Fish Recipe

রুই-কাতলা মুখ রুচছে না? মাছ নয়, বদলে ফেলুন রান্নার পন্থা, স্বাদ ফেরাবে তিলসুন্দরী

ঝোল, কালিয়া, ঝাল, ভাপা— এই সব মাছের নিত্যনৈমিত্তিক রান্না। তবে কখনও কখনও সব স্বাদই একঘেয়ে ঠেকে। রুই, কাতলার মতো মাছ দিয়ে বানিয়ে ফেলুন তিলসুন্দরী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১১:৩৪

ছবি: সংগৃহীত।

মাছ সব সময় বদলানো না-ও যেতে পারে। বরং স্বাদে বৈচিত্র আনতে সাদা তিল দিয়ে বানিয়ে ফেলুন রুই মাছের তিলসুন্দরী।

Advertisement

উপকরণ

৪ টুকরো রুই মাছ

২ টেবিল চামচ গোবিন্দভোগ চাল

৩-৪ টেবিল চামচ সাদা তিল

৩-৪টি লবঙ্গ

আধ ইঞ্চি আদা

২-৩টুকরো দারচিনি

৩-৪টি কাঁচালঙ্কা

একমুঠো ধনেপাতা

স্বাদমতো নুন, চিনি

২টি শুকনো লঙ্কা

১ চা-চামচ জিরে

প্রণালী:

মাছ নুন-হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিন।

চাল, সাদা তিল, গরম মশলা শুকনো খোলায় নাড়াচাড়া করে জল দিয়ে বেটে নিন। আদা, কাঁচালঙ্কা আলাদা করে বেটে রাখুন।

কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিন। যোগ করুন আদা-লঙ্কা বাটা। হালকা কষিয়ে যোগ করুন সাদা তিল বাটা। স্বাদমতো নুন-চিনি দিয়ে আঁচ কমিয়ে কষাতে থাকুন। তেল ছেড়ে এলে দিতে হবে মাছ। রান্নাটি সাদা হতে পারে, আবার চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কেউ দিতে পারেন। মাছ হালকা নাড়াচাড়া করে অল্প গরম জল দিয়ে আঁচ কমিয়ে ফুটতে দিন। একেবারে শেষ ধাপে ধনেপাতা হামানদিস্তায় থেঁতো করে ছড়িয়ে দিন। গরম ভাতে তিলসুন্দরী দারুণ লাগবে।

Advertisement
আরও পড়ুন