আগামী ৩০ জুলাই আবেদনের শেষ দিন। মেধাতালিকা প্রকাশ করা হবে ১১ অগস্ট। এ বিষয়ে বাকি তথ্য এবং শর্তাবলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।