PM Narendra Modi

অস্ট্রেলিয়া সফরে ‘প্রাণনাশের হুমকি’ মোদীকে! আইপি অ্যাড্রেসের সূত্র ধরে অভিযুক্তের খোঁজে সে দেশের পুলিশ

শেষ পাওয়া তথ্য অনুযায়ী আইপি অ্যাড্রেসটি শনাক্ত করা সম্ভব হয়েছে। সেই সূত্র ধরে অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ। পাশাপাশি এ-ও খতিয়ে দেখা হচ্ছে, এই পোস্টটির নেপথ্যে কী কারণ রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ২০:২৮
Australia police probes online threat to Indian Prime Minister Narendra Modi

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

অস্ট্রেলিয়া সফরে ‘প্রাণনাশের হুমকি’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এমনই দাবি সে দেশের একটি সংবাদমাধ্যমের। ফেসবুকে পোস্ট করে হুমকি দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমে অস্ট্রেলিয়া পুলিশ আইপি অ্যাড্রেসের সূত্র ধরে অভিযুক্তের খোঁজ চলাচ্ছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Advertisement

ইন্দোনেশিয়া হয়ে আগামী ৮ জুলাই অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখবেন মোদী। ৯ জুলাই মেলবোর্নের মার্ভেল স্টেডিয়ামে কর্মসূচি রয়েছে তাঁর। কর্তৃপক্ষের তরফে সেই কর্মসূচির প্রচারে ফেসবুকে যে পোস্ট করা হয়েছিল, তার নীচে কমেন্টে হুমকি বার্তাটি আসে। অস্ট্রেলিয়া টুডের প্রতিবেদনে দাবি, আবু মুস্তাফা নামাঙ্কিত একটি অ্যাকাউন্ট থেকে হুমকি দেওয়া হয়।

বিষয়টি নজরে আসতেই অস্ট্রেলিয়া ফেডারেল পুলিশকে অবগত করা হয়। ‘অস্ট্রেলিয়া টুডে’ জানিয়েছে, ওই মন্তব্যের সঙ্গে যুক্ত আইপি অ্যাড্রেসটি শনাক্ত করা সম্ভব হয়েছে। সেই সূত্র ধরে অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ। যদিও পুলিশের তরফে এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

আগামী সোমবার ত্রিদেশীয় সফরে যাচ্ছেন মোদী। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ার হয়ে নিউ জ়িল্যান্ড যাবেন তিনি। অস্ট্রেলিয়া সফরে সে দেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী। এই সফর দু’দেশের সম্পর্ককে অন্যমাত্রায় পৌঁছে দেবে বলে মনে করছেন অনেকেই। আলবানিজ় বলেছেন, ‘‘বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং প্রযুক্তি খাতে সহযোগিতা দুই দেশের জন্যই সুফল বয়ে আনছে। অস্ট্রেলিয়া-ভারত সম্পর্ক এখন আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ।’’ ভারতকে ‘গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার’ হিসাবে বর্ণনা করেছেন আলবানিজ়।

সফরকালে মেলবোর্নের গভর্নর জেনারেল স্যাম মোস্টিনের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদী। ভারতের বিদেশ মন্ত্রকের দেওয়া সফরসূচি অনুযায়ী, ভারত-অস্ট্রেলিয়া সিইও ফোরামে যোগ দেবেন তিনি। সে দেশের প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানেও থাকার কথা তাঁর।

Advertisement
আরও পড়ুন