প্রতীকী ছবি।
রাজ্যের স্কুল পড়ুয়াদের দেওয়া হবে ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’। ১৮ বছরের কম বয়সী প্রতিভাবান ও সাহসী শিক্ষার্থীদের সম্মান জানাতে উদ্যোগী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’-এর জন্য রাজ্যের উপযুক্ত ছাত্রছাত্রীদের নাম মনোনীত করতে বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ। রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি স্কুলের প্রধানদের এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কোন কোন ক্ষেত্রে মিলবে পুরস্কার?
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে যে সব পড়ুয়ার বয়স ১৮ বছরের কম, তারা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবে। মূলত ছ’টি ক্ষেত্রে শিশুদের অসাধারণ কৃতিত্বের জন্য এই সম্মান দেওয়া হবে—
১) সাহসিকতা
২) সমাজসেবা
৩) পরিবেশ রক্ষা
৪) খেলাধুলা
৫) শিল্প ও সংস্কৃতি
৬) বিজ্ঞান ও প্রযুক্তি
প্রান্তিক শিশুদের প্রতি বিশেষ নজর
পর্ষদের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুলগুলিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে উপযুক্ত প্রতিভা খুঁজে বের করতে হবে। বিশেষ করে ছাত্রী, অর্থনৈতিক ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া পরিবার, তফসিলি জাতি ও উপজাতিভুক্ত এবং বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের মধ্য থেকে সুপ্ত প্রতিভা খুঁজে বের করার জন্য স্কুল কর্তৃপক্ষকে বিশেষ প্রচেষ্টা চালাতে বলা হয়েছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘এমন উদ্যোগ পড়ুয়াদের মনোবল বৃদ্ধি করবে। খুবই ভাল বিষয়, তবে খেয়াল রাখতে হবে যেন সম্পূর্ণ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে হয় আর কোনও যোগ্য পড়ুয়া যেন বাদ না পরে যায়।’’
আবেদনের পদ্ধতি ও শেষ তারিখ
এই পুরস্কারের জন্য মনোনয়ন বা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। কেন্দ্রীয় সরকারের অফিশিয়াল ওয়েবসাইট https://awards.gov.in-এ গিয়ে নাম নথিভুক্ত করা যাবে। পর্ষদ জানিয়েছে, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এই আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আর কোনও আবেদন বা সুপারিশ গ্রহণ করা হবে না।