ইলিশের ঝোল তবে বেগুন নিয়ে হবে পিটুলি দিয়ে। কী এই রান্না? ছবি:সংগৃহীত।
বর্ষার মরসুম মানেই ইলিশপ্রেমীদের সুদিন। বছরভর ইলিশ মিললেও, এমন মরসুমে বড়সড় ইলিশের স্বাদই আলাদা। এই মাছ এতটাই সুস্বাদু যে, ঝোল, ভাজা, ভাপা, যে ভাবেই খাওয়া হোক না কেন স্বাদ মুখে লেগে থাকে। ইলিশের জনপ্রিয় রান্নার মধ্যে সর্ষে ইলিশ, বেগুন দিয়ে ঝোল, ভাপা থাকে। তবে স্বাদ বদলে বানিয়ে ফেলুন ইলিশ-পিটুলি।
পূর্ববঙ্গে ‘পিটুলি’ বলা হয় চালের গুঁড়োকে। গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে ফেলুন ইলিশের ঝোল। নামমাত্র উপকরণে রান্না হলেও, ইলিশ ভাল হলে স্বাদ হবে মুখে লেগে থাকার মতো।
উপকরণ
৪-৫ টুকরো বড় মাপের ইলিশ
৫-৬টি কাঁচালঙ্কা
আধ চা-চামচ কালোজিরে
৩-৪ টেবিল চামচ গোবিন্দভোগ চালবাটা
স্বাদমতো নুন
১ চা-চামচ হলুদ
প্রণালী: ইলিশ মাছ নুন এবং হলুদ মাখিয়ে রাখুন অন্তত এক-দুই ঘণ্টা। কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিন। তেল গরম হলে কালোজিরে এবং চেরা কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে মাছ এক মিনিট করে এপিঠ-ওপিঠ ভেজে নিন। জল দিয়ে নিন বেশ কিছুটা। কিছুটা ঝোল থাকবে এতে। যোগ করুন সামান্য নুন।
আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল মিহি করে বেটে নিন। ইলিশের ঝোল ফুটে এলে আঁচ কমিয়ে চালবাটা দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। ঢাকা দিয়ে মিনিট পাঁচেক হতে দিন। ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন। রান্না সহজ হলেও এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। গরম ভাতের সঙ্গে তা পরিবেশন করুন।