Kanchrapara Road Accident

পুরস্কৃত করেছিলেন প্রধানমন্ত্রী মোদী, কাঁচরাপাড়ায় বাইক দুর্ঘটনায় মৃত্যু কৃতী ছাত্রী ঋত্বিকা সাহার! শোকস্তব্ধ এলাকা

শুক্রবার বিকেলে কাঁচরাপাড়া পুরনো পোস্টঅফিসের সামনে দুর্ঘটনাটি হয়। এক যুবক স্কুটি চালাচ্ছিলেন। পিছনের আসনে বসেছিলেন ঋত্বিকা সাহা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৯:২৫
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে পুরস্কার নিচ্ছেন ঋত্বিকা সাহা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে পুরস্কার নিচ্ছেন ঋত্বিকা সাহা। —ফাইল চিত্র।

বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রধানমন্ত্রী পুরস্কারপ্রাপ্ত উত্তর ২৪ পরগনা জেলার কৃতী ছাত্রী ঋত্বিকা সাহা। জোনপুর রবীন্দ্রনগরের বাসিন্দা ঋত্বিকা শুক্রবার কাঁচরাপাড়া এলাকায় বাইক দুর্ঘটনায় জখম হয়েছিলেন। শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে কাঁচরাপাড়া পুরনো পোস্টঅফিসের সামনে দুর্ঘটনাটি হয়। এক যুবক স্কুটি চালাচ্ছিলেন। পিছনের আসনে বসেছিলেন ঋত্বিকা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি বাইকে ধাক্কা মারে স্কুটিটি। রাস্তায় ছিটকে পড়েন ওই যুবক এবং ঋত্বিকা। রক্তাক্ত অবস্থায় তাঁদের দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঋত্বিকাকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। শনিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে খবর।

২০২৫ সালে আইটিআই-র মেশিনিস্ট ট্রেডে ১২০০-র মধ্যে ১২০০ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছিলেন ঋত্বিকা। সেই সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছিলেন। এমন মেধাবী ছাত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা। বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস বলেন, ‘‘অত্যন্ত মর্মান্তিক ঘটনা। গোটা শহরের আজ মনখারাপ। এত অল্প বয়সে এমন প্রতিভাবান একটি মেয়ের চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।’’ তিনি আরও বলেন, ‘‘ঋত্বিকার হাত ধরে কাঁচরাপাড়া আরও গর্বিত হত। সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হলাম।’’ পাশাপাশি বাইকে ওঠার সময় হেলমেট ব্যবহারের উপর জোর দিয়ে বিধায়কের মন্তব্য, ‘‘হয়তো মাথায় হেলমেট থাকলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। প্রশাসনের পক্ষ থেকেও নিয়মিত হেলমেট ব্যবহারের বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।’’

Advertisement
আরও পড়ুন