চলতি বছরে বক্সঅফিস কাঁপাতে চলেছে বেশ কিছু ভারতীয় অ্যাকশন ঘরানার ছবি। এমনকি, আগামী বছরেও তার রেশ থাকতে পারে। কোনও কোনও ছবি আবার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে নিতে পারে বলে অধিকাংশ ফিল্ম বিশেষজ্ঞের দাবি। এই তালিকায় রয়েছে বলিউডের দুই খানের ছবিও।
চলতি বছরের মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘কাট্টালান’ নামের মালয়ালম ভাষার একটি ছবি। পল জর্জের পরিচালনায় এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে অ্যান্টনি ভারগেসেকে। ছবির অধিকাংশ শুটিং তাইল্যান্ডে হয়েছে।
জানা গিয়েছে, ‘কাট্টালান’ ছবিটি তৈরি করতে ৪৫ থেকে ৫০ কোটি টাকা খরচ করা হয়েছে। মালয়ালম ভাষার এই ছবিটি প্রেক্ষাগৃহে দেখার সময় দর্শক যাতে দারুণ ভাবে উপভোগ করতে পারেন, সে জন্য উচ্চ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত অ্যাকশন ঘরানার এই ছবিটি মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম ব্যয়বহুল ছবি হিসাবে গণ্য করা হয়েছে।
তামিল ছবিনির্মাতা লোকেশ কনগরাজের চিত্রনাট্যের উপর ভিত্তি করে চলতি বছরেই ‘বেঞ্জ’ নামের তামিল ভাষার একটি ছবি মুক্তি পাওয়ার কথা। এটি এমন একটি ছবি যার চিত্রনাট্যকারের দায়িত্ব লোকেশ পালন করলেও ছবিটির পরিচালনা করেননি। নিভিন পলি অভিনীত অ্যাকশন ঘরানার এই ছবিও চমকে ভর্তি। বক্সঅফিসে এই ছবি বিপুল ব্যবসা করতে পারে বলে ফিল্ম বিশেষজ্ঞদের ধারণা।
‘কেজিএফ’, ‘সালার’-এর মতো দক্ষিণী হিট ছবির পরিচালক প্রশান্ত নীলকান্তপুরম দর্শককে আরও একটি ধুন্ধুমার অ্যাকশন ঘরানার ছবি উপহার দিতে চলেছেন। আগামী বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘ড্রাগন’-এর। এই ছবিতে জুনিয়র এনটিআরের পাশাপাশি অভিনয় করতে দেখা যেতে পারে বলি অভিনেতা অনিল কপূরকে।
চলতি বছরের অগস্ট মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘দ্য প্যারাডাইস’ নামের তেলুগু ভাষার ছবির। এই ছবিতে সম্পূর্ণ অন্য রূপে ধরা দেবেন জনপ্রিয় তেলুগু অভিনেতা নানি। অ্যাকশন ঘরানার এই ছবির সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র। ‘জওয়ান’, ‘লিও’, ‘জেলার’, ‘কুলি’র মতো ভারতীয় ছবিতে সঙ্গীত পরিচালনা করে প্রশংসা অর্জন করেছেন অনিরুদ্ধ। অধিকাংশের দাবি, নানির কেরিয়ারে এই ছবিটি মাইলফলক তৈরি করতে চলেছে।
‘অ্যানিমাল’ মুক্তির পর চলচ্চিত্রজগতে সাড়া ফেলে দিয়েছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গা। চলতি বছরে তাঁর পরিচালনায় মুক্তি পেতে চলেছে ‘স্পিরিট’। পরে অবশ্য তারিখ পিছিয়ে গেলে পরের বছরেও ছবিটি মুক্তি পেতে পারে। মূলত তেলুগু ভাষার হলেও মোট আটটি ভাষায় ছবিটি মুক্তি পাওয়ার কথা।
‘স্পিরিট’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রভাস। প্রভাসের সঙ্গে জু়টি বাঁধতে দেখা যাবে বলি অভিনেত্রী তৃপ্তি দিমরিকে। তা ছাড়া বিবেক ওবেরয় এবং প্রকাশ রাজের মতো তারকারাও অভিনয় করবেন এই ছবিতে। ৩০০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে ‘স্পিরিট’। একাংশের দাবি, ছবিটি মুক্তির পর বক্সঅফিসে দুর্দান্ত ব্যবসা করবে।
চলতি বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা অ্যাকশন ঘরানার ছবি ‘টক্সিক’-এর। ছবিমুক্তির আগেই দর্শকমহলে তা নিয়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়ে রয়েছে। শোনা যাচ্ছে, ৫০০ থেকে ৮০০ কোটি টাকা খরচ করে ছবিটি নির্মাণ করা হয়েছে।
বিপুল বাজেটে নির্মিত ছবি ‘টক্সিক’-এ দক্ষিণী অভিনেতা যশকে দ্বৈতচরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নায়ক এক জন হলেও এই ছবিতে অভিনেত্রীর সংখ্যা প্রচুর। নয়নতারা, কিয়ারা আডবাণী, তারা সুতারিয়া, হুমা কুরেশি, রুক্মিণী বসন্তের মতো বহু অভিনেত্রী এই ছবিতে অভিনয় করবেন। অ্যাকশন ঘরানার এই ছবি বক্সঅফিস থেকে ভাল ব্যবসা করবে বলে অনেকের ধারণা।
প্রতি বছরের মতো আগামী বছরেও ইদ উপলক্ষে একটি ছবি দর্শককে উপহার দিতে চলেছেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান। তেলুগু পরিচালক ভামসি পৈদিপল্লী এবং প্রযোজক দিল রাজুর একটি প্যান-ইন্ডিয়া অ্যাকশন ছবিতে অভিনয় করতে চলেছেন সলমন।
কানাঘুষো শোনা যাচ্ছে, সলমন তাঁর কেরিয়ারে অজস্র অ্যাকশন ঘরানার ছবিতে অভিনয় করেছেন ঠিকই। কিন্তু আগামী বছরে মুক্তিপ্রাপ্ত ‘দিল দিমাগ জিগর সে’ ছবিটি তাঁর কেরিয়ারে অন্য মাত্রা যোগ করবে। ছবিটি বক্সঅফিসেও যে ভাল ফল করবে তা নিয়ে আশাবাদী অনেকেই।
‘বর্ডার ২’-এ অভিনয়ের পর ‘ঢাই কিলো কা হাত’ নিয়ে অ্যাকশনে ফিরছেন বলি অভিনেতা সানি দেওল। পরিচালক নিখিল নাগেশ ভট্ট নতুন অবতারে সানিকে বড়পর্দায় তুলে ধরতে চলেছেন। অ্যাকশন ঘরানার এই ছবিটি চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের গোড়ার দিকে মুক্তি পাওয়ার কথা।
চলতি মাসে ৪৩ বছরে পা দিলেন দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুন। জন্মদিন উপলক্ষে দর্শককে একটি সুখবরও দিয়েছেন তিনি। অ্যাটলির পরিচালনায় ‘রাকা’ নামের একটি ছবিতে অভিনয় করতে চলেছেন অল্লু। তাঁর বিপরীতে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে।
কানাঘুষো শোনা যাচ্ছে, ‘রাকা’ ছবিতে পার্শ্বচরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে। ছবিনির্মাণের জন্য ৮০০ থেকে ৯০০ কোটি টাকা খরচ করা হয়েছে। অতি উচ্চমানের ভিএফএক্স ব্যবহার করে তৈরি হওয়া এই ছবি বক্সঅফিসে মোটা অঙ্কের ব্যবসা করবে বলে অধিকাংশের দাবি। আগামী বছরের মাঝামাঝি সময় ছবিটি মুক্তি পাওয়ার কথা।
চলতি বছর শেষ হবে বলিউডের বাদশার ছবি দিয়ে। চলতি বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘কিং’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন শাহরুখ। শাহরুখ-কন্যা সুহানা খানের পাশাপাশি অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়ের মতো তারকারা অভিনয় করবেন এই ছবিতে। বক্সঅফিসে শাহরুখের অ্যাকশন ঘরানার এই ছবির কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে নেওয়ার সম্ভাবনা বেশি।
সব ছবি: সংগৃহীত।