ইউটিউব থেকে ইনস্টাগ্রাম, তাঁর ফলোয়ার সংখ্যা নেহাত কম নয়। রোজ নানা ভিডিয়ো আপলোড করে অনুরাগীদের মনোরঞ্জনের ব্যবস্থা করেন। কিন্তু সেই সমাজমাধ্যমেই এ বার হাসির খোরাক হলেন ইউটিউবার আরমান মালিক।
ছবি: ইনস্টাগ্রাম।
আরমানের দুই স্ত্রী। তাঁরা দু’জনেই সন্তানসম্ভবা। সমাজমাধ্যমে সেই খুশির খবর ভাগ করে নিয়েছেন ইউটিউবার। তাতেই তাঁকে নিয়ে ঠাট্টায় মজেছেন অনেকে।
ছবি: ইনস্টাগ্রাম।
ইনস্টাগ্রামে পারিবারিক কিছু ছবি পোস্ট করে খুশির খবর অনুরাগীদের জানিয়েছিলেন আরমান। দিন সাতেক আগে পোস্ট করা ছবিগুলিতে তিনি ছাড়াও তাঁর দুই স্ত্রী এবং ছেলেকে দেখা গিয়েছে।
ছবি: ইনস্টাগ্রাম।
ছবিতে আরমানের স্ত্রীদের স্ফীতোদর স্পষ্ট। আরমান ছবিগুলির তেমন ব্যাখ্যা করেননি। তবে তাঁর স্ত্রীরা দু’জনেই যে সন্তানসম্ভবা, ছবি দেখে বুঝতে বিশেষ অসুবিধা হয় না।
ছবি: ইনস্টাগ্রাম।
একটি ছবিতে আরমানরা ৪ জনেই ছিলেন। বাকি ছবিগুলির কোনওটিতে পায়েল, কোনওটিতে কৃতিকার সঙ্গে দেখা গিয়েছে ইউটিউবারকে। স্ত্রীদের উদরে কান পেতে, চুম্বন করে ছবি তুলেছেন আরমান।
ছবি: ইনস্টাগ্রাম।
ছবিগুলির উপরে আরমান লিখেছেন কেবল দু’টি শব্দ— ‘আমার পরিবার’। তাঁর এই পোস্ট নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
ছবি: ইনস্টাগ্রাম।
আরমানের দুই স্ত্রী হলেন পায়েল মালিক এবং কৃতিকা মালিক। ২০১১ সালে পায়েলের সঙ্গে বিয়ে হয় আরমানের। তাঁদের এক সন্তান রয়েছে। নাম চিরায়ু মালিক।
ছবি: ইনস্টাগ্রাম।
এর পর প্রথম স্ত্রী পায়েলের প্রিয় বান্ধবী কৃতিকাকে ২০১৮ সালে বিয়ে করেন আরমান। তার পর থেকে দুই বান্ধবী মিলে জনপ্রিয় এই ইউটিউবারের ঘর সামলান।
ছবি: ইনস্টাগ্রাম।
৪ সদস্য নিয়ে সুখী পরিবার আরমানের। হায়দরাবাদে থাকেন তাঁরা। আরমানের গিন্নিরা প্রায়ই সমাজমাধ্যমে একসঙ্গে নানা ছবি পোস্ট করেন।
ছবি: ইনস্টাগ্রাম।
আরমানের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ২০ লক্ষের বেশি। এ ছাড়া, ইনস্টাগ্রামে আরমানের প্রায় ১৫ লক্ষ ফলোয়ার রয়েছে।
ছবি: ইনস্টাগ্রাম।
মূলত ইউটিউবেই নানা রকম ভিডিয়ো নিয়মিত পোস্ট করেন আরমান। তিনি ছাড়া ভিডিয়োতে থাকেন তাঁর স্ত্রীরাও। দৈনন্দিন জীবনের ঘটনা, প্রেমের গল্প, সব মিলিয়ে দর্শকদের সঙ্গে রীতিমতো আড্ডা দেয় এই মালিক পরিবার।
ছবি: ইনস্টাগ্রাম।
দুই স্ত্রী এবং তাঁদের একসঙ্গে সন্তানসম্ভবা হওয়ার খবর খুব একটা ভাল চোখে দেখেননি অনেকে। কেউ কেউ ঠাট্টা করেছেন। কেউ আবার প্রশ্ন তুলেছেন, কোন গিন্নিকে বেশি ভালবাসেন আরমান?
ছবি: ইনস্টাগ্রাম।
সমাজমাধ্যমে আরমানের পোস্ট যাঁরা নিয়মিত দেখেন, তাঁরা তাঁর পারিবারিক জীবনযাপন সম্পর্কে ওয়াকিবহাল। তেমন কিছু অনুরাগী আরমানের পোস্টের নীচে মন্তব্য করেছেন, ‘‘আপনি সব সময় ছোট বৌ কৃতিকার প্রতি বেশি ভালবাসা দেখান। পায়েলকে কি ভালবাসেন না?’’
ছবি: ইনস্টাগ্রাম।
আরমানের পোস্ট নিয়ে ঠাট্টা করে কেউ কেউ লিখেছেন, ‘‘ভাই, আপনি তো আস্ত একটা ক্রিকেট দল বানিয়ে ফেলবেন।’’ কেউ আবার বলেছেন, ‘‘আমি খুবই অবাক। কী ভাবে একসঙ্গে দু’জনই সন্তানসম্ভবা হলেন!’’
ছবি: ইনস্টাগ্রাম।
তবে ঠাট্টার মাঝে কেউ কেউ ইতিবাচক বার্তাও দিয়েছেন। পরিবারে নতুন অতিথি আসছে, আরমানকে তার শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।
ছবি: ইনস্টাগ্রাম।