Summer Special Recipes

চেখে দেখুন দই আর বেগুনের অন্যরকম যুগলবন্দি, ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন বেগুন বাহার

মাছ, মাংস কিংবা অন্যান্য সব্জি দিয়ে যেমন নানা বাহারি পদ বানানো যায়, বেগুন দিয়ে চেনা দু’-একটি খাবার ছাড়া কী বানানো যায়, সেটা অনেকেই বুঝতে পারেন না। বেগুন দিয়ে বানিয়ে ফেলতে পারেন বাহারি বেগুন। দই বেগুন খেয়েছেন হয়তো, তবে একটু ভিন্ন স্বাদ পেতে বানিয়ে ফেলুন এই রেসিপি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৯:১৪
ভিন্ন স্বাদের দই বেগুন।

ভিন্ন স্বাদের দই বেগুন। ছবি: সংগৃহীত।

ডাল, ভাতের সঙ্গে বেগুন ভাজা থাকলে মন খুশিতে ভরে ওঠে অনেকেরই। আবার সন্ধ্যায় মুড়ির সঙ্গে বেগুনি থাকলে জমে যায় টিফিন। নিরামিষ তরকারি তো বেগুন ছাড়া অসম্পূর্ণ। বেগুন আর কালোজিরে দিয়ে মাছের পাতলা ঝোলের স্বাদ মুখে লেগে থাকে। তবে মাছ, মাংস কিংবা অন্যান্য সব্জি দিয়ে যেমন নানা বাহারি পদ বানানো যায়, বেগুন দিয়ে চেনা দু’-একটি খাবার ছাড়া কী বানানো যায়, সেটা অনেকেই বুঝতে পারেন না। বেগুন দিয়ে বানিয়ে ফেলতে পারেন বাহারি বেগুন। দই বেগুন খেয়েছেন হয়তো, তবে একটু ভিন্ন স্বাদ পেতে বানিয়ে ফেলুন এই রেসিপি।

Advertisement

উপকরণ:

৫টি লম্বা বেগুন (বোঁটাসহ)

১ টেবিল চামচ হলুদগুঁড়ো

১ টেবিল চামচ লঙ্কাগুঁড়ো

স্বাদমতো নুন, চিনি

১ কাপ টক দই

৩ টেবিল চামচ পেঁয়াজবাটা

১ টেবিল চামচ রসুনবাটা

আধ চা চামচ আদাবাটা

২-৩ টেবিল চামচ ধনেপাতাকুচি

২ টেবিল চামচ কাঁচালঙ্কাকুচি

১ টেবিল চামচ ভাজা পোস্ত

পরিমাণ মতো সর্ষের তেল

প্রণালী:

একটি পাত্রে বেগুন নিয়ে তাতে নুন, হলুদ, চিনি আর লঙ্কাগুঁড়ো দিয়ে মিনিট পাঁচেক মাখিয়ে রাখুন। এ বার কড়াইতে সর্ষের তেল গরম করে বেগুনগুলি লাল করে ভেজে তুলে রাখুন। এ বার ওই তেলে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। তার পর লঙ্কাগুঁড়ো আর সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করুন। মশলা থেকে তেল ছেলে এলে গ্যাস বন্ধ করে দিন। এ বার একটি বাটিতে জল ঝরানো টকদইয়ে নুন আর সামান্য চিনি দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এ বার দইয়ের মিশ্রণে বানিয়ে রাখা মশলাটি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। থালার উপর বেগুনগুলি সাজিয়ে তার উপর দইয়ের মিশ্রণ, কাঁচালঙ্কাকুচি, ধনেপাতাকুচি আর পোস্ত ছড়িয়ে পরিবেশন করুন বাহারি বেগুন।

Advertisement
আরও পড়ুন