আবার বাইশ গজের এক তারকার ব্যক্তিগত জীবন নিয়ে মাতামাতি শুরু করেছেন অনুরাগীরা। আলোচনা এবং জল্পনা শুরু হয়েছে ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের প্রেমকাহিনি নিয়ে।
আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন যশস্বী জয়সওয়াল। বৈভব সূর্যবংশীর সঙ্গে তাঁর জুটি ইতিমধ্যেই দর্শকের মনে ধরেছে। দ্রুততম ভারতীয় জুটি হিসাবে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন দুই তরুণ ব্যাটার।
তাঁর খেলা যখন আইপিএলের মঞ্চে সমাদৃত হচ্ছে, ঠিক সে সময় তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা তুঙ্গে। শোনা যাচ্ছে এক ব্রিটিশ তরুণীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন যশস্বী।
জল্পনা, ম্যাডি হ্যামিলটন নামে এক তরুণীর সঙ্গে প্রেমের রসায়ন জমে উঠেছে রাজস্থান রয়্যালসের এই তারকা ওপেনারের। খেলার সময় যশস্বীর হয়ে গলা ফাটাতেও নাকি দেখা গিয়েছে ম্যাডিকে।
জল্পনার সূত্রপাত সমাজমাধ্যমে ভাইরাল একটি ভিডিয়োকে কেন্দ্র করে। সেই ভিডিয়োয় যশস্বীকে এক ‘রহস্যময়ী’ বিদেশিনির সঙ্গে বিমানবন্দরে হাঁটতে দেখা গিয়েছে। যদিও সেই ভি়ডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানবন্দরে যশস্বীর পাশে পাশে হাঁটছেন বিদেশিনি। ফুরফুরে মেজাজে রয়েছেন ক্রিকেটার। এক জন ভক্তের অনুরোধে তিনি টি-শার্টে অটোগ্রাফ দেওয়ার জন্য থামেন। এই সময় বিদেশিনিকেও যশস্বীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ভিডিয়োটি ভাইরাল হতেই তা দ্রুত দৃষ্টি আকর্ষণ করে নেটপাড়ার। ছবিটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করেন নেটাগরিকেরা। বিদেশিনির পরিচয় জানতে উঠেপড়ে লাগেন রাজস্থান রয়্যালসের ব্যাটারের অনুগামীরা।
সেই বিশ্লেষণের পর যশস্বীর অনুরাগীদের দাবি, বিমানবন্দরে যাঁর সঙ্গে তরুণ ক্রিকেটারকে দেখা গিয়েছে তিনি ম্যাডি হ্যামিলটন! ব্রিটেনের বাসিন্দা তিনি। কিন্তু কে এই ম্যাডি?
ব্রিটিশ তরুণীর সঙ্গে যশস্বীর নাম দীর্ঘ দিন ধরেই জড়িয়ে আছে। এর আগেও ভারতের ইংল্যান্ড সফরে এবং আরও অনেক অনুষ্ঠানে যশস্বীর হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে তরুণীকে।
যদিও যশস্বী বা ম্যাডি, কেউই এখনও তাঁদের সম্পর্ক নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তবে ভক্তদের মধ্যে এই ‘জুটি’কে নিয়ে জল্পনাকল্পনা তুঙ্গে। মনে করা হয়, ম্যাডি এখনও পড়াশোনার গণ্ডি পার করেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ২০২৪ সালের টেস্ট সিরিজ়ের সময় তাঁর নাম প্রথম জনসমক্ষে আসে, যখন হায়দরাবাদের দর্শকের মধ্যে তাঁকে ভারতীয় জার্সি পরে যশস্বীর জন্য উল্লাস করতে দেখা যায়।
হায়দরাবাদের সেই ঘটনার পর থেকে নিয়মিত গ্যালারিতে দেখা যায় ম্যাডিকে। কোনও গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ হোক বা আইপিএলের টানটান উত্তেজনাপূর্ণ লড়াই— গর্বের সঙ্গে ভারতীয় জার্সি এবং রাজস্থান রয়্যালসের জার্সি পরে যশস্বীর জন্য গলা ফাটান তরুণী।
২০২৪ সালের আইপিএলে ম্যাডির পরিচিতি আরও বেড়ে যায়। তাঁকে নিয়মিত রাজস্থান রয়্যালসের ম্যাচগুলিতে দলের জার্সি পরে দর্শকের সঙ্গে হাততালি দিতে এবং উদ্যাপন করতে দেখা যেত।
আইপিএল ২০২৫-এ যশস্বী এবং ম্যাডির সম্পর্কের গুঞ্জন আরও বেড়ে যায়। গত বছর ৫ এপ্রিল মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ) স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংসের একটি ম্যাচের সময় ম্যাডির একটি ছবি ভাইরাল হয়।
যদি জল্পনা সত্যি হয়, ম্যাডির সঙ্গে যশস্বীর পরিচয় তাঁর ভাই হেনরি হ্যামিলটনের মাধ্যমে। হেনরির সঙ্গে ক্রিকেটারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে শোনা যায়। হেনরিও মাঝেমধ্যেই যশস্বীর খেলা দেখতে যান।
এ ছাড়া বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ম্যাডির বন্ধু এবং পরিবারের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন যশস্বী, যা তাঁদের সম্পর্কের গুঞ্জনে উষ্ণতা এবং গভীরতার একটি নতুন মাত্রা যোগ করেছে।
তবে ম্যাডি এবং যশস্বীর সম্পর্ক নিছক বন্ধুত্ব হোক বা প্রেম— তা প্রায় তিন বছর ধরে বিকশিত হচ্ছে। আইপিএল শুরুর পরে তাঁদের সম্পর্ক নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে।
সব ছবি: সংগৃহীত এবং ইনস্টাগ্রাম।