একের পর এক হিন্দি ছবিতে অভিনয় করে পেয়েছেন সাফল্যের স্বাদ। সাফল্যের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হঠাৎ স্বেচ্ছাবসর নেওয়ার ঘোষণা করলেন। তখন অভিনেতার বয়স মাত্র ৩৭ বছর। এত কম বয়সে অবসর নিচ্ছেন ভেবেই চিন্তিত হয়ে পড়েছিলেন দর্শকমহল।
কিন্তু সাফল্যের স্বাদ এক বার পেলে কি এত সহজে সেই সিঁড়ি থেকে নেমে পড়া যায়! অভিনয়ে আবার ফিরলেন বিক্রান্ত ম্যাসি। অভিনয়জীবনের মনখারাপ করা অভিজ্ঞতার কথাও সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান তিনি।
২০০৪ সালের ডিসেম্বর মাসের ঘটনা। বিক্রান্ত ম্যাসি তখনও ‘বিক্রান্ত ম্যাসি’ হয়ে ওঠেননি। তখন তিনি সবেমাত্র কেরিয়ার শুরু করছেন। ছোটপর্দার একটি ধারাবাহিকের জন্য শুটিং শুরু করেছিলেন বিক্রান্ত। তখনই পরিচালকের কাছে চরম বকুনি খেয়েছিলেন তিনি।
বিক্রান্ত সাক্ষাৎকারে জানান, ‘কহাঁ হুঁ ম্যায়’ নামের হিন্দি ধারাবাহিকের জন্য শুটিং করছিলেন বিক্রান্ত। তখন তিনি অভিনয়জগতে নবাগত। শুটিং শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যেই ধারাবাহিকের পরিচালক চেঁচামেচি করতে শুরু করেছিলেন।
বিক্রান্ত বলেন, ‘‘পরিচালক আমায় বকছিলেন। সকলের সামনে চিৎকার করে ভর্ৎসনা করছিলেন তিনি। এমন ভাবে কেউ কোনও দিনও আমায় বকা দেননি। তখন সেটে সকলে উপস্থিত। ক্রুয়ের সদস্য-সহ শ’খানেক লোক ছিলেন। এমন রূঢ় ভাষায় বকুনি খেয়ে আমি আর নিজেকে সামলাতে পারিনি।’’
বিক্রান্ত জানান, সেটে উপস্থিত শ’খানেক লোকের সামনে অঝোরে কেঁদে ফেলেছিলেন তিনি। তাঁর অশ্রু কোনও বাঁধ মানছিল না। পরে সেটে উপস্থিত এক তরুণী সামলেছিলেন অভিনেতাকে।
বিক্রান্ত জানান, ওই হিন্দি ধারাবাহিকের তত্ত্বাবধানকারী প্রযোজক (সুপারভাইজ়িং প্রোডিউসার) ছিলেন তরুণী। বিক্রান্ত যখন কেঁদেকেটে একশা, তখন সেট থেকে তাঁকে অন্য দিকে নিয়ে গিয়েছিলেন তরুণী। পিঠে হাত বুলিয়ে, নরম ভাবে কথা বলে বিক্রান্তের কান্না থামানোর চেষ্টা করছিলেন তিনি।
তরুণী প্রযোজকের নরম কথায় কান্না থেমে গিয়েছিল বিক্রান্তের। পরে তিনি নাকি বিক্রান্তকে বলেছিলেন, ‘‘বিনোদনের দুনিয়ায় আপনাকে স্বাগত।’’ এই কথা বলে বিক্রান্তকে সেটের দিকে এগিয়ে দিয়েছিলেন তিনি।
বিক্রান্তের মতে, সে দিনের অভিজ্ঞতা কোনও দিনও ভুলতে পারেননি তিনি। বরং সেই অভিজ্ঞতাই তাঁকে আরও কঠিন করেছে। অভিনেতার কথায়, ‘‘সেই তরুণীর কাছে আমি কৃতজ্ঞ। ইন্ডাস্ট্রির কঠিন রূপ সে দিন দেখে ফেলেছিলাম আমি। আগামী দিনে আমার পথ চলতে সুবিধা হয়েছে।’’
ছোটপর্দায় ধারাবাহিকে অভিনয় করে কেরিয়ার শুরু করেন বিক্রান্ত। ‘ধুম মচাও ধুম’ এবং ‘বালিকা বধূ’র মতো জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
২০১৩ সালে ‘লুটেরা’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে বলিপাড়ায় কেরিয়ার শুরু করেন বিক্রান্ত। কঙ্কনা সেনশর্মা পরিচালিত ‘আ ডেথ ইন দ্য গঞ্জ’ ছবিতে বিক্রান্তের অভিনয় প্রশংসিত হয়। তার পর আর ফিরে তাকাতে হয়নি বিক্রান্তকে।
পার্শ্বচরিত্রে অভিনয় করা শুরু করলেও ধীরে ধীরে মুখ্যচরিত্রে অভিনয়ের প্রস্তাব পেতে থাকেন বিক্রান্ত। ২০২০ সাল থেকেই একের পর এক হিন্দি ছবিতে অভিনয় করতে থাকেন তিনি।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘টুয়েলফ্থ ফেল’ নামের হিন্দি ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কার পান বিক্রান্ত। পরের বছর তিনি স্বেচ্ছাবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। অভিনেতার অনুরাগীরা ভেবেছিলেন, তিনি আর কোনও দিন অভিনয়ে ফিরবেন না।
পরে বিক্রান্ত জানিয়েছিলেন, অভিনয় থেকে তিনি পাকাপাকি ভাবে অবসর নিচ্ছেন না। বরং পেশাগত জীবনের ব্যস্ততা থেকে নিজেকে সাময়িক ভাবে দূরে সরিয়ে রাখার চিন্তাভাবনা করেছেন তিনি। পরিবারের সঙ্গে একান্তে সময়ও কাটাতে চান তিনি।
২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘আখোঁ কি গুস্তাখিয়া’ ছবিতে শেষ অভিনয় করতে দেখা গিয়েছে বিক্রান্তকে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা ‘ও রোমিয়ো’ ছবিটির। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিক্রান্তকে।
সব ছবি: সংগৃহীত।