Paneer with a Different Taste

মশলার গুণেই স্বাদে আসুক বৈচিত্র, পনিরে আচারি, তন্দুরি, মালাইয়ের স্বাদ আনবেন কী ভাবে

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৭:৫৯
স্বাদ বদলে, পনিরে বদলে দিন মশলা।

স্বাদ বদলে, পনিরে বদলে দিন মশলা। ছবি:সংগৃহীত।

দৈনন্দিন খাবারের মূল উপাদান তেমন বদলানো যায় না। তবে যদি বদলে ফেলা যায় রান্নার ধরন কিংবা মশলা, একই খাবার উপভোগ করা যায় বাহারি স্বাদেও। নিরামিষাশী হোন বা মাংসাশী— পনির পছন্দ করেন অনেকেই। দুপুর কিংবা রাতের খাবারে পনির রাখাও যায় অনায়াসে। কিন্তু রোজকার রান্না মানেই কিছুটা একই রকম স্বাদ। সেই স্বাদ পাল্টানো যেতে পারে রকমারি মশলার গুণে। মশলার উপকরণে সামান্য বদলেই স্বাদে তফাত হয়। মশলা যদি মাখিয়ে রাখা যায়, স্বাদ হয় আরও ভাল। পনির রান্নার জন্য জেনে নিন তিন রকম মশলা।

Advertisement

ক্লাসিক তন্দুরি

তন্দুরি পনির টিক্কা।

তন্দুরি পনির টিক্কা। ছবি:সংগৃহীত।

তন্দুরি মশলা পনিরে মাখিয়ে রেখে সেটি সেঁকে স্ন্যাকস হিসাবে খাওয়া যায়, আবার কাই বানিয়েও ফুটিয়ে নিতে পারেন। তন্দুরি মশলা তৈরির জন্য লাগাবে আধ কাপ জল ঝরানো টক দই, দেড় চামচ লঙ্কা বাটা, ২ টেবিল চামচ আদা-রসুন বাটা, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আধ চা-চামচ সৈন্ধব নুন, ১ টেবিল চামচ গরম মশলা, দেড় চা-চামচ কসৌরি মেথির গুঁড়ো, আধ চা-চামচ চাট মশলা, ১ টেবিল চামচ রোস্ট করা বেসন, আধ চা-চামচ পাতিলেবুর রস, ২ টেবিল চামচ সর্ষের তেল। সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে টুকরো করে কাটা পনিরে অন্তত আধ ঘণ্টা মাখিয়ে রাখুন। তার পরে গ্রিল করে নিন বা তন্দুরের মতো সেঁকে নিন।

আচারি মশলার মিশেল

স্বাদ বদলে পনিরে মাখিয়ে রাখুন আচারি মশলার মিশেল।

স্বাদ বদলে পনিরে মাখিয়ে রাখুন আচারি মশলার মিশেল। ছবি:সংগৃহীত।

আচারের স্বাদ-গন্ধ মিশে যাবে পনিরে যদি সে ভাবে মশলা তৈরি করা যায়। আধ কাপ জল ঝরানো টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে ১ টেবিল চামচ আমের আচার, মৌরিগুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন, শুকনো খোলায় নেড়ে নেওয়া বেসন এবং সর্ষের তেল। সব কিছু মিশিয়ে পনিরে মাখিয়ে উল্টে-পাল্টে সেঁকে নিন।

মালাই পনির

মালাইয়ের পরত থাক পনিরে।

মালাইয়ের পরত থাক পনিরে। ছবি:সংগৃহীত।

মালাইয়ের স্বাদ পনিরে মেশাতে চাইলে মশলা হবে খানিক অন্য রকম। ক্রিমের সঙ্গে মিশিয়ে নিন কাজু বাটা, গোল মরিচের গুঁড়ো, নুন। পনিরে মাখিয়ে রাখুন অন্তত আধ ঘণ্টা। তার পরে উল্টে-পাল্টে সেঁকে নিন। পনিরের সঙ্গে চৌকো করে পেঁয়াজ কিংবা ক্যাপিসকাম কেটে মশলা মাখিয়েও একই ভাবে সেঁকে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন