Rosemary Salt

টেবিলে সাজিয়ে রাখুন ‘রোজ়মেরি সল্ট’, কোন কাজে লাগবে তা?

রোজ়মেরি সল্ট ব্যবহার হয় বিদেশে। তা কোন কাজে লাগাতে পারেন? কী ভাবেই বা এটি বানায়?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৭:৩৮
সাধারণ নুনের বদলে রোজ়মেরি সল্ট কেন রাখবেন?

সাধারণ নুনের বদলে রোজ়মেরি সল্ট কেন রাখবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

কাচের পাত্রে সাজানো নুন আর তার মধ্যে রোজ়মেরির পাতা। বিদেশের বহু বাড়িতে খাওয়ার টেবিলে এমন সাজিয়ে রাখা থাকে এমন জিনিস। দেখতে বেশ লাগে। কিন্তু কেন? এমনটা করলে কী হয়?

Advertisement

রোজ়মেরি একটি ভেষজ বা পাতা, যা খাওয়ার চল বিদেশি রান্নাতেই বেশি। খুব সুন্দর মৃদু একটি গন্ধ থাকে রোজ়মেরিতে। এই গন্ধই নুনের সঙ্গে জুড়ে তৈরি হয় ‘রোজ়মেরি সল্ট’, আর সেটাই ব্যবহার করা হয় বিদেশি রোস্টেড খাবারে। টার্কি থেকে রোস্ট করা মুরগি, নানা রকম রান্নায় তা দেওয়া হয়।

ভারতেও রয়েছে কন্টিনেন্টাল বা মহাদেশীয় খাবার খাওয়ার চল। বিদেশে রোস্ট করা খাবার, স্টেক অনেকেই আজকাল শখে বাড়িতেই বানান। শুধু বিদেশ খাবার নয়, দেশীয় খাবারে ব্যবহার করে দেখতে পারেন রোজ়মেরি সল্ট।

বানাবেন কী ভাবে?

রোজ়মেরি এবং ভাল মানের সৈন্ধব লবণ দরকার এ জন্য। হিমালয়ান খনিজ সমৃদ্ধ নুনও ব্যবহার করা যায়, তবে দৈনন্দিন ব্যবহারের সাদা নুন নয়।

শুকনো এবং টাটকা রোজ়মেরি এখন অনলাইনে পাওয়া যায়। টাটকা রোজ়মেরি থাকলে পাতা বেছে জলে ধুয়ে শুকিয়ে নিন। ফুড প্রসেসর বা মিক্সারে নুনের ডেলা এবং রোজ়মেরি পাতা দিয়ে ভাল করে গুঁড়িয়ে নিন।

মিশ্রণটি একটি বেকিং পাত্রে ছড়িয়ে কিছু ক্ষণ বেক করে নিন। না হলে খোলা জায়গায় শুকিয়ে নিতে পারেন। কেউ কেউ এতে পাতিলেবুর খোসার নির্যাসও যোগ করেন।

নুন আর রোজ়মেরি শুকিয়ে গেলে কাচের পাত্রে ভরে রেখে দিন। টেবিলে সাজিয়ে রাখতে হলে একটি রোজ়মেরির ডাঁটা-সহ পাতা কাচের পাত্রের উপর সরু সুতো দিয়ে বেঁধে দিন। দেখতে ভাল লাগবে।

কেন রাখবেন: টেবিল সুন্দর দেখাবে। তা ছাড়া ছিদ্র যুক্ত নুনদানিতে রাখলে রোজ়মেরির হালকা সৌরভ ছড়িয়ে পড়বে। আলুর দম থেকে কবাব, পাস্তা কিংবা চাউমিনেও সাধারণ নুনের বদলে এই নুন ব্যবহার করতে পারেন। খাবারের স্বাদ-গন্ধ দুই-ই অন্য রকম লাগবে।

Advertisement
আরও পড়ুন