Bengali Potol Recipe

চিংড়ি দিয়ে পটলের দোলমা খেয়েছেন, এ বার রান্না করুন ভিন্ন স্বাদের এক বড়া, ডুবে থাকবে ঝোলে

পটল দিয়ে একটু ভিন্ন স্বাদের রান্না করে দেখুন। ঝোলে ডুবে থাকা চিংড়ি-পটলের বল খেতেও হবে সুস্বাদু।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১১:৪০
পটলের ডুবকি কী ভাবে বানাবেন?

পটলের ডুবকি কী ভাবে বানাবেন? ছবি: সংগৃহীত।

রান্নায় চিংড়ি আর পটলের যুগলবন্দি ভোজনরসিকদের কাছে বরাবর পছন্দের। সাধারণ আলু-পটলের ঝোলেও যদি কয়েকটা চিংড়ি পড়ে, স্বাদ পাল্টে যায়। আবার চিংড়ি দিয়ে পটলের দোলমাও রাজকীয়। তবে দোলমা বা চিংড়ি-পটলের ঝোল, গা-মাখা তরকারি নয়, বানিয়ে ফেলুন চিংড়ি দিয়ে পটলের ডুবকি।

Advertisement

উপকরণ

৪-৫টি কচি পটল

২০০ গ্রাম মাঝারি মাপের চিংড়ি

১ টেবিল চামচ হলুদ

২ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

৫-৬টি কাঁচালঙ্কা

স্বাদমতো নুন-চিনি

১ টেবিল চামচ আদাবাটা

১ টেবিল চামচ রসুনবাটা

এক কাপ মটরডাল

২টি বড় পেঁয়াজ কুচোনো

১ টেবিল চামচ জিরে

১টি মাঝারি টম্যাটো কুচোনো

আধ চা-চামচ জিরেগুঁড়ো

১-২ টেবিল চামচ জল ঝরানো টক দই

প্রণালী: পটলের খোসা পুরোপুরি না ছাড়িয়ে ছুরির ভোঁতা দিক ঘষে উপরের ছালটি তুলে নিন। পটল চার টুকরো করে কেটে নিন। মটর ডাল আগে থেকে ভিজিয়ে রাখুন। চিংড়ি মাছ নুন-হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিন।

মিক্সিতে পটল, মটর ডাল, কাঁচা লঙ্কা, নুন, চিংড়ি, ২-৩ কোয়া রসুন এবং সর্ষের তেল দিয়ে ভাল করে ঘুরিয়ে নিন। মিশ্রণটি হবে শুকনো। তা দিয়ে বলের আকার তৈরি করে সরিয়ে রাখুন।

কড়াইয়ে তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন জিয়ে মিহি করে কুচোনো পেঁয়াজ দিন। আদা-রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নিন। যোগ করুন টম্যাটোকুচি। দিয়ে দিন জিরে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়োলঙ্কা। ভাল করে কষতে থাকুন, যত ক্ষণ না তেল ছাড়ে। আঁচ কমিয়ে ফেটানো টক দই দিয়ে নাড়তে থাকুন। দিয়ে দিন স্বাদমতো চিনি। বেশ কিছুটা গরম জল ঢেলে মাঝারি আঁচে মিনিট পাঁচেক রান্না করুন। তার পরে চিংড়ির বলগুলি ধীরে ধীরে ঝোলে দিয়ে দিন। মিশ্রণটি ভাজার দরকার নেই আলাদা করে। ঝোলে দিয়ে ঢাকা দিন। ঝোলের ভাপেই সেটি রান্না হবে এবং মশলার স্বাদ ভিতরে ঢুকবে। পটলের ডুবকি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে।

Advertisement
আরও পড়ুন