Asha Bhosle Personal Life

২০ বছরের বড় প্রেমিককে বাড়ির অমতে বিয়ে, অন্তঃসত্ত্বা অবস্থায় আত্মহত্যার চেষ্টা! দুই সন্তানকে হারিয়ে আশা আঁকড়ে ধরেছিলেন গানকেই

শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সঙ্গীতশিল্পী আশা ভোসলেকে। রবিবার সকালে মৃত্যু হয় তাঁর। আশার মৃত্যুতে সঙ্গীতপ্রেমীদের মনে বিষাদের সুরে ভেসে উঠছে ‘অভী না জাও ছোড় কর, কে দিল অভী ভরা নহীঁ’।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৫:০৮
০১ ১৭
Asha Bhosle

শ্বাসপ্রশ্বাস থেমে গেলে মানুষের মৃত্যু হয়। তাঁর কাছে সঙ্গীতই ছিল শ্বাসগ্রহণ করার সমতুল্য। সঙ্গীতচর্চার মধ্যে নিজের যাপনের সন্ধান পেতেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। ৯০ বছর বয়সেও মঞ্চে টানা তিন ঘণ্টা পারফর্ম করেছিলেন তিনি। রবিবার সকালে অসুস্থতার কারণে মারা গেলেন আশা। কিন্তু তাঁর ‘শ্বাসপ্রশ্বাস’, তাঁর সঙ্গীত অমর হয়ে রইল।

০২ ১৭
Asha Bhosle

আশার কেরিয়ারের ঝুলিতে ছিল ১২ হাজারেরও বেশি গান। সঙ্গীতে অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। ২০০৮ সালে পেয়েছিলেন পদ্মভূষণ। তা ছাড়া, ১৯৯৭ সালে গ্র্যামির জন্যও মনোনীত হয়েছিলেন তিনি। আশার পেশাগত জীবন সাফল্যের আলোয় যতটা রঙিন, ব্যক্তিজীবন ছিল ততোধিক আঁধারময়।

০৩ ১৭
Asha Bhosle

আশা তখন মাত্র ১৬ বছরের কিশোরী। তাঁর ব্যক্তিগত সচিব গণপতরাও ভোসলের প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। দু’জনের বয়সের পার্থক্য ছিল ২০ বছরের। গণপতরাওয়ের সঙ্গে আশার সম্পর্ক মেনে নিতে পারেনি আশার পরিবার। পরিবারের অমতেই গণপতরাওকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আশা।

Advertisement
০৪ ১৭
Asha Bhosle

১৯৪৯ সালে গণপতরাওকে বিয়ে করেছিলেন আশা। কিন্তু বিয়ের পর বাপের বাড়ির সঙ্গে সম্পর্কে চি়ড় ধরতে থাকে সঙ্গীতশিল্পীর। গণপতরাও চাইতেন না যে, আশা তাঁর বাপের বাড়ির কোনও সদস্যের সঙ্গে যোগাযোগ রাখুন। অন্য দিকে, দিদি লতা মঙ্গেশকরের সঙ্গেও তা নিয়ে আশার বিবাদ লেগে থাকত।

০৫ ১৭
Asha Bhosle

এক সাক্ষাৎকারে আশা বলেছিলেন, ‘‘লতাদিদি আমার সঙ্গে বহু দিন কথা বলেননি। প্রেম করে বিয়ে করেছিলাম। কিন্তু সেই বিয়ে সুখের ছিল না। আমার শ্বশুরবাড়ি খুব রক্ষণশীল ছিল। এক গায়িকা তাঁদের বাড়ির পুত্রবধূ হয়েছে, তা মেনে নিতে পারেননি কেউ।’’ শ্বশুরবাড়িতে অধিকাংশ সময় মানসিক নির্যাতনের শিকার হতেন বলেও জানিয়েছিলেন আশা।

Advertisement
০৬ ১৭
Asha Bhosle

গুঞ্জন শোনা গিয়েছিল, আশার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতেন গণপতরাও। নিজের সিদ্ধান্ত আশার উপর চাপিয়ে দিতেন। বহু বার হেনস্থার শিকার হয়েছিলেন আশা। সঙ্গীতশিল্পীর দাবি, দ্বিতীয় সন্তানের জন্মের পর পরিস্থিতি কিছু দিনের জন্য স্বাভাবিক হলেও তাঁর জীবন আবার অন্ধকারে তলিয়ে গিয়েছিল।

০৭ ১৭
Asha Bhosle

আশা তখন চার মাসের অন্তঃসত্ত্বা। তাঁর সঙ্গে কন্যাসন্তান বর্ষা ভোসলে এবং পুত্রসন্তান হেমন্ত ভোসলে। পাশাপাশি কেরিয়ারে চরম ব্যস্ততা। সব মিলিয়ে আর পেরে উঠছিলেন না আশা। আশার জীবনীমূলক গ্রন্থ ‘আশা ভোসলে: আ লাইফ ইন মিউজ়িক’ থেকে জানা যায়, অন্তঃসত্ত্বা অবস্থায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সঙ্গীতশিল্পী।

Advertisement
০৮ ১৭
Asha Bhosle

আশার কথায়, তিনি জীবনে এমন অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন যে, বেঁচে থাকার ইচ্ছাটুকুও হারিয়ে গিয়েছিল। নিজেকে শেষ করতে এক বোতল ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন তিনি। পরে হাসপাতালের বিছানায় জ্ঞান ফিরলে আশা সিদ্ধান্ত নিয়েছিলেন যে, সন্তানদের জন্য তিনি নতুন জীবন শুরু করবেন।

০৯ ১৭
Asha Bhosle

অন্তঃসত্ত্বা অবস্থায় শ্বশুরবাড়ি ছেড়ে দুই সন্তানকে নিয়ে নিজের বাড়িতে ফিরে গিয়েছিলেন আশা। এর পর তৃতীয় তথা কনিষ্ঠ পুত্রসন্তান আনন্দ ভোসলের জন্ম দিয়েছিলেন। তিন সন্তান এবং কেরিয়ার নিয়ে জীবন নতুন ভাবে শুরু করেছিলেন। ১৯৬০ সালে গণপতরাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল তাঁর।

১০ ১৭
Asha Bhosle with Rahul Dev Burman

আশার জীবনে একরাশ আলো নিয়ে এসেছিলেন রাহুলদেব বর্মন। ‘পিয়া তু অব তো আ জা’, ‘দম মারো দম’, ‘চুরা লিয়া হ্যায় তুমনে’, ‘মেরা কুছ সামান’-এর মতো হিন্দি গানের পাশাপাশি ‘মহুয়ায় জমেছে আজ’, ‘চোখে চোখে কথা বলো’, ‘চোখে নামে বৃষ্টি’র মতো বহু বাংলা গান সঙ্গীতপ্রেমীদের উপহার দিয়েছিলেন রাহুল-আশা জুটি।

১১ ১৭
Asha Bhosle with Rahul Dev Burman

সঙ্গীতজগতে রাহুল এবং আশার জুটি ছিল বহুলচর্চিত। জনশ্রুতি, পেশাগত কারণে আলাপ হলেও আশার প্রেমে পড়ে গিয়েছিলেন রাহুল। বিয়ের জন্য বহু বার আশাকে নাকি সেধেওছিলেন তিনি। অবশেষে, রাহুলের প্রস্তাবে রাজি হয়ে ১৯৮০ সালে তাঁকে বিয়ে করেছিলেন আশা।

১২ ১৭
Asha Bhosle with Rahul Dev Burman

গুঞ্জন শোনা গিয়েছিল, বিয়ের কয়েক বছরের মধ্যে মতাদর্শের পার্থক্য দেখা গিয়েছিল রাহুল এবং আশার। পাশাপাশি, কেরিয়ারের ব্যস্ততার জন্যও দুই সঙ্গীতশিল্পীর সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল। তবে, পারস্পরিক শ্রদ্ধা-ভালবাসা বজায় রেখেছিলেন দু’জনে।

১৩ ১৭
Asha Bhosle

১৯৯৪ সালে মারা গিয়েছিলেন রাহুল। স্বামীর মৃত্যুর পাশাপাশি দুই সন্তানের মৃত্যুর সাক্ষী থাকতে হয়েছিল আশাকে। কানাঘুষো শোনা যায়, আশার কন্যা বর্ষা মানসিক অবসাদগ্রস্ত ছিলেন। ২০০৮ সালে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। ২০১২ সালে আবার নিজেকে শেষ করার চেষ্টা করেছিলেন বর্ষা। সে বার আর মৃত্যুর মুখ থেকে ফিরতে পারেননি তিনি। ২০১২ সালে কন্যাসন্তানকে চিরতরের জন্য হারিয়ে ফেলেছিলেন সঙ্গীতশিল্পী।

১৪ ১৭
Asha Bhosle with Lata Mangeshkar

কন্যার মৃত্যুর তিন বছরের মধ্যে আবার সন্তানবিয়োগ হয়েছিল আশার। ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তাঁর জ্যেষ্ঠ পুত্র হেমন্ত। ক্যানসারের সঙ্গে লড়াই করতে করতেই মৃত্যু হয়েছিল তাঁর। ২০২২ সালে প্রিয় লতাদিদির প্রয়াণে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন আশা।

১৫ ১৭
Asha Bhosle

ব্যক্তিজীবনে বার বার আঘাত পেলেও সঙ্গীতকে কখনও ফিরিয়ে দেননি আশা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘মানুষ যেমন শ্বাস নিলে বেঁচে থাকে, আমার কাছে সঙ্গীত হল শ্বাসপ্রশ্বাস নেওয়ার মতো।’’ তাঁর যখন ৯০ বছর বয়স, তখন গানের অনুষ্ঠান করার জন্য গিয়েছিলেন দুবাইয়ে। টানা তিন ঘণ্টা দুবাইয়ের মঞ্চে পারফর্ম করেছিলেন তিনি।

১৬ ১৭
Asha Bhosle

রান্না করতে ভীষণ ভালবাসতেন আশা। নিজের শখকে পেশাদার রূপ দিতে ২০০২ সালে প্রথম রেস্তরাঁ খুলেছিলেন তিনি। কম সময়ের মধ্যে সেই রেস্তরাঁ আন্তর্জাতিক স্তরে খ্যাতি পাওয়ায় বিদেশের বিভিন্ন জায়গায় তার শাখা খোলা হয়েছিল। আগামী সেপ্টেম্বরে ৯৩ বছর পূর্ণ হওয়ার কথা ছিল আশার। কিন্তু তার আগেই ঘটল ছন্দপতন।

১৭ ১৭
Asha Bhosle

বলিউড সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় হঠাৎ শারীরিক অস্বস্তি শুরু হওয়ায় সে কথা গৃহকর্মীকে জানিয়েছিলেন আশা। সঙ্গে সঙ্গে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। শনিবার তাঁর নাতনি জ়নাই ভোসলে সমাজমাধ্যমে লিখেছিলেন, “আমার ঠাকুমা আশা ভোসলে ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আপনাদের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ করছি। চিকিৎসা চলছে এবং আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। আগামী দিনে যা-ই হবে, আমরা আপনাদের জানাব।” রবিবার সকালে প্রয়াত হন সঙ্গীতশিল্পী। তাঁর মৃত্যুশোকে সঙ্গীতপ্রেমীদের মনে বিষাদের সুরে ভেসে উঠছে ‘অভী না জাও ছোড় কর, কে দিল অভী ভরা নহীঁ’।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি