নতুন বছর মানেই নতুন প্রত্যাশা। তা সে বছরটা বাংলার হোক বা ইংরেজির। নতুন কিছু শুরু হলেও সেটা নিয়ে আমাদের মনে নানা কৌতূহল চলতে থাকে। বাংলা নতুন বছরও আমাদের কাছে তেমনই এক বিষয়।
ইংরেজি বছর শুরুর সময় যে সকল প্রতিজ্ঞা আমরা করি, বছরের কিছু দিন যেতে না যেতে তার অর্ধেকের বেশি আমরা ভেঙে ফেলি। বাংলা নতুন বছর নতুন করে আমাদের কাছে সেই সকল আশা পূরণের সুযোগ নিয়ে আসে।
এ ছাড়া, প্রত্যেক বাঙালি হিন্দুর কাছে বাংলা বছরের আলাদা গুরুত্ব রয়েছে। যে কোনও শুভ কাজ আমরা বাংলা বছরের ভাল দিনক্ষণ মেনেই করে থাকি। আরও নানা ক্ষেত্রে বাংলা ক্যালেন্ডার মেনেই দিনক্ষণ ঠিক করার চল রয়েছে আমাদের মধ্যে।
যে বিষয়টি ঘিরে সমস্ত শুভ জিনিস আবর্তিত হচ্ছে তাতে যে খারাপ কিছু নেই তা কিন্তু নয়। সব বছর সকলের ভাল যায় না। এর নেপথ্যে থাকে বিভিন্ন গ্রহের অবস্থান। ইংরেজি বছরের ক্ষেত্রে আমরা যেমন ভাল যাবে না খারাপ দেখি, বাংলা বছরের ক্ষেত্রেও সেটি দেখা গুরুত্বপূর্ণ।
গ্রহদের অবস্থান অনুযায়ী বিচার করে দেখা যাচ্ছে, বাংলা সন ১৪৩৩ খারাপ কাটতে চলেছে চার রাশির জাতক-জাতিকার। এঁদের নানা বিষয়ে সতর্ক থাকার নিদান দিচ্ছেন জ্যোতিষীরা। তালিকায় কারা রয়েছে, জেনে নিন।
মেষ: শনির সাড়েসাতির কবলে রয়েছেন মেষ জাতক-জাতিকারা। ১৪৩৩ ভাল না কাটার নেপথ্যে এটি একটি বড় কারণ। যে কোনও ক্ষেত্রে এঁদের সতর্কতা অবলম্বন করে চলা জরুরি। প্রতিটি পদক্ষেপ মেষ জাতক-জাতিকাদের অত্যন্ত ভেবেচিন্তে নিতে হবে। নানা দিক থেকে বিপদ আসার আশঙ্কা দেখা যাচ্ছে।
বাংলা বছরের প্রথম থেকেই মেষ জাতক-জাতিকাদের আর্থিক বিষয়ে সচেতন হতে হবে। অন্যথায় বছরের মাঝামাঝি সময়ে গিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। কর্মক্ষেত্রে যে কোনও কাজ বিচক্ষণতার সঙ্গে করে চলার চেষ্টা করুন। সময়ের কাজ সময়ে শেষ করা জরুরি। অন্যথায় চাকরি খোয়া যেতে পারে। সেটি না হলেও বসের রোষের মুখে পড়ার আশঙ্কা প্রবল।
বৃশ্চিক: বাংলা সন ১৪৩৩ বৃশ্চিক জাতক-জাতিকাদেরও ভাল যাবে না বলে মনে করা হচ্ছে। যত দিন যাবে, মানসিক চাপ তত বৃদ্ধি পাবে। এর কুপ্রভাব শরীরের উপরও পড়তে দেখা যাবে। স্বাস্থ্যের উত্থান-পতন মাঝেমধ্যেই দেখা যেতে পারে। বছরের প্রথম দিন থেকে স্বাস্থ্য বিষয়ে সচেতন হন। বাইরের খাবার যতটা সম্ভব কম খান। জীবনধারায় সুস্থ পরিবর্তন আনুন।
বৃশ্চিক জাতক-জাতিকাদের হঠাৎ কোনও প্রতিকূলতার মুখে পড়তে হতে পারে। এর ফলে সঞ্চিত টাকা খোয়া যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। শুরু থেকেই খরচের হাত বশে রাখার চেষ্টা করুন। স্বামী/স্ত্রীর থেকে কিছু না লুকোনোর চেষ্টা করুন। এতে সমস্যা আরও বাড়বে বই কমবে না।
কুম্ভ: কুম্ভ রাশির মানুষদের বাংলা নতুন বছরে খুবই সতর্ক থাকতে হবে। না হলে কিছু দিন যেতে না যেতেই সমস্যা টের পাবেন। কর্মক্ষেত্রে যে কাউকে বিশ্বাস করে মনের সব কথা বলে দেবেন না। এতে মুশকিলে পড়তে পারেন। বিশ্বাস ভাঙার আশঙ্কা দেখা যাচ্ছে।
অর্থের দিকটা বুঝেশুনে চলতে হবে। অন্যথায় সঞ্চয় কম হবে, যা পরে গিয়ে সমস্যার কারণ হতে পারে। উদ্বেগ বাড়বে। যে কোনও বিষয় নিয়ে অশান্তিতে ভুগবেন। সঙ্গীর সঙ্গে রাগারাগি করা এড়িয়ে চলুন। না হলে সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে।
মীন: মীন রাশির ব্যক্তিরা এই বছর বেশ কিছু বিষয়ে খারাপ ফল পেতে পারেন বলে মনে করা হচ্ছে। কারণ, মীন রাশিতে বর্তমানে শনি অবস্থান করছে এবং এই রাশির ব্যক্তিরা শনির কবলে রয়েছেন। মীন রাশির যে সকল ব্যক্তি সাড়েসাতির কুপ্রভাবে ভুগবেন, তাঁদের যে কোনও কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে।
মীন জাতক-জাতিকাদের কর্মে খুবই বাধা আসবে। প্রচুর পরিশ্রম করেও আপনাকে ঘিরে থাকা ঊর্ধ্বতনদের প্রত্যাশা পূরণ করতে পারবেন না। সেই কারণে অনেক কথা শুনতে হবে। আর্থিক সঙ্কটের সম্মুখীন হওয়ার আশঙ্কা। রাস্তায় খুব সাবধানে চলাফেরা করতে হবে। শারীরিক সমস্যা পিছু ছাড়বে না।
সব ছবি: সংগৃহীত এবং এআই সহায়তায় প্রণীত।