Shnutki Recipe of Garo

বিন্দুমাত্র তেল ছাড়া রান্না হবে শুঁটকি, সঙ্গে থাকুক পোনা মাছ ও লতি, মাখা মাখা রান্নায় জমে যাক ভোজ

গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রান্নায় এক ফোঁটা তেল লাগে না। কেবল মশলা ‌আর জলের মিশেলে সুস্বাদু এক পদ রেঁধে খেতে পারেন গরম ভাতের সঙ্গে। শিখে নিন প্রণালী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৩:২৪
শুঁটকির বিশেষ রান্নার রেসিপি।

শুঁটকির বিশেষ রান্নার রেসিপি। ছবি: এআই সহায়তায় তৈরি।

শুঁটকি খেতে ভালবাসেন? গারো সম্প্রদায়ের এক বিশেষ রান্না শিখে নিতে পারেন তা হলে। এক ফোঁটা তেল লাগবে না। মশলা ‌আর জলের মিশেলে সুস্বাদু এক পদ রেঁধে খেতে পারেন গরম ভাতের সঙ্গে। তবে শুঁটকি ও রসুনের গন্ধই এই রান্নার মুখ্যচরিত্র বটে। গারো রন্ধনশিল্পীদের কাছে এই রান্না হল সবচেয়ে সহজ, কম খাটনির।

Advertisement

উপকরণ

৪ টুকরো পোনা মাছ

৭টি সিদল শুঁটকি (টুকরো করা)

১টি পেঁয়াজের কুচি

১ চা চামচ রসুনবাটা

১ চা চামচ হলুদগুঁড়ো

১ চা চামচ লঙ্কাগুঁড়ো

১ আঁটি কচুর লতি

স্বাদমতো নুন

অল্প জল

প্রণালী

একটি বড় কড়াইয়ে পোনা মাছ, শুঁটকি, রসুনবাটা, লঙ্কাগুঁড়ো, হলুদগুঁড়ো, পেঁয়াজকুচি, লঙ্কা একসঙ্গে মিশিয়ে মাখিয়ে নিন। এ বার তাতে কচুর লতিগুলি ঢেলে দিন। সব উপকরণ ভাল করে একে অপরের সঙ্গে যেন মিশে যায়, সে দিকে লক্ষ রাখতে হবে। ভাল করে নাড়াচাড়া করে তার পর তাতে অল্প জল ঢেলে দিন।

এ বার গ্যাস জ্বালিয়ে মাঝারি আঁচে রান্না করুন। মাঝেমধ্যে নাড়াচাড়া করতে হবে। জল ধীরে ধীরে শুকিয়ে এলে আঁচ বন্ধ করে দিন। চাইলে উপর দিয়ে অল্প ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন।

যদি শুঁটকির গন্ধ দূর করতে চান, তা হলে রসুনের পরিমাণ খানিক বাড়িয়ে দিতে পারেন। তা ছাড়া ধনেপাতাও শুঁটকির গন্ধ দূর করবে। এই রান্নায় খাটনিও কম, আবার তেল নেই বলে পুষ্টিকরও বটে। গরম ভাতের সঙ্গে মাখা মাখা এই রান্না দুর্দান্ত লাগতে পারে শুঁটকিপ্রেমীদের।

Advertisement
আরও পড়ুন