Burnt Garlic Noodles Recipe

রোজ ভাত-রুটি খেতে ভাল লাগে না? ঘরে বানিয়ে নিন রসুন পোড়া নুড্‌লস, নামমাত্র উপকরণেই হবে

অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই বানানো যায় রসুনপোড়া নুড্‌লস। খুব কম সময়ে তৈরি হতে পারে সুস্বাদু, নতুন ধরনের এই রান্না। এর সবচেয়ে বড় আকর্ষণ হল হালকা পোড়া রসুনের ধোঁয়াটে সুবাস, যা সাধারণ নুড্‌লসে বিশেষ মাত্রা যোগ করে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ২০:৩০
রসুনপোড়া নুড্‌লসের রেসিপি।

রসুনপোড়া নুড্‌লসের রেসিপি। ছবি: সংগৃহীত।

দুপুরে হোক বা রাতে, রোজ ভাত আর রুটি খেতে কারই বা ভাল লাগে? তাই তো বার বার অর্ডার করে টাকা নষ্ট করা ও স্বাস্থ্যের উপর অত্যাচার শুরু হয়। তার বদলে অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই বানানো যায় রসুনপোড়া নুড্‌লস। খুব কম সময়ে তৈরি হতে পারে সুস্বাদু, নতুন ধরনের এই রান্না। এর সবচেয়ে বড় আকর্ষণ হল হালকা পোড়া রসুনের ধোঁয়াটে সুবাস, যা সাধারণ নুড্‌লসে বিশেষ মাত্রা যোগ করে। রইল রন্ধনকৌশল।

Advertisement

উপকরণ

২০০ গ্রাম নুড্‌লস

১০-১২টি রসুনের কোয়া

২ টেবিল চামচ তেল

১ টেবিল চামচ সয়া সস

১ চা চামচ চিলি ফ্লেক্স

১ চা চামচ ভিনিগার

স্বাদমতো নুন

স্বাদমতো গোলমরিচ

গার্নিশিংয়ের জন্য পেঁয়াজকলি

প্রণালী

জলে নুড্‌লস সেদ্ধ করে সেই জল ছেঁকে ফেলে দিন। রসুনের কোয়াগুলি মিহি করে কুচিয়ে নিন। এ বার কড়াই বা ফ্রায়িং প্যানে তেল গরম করে তাতে রসুনকুচি ঢেলে দিন। মাঝারি আঁচে রসুন ভাজতে থাকুন। সোনালি থেকে হালকা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হালকা মুচমুচেও হবে রসুন। এই রান্নার মূল রহস্য লুকিয়ে রয়েছে রসুন ভাজাতেই। রসুনকে সোনালি থেকে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজা হয়। পোড়া রসুন মানে কিন্তু আক্ষরিক অর্থে পুড়িয়ে ফেলা নয়, বরং সময় নিয়ে ধীরে ধীরে রসুনটাকে মুচমুচে করে ভেজে নেওয়া। এই সময়েই তৈরি হয় তার বিশেষ গন্ধ ও স্বাদ।

রসুন ভাল করে ভাজা ভাজা হয়ে গেলে এ বার সয় সস, ভিনিগার, নুন, চিলি ফ্লেক্স ও গোলমরিচ মেশান। ভাল করে নাড়াচাড়া করে নেওয়ার পর তাতে সেদ্ধ নুড্‌লস দিয়ে দিন। বেশ সুন্দর ধোঁয়াটে গন্ধ ছড়াবে এবং উপকরণের গন্ধে হেঁশেল ভরে উঠবে। ভাল করে মিশিয়ে নেওয়ার পর শেষে পেঁয়াজকলির পাতা উপরে ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

Advertisement
আরও পড়ুন