অল্প তেলে বেগুন ভাজবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।
গরম ভাত হোক বা রুটি অথবা লুচি, চাকা করে কাটা, কিংবা বোঁটা-সহ বেগুন ভাজার স্বাদ যেন অতুলনীয়। তবে সমস্যা একটাই, বেগুন প্রচণ্ড তেল শুষে নেয়। ভাজতে গেলে অনেক তেল লাগে। ফলে, স্বাস্থ্য সচেতনদের অনেকেই তেলের গেরোয় বেগুন ভাজা খুশি মনে খেতে পারেন না।
এই সমস্যার সমাধান হতে পারে ছোট কয়েকটি কৌশলে। কম তেলে বেগুন ভাজারও পন্থা আছে। জেনে নিন সেগুলি।
১। চাকা করে বেগুন কেটে নুন-হলুদ মাখিয়ে রাখুন। একটি ডিমের তরল সাদা অংশ আলাদা করে নিন। সেটি ব্রাশের সাহায্যে বেগুনের দুই পিঠে মাখিয়ে নিন। ননস্টিক কড়াইয়ে অল্প তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তার পরে উল্টে-পাল্টে ভেজে নিন। ডিমের সাদা অংশের পরত থাকায়, ছিদ্রুযুক্ত বেগুন বেশি তেল শুষতে পারবে না।
২। পন্থা আছে আরও। বেগুন চাকা করে কাটুন, কিন্তু একটু পাতলা করে। নুন-হলুদের সঙ্গে তেলও মাখিয়ে নিন বেগুনের দুই পিঠে। ননস্টিক তাওয়ায় অল্প তেল দিন। তাওয়া গরম হলে বেগুনগুলি দিয়ে দিন। মধ্যম আঁচে চাপা দিয়ে ভাজতে হবে। মাঝেমধ্যে তাওয়ায় অল্প করে জলের ছিটে দিয়ে ঢাকা দিয়ে দিন। জলের বাষ্প বা ভাপেই বেগুন সেদ্ধ হয়ে যাবে।
৩। বেগুনের গায়ে বেসন, নুন, লঙ্কাগুঁড়ো, চিনি মাখিয়ে নিন। ননস্টিক কড়াইয়ে অল্প তেল দিয়ে, ঢাকা দিয়ে বেশি সময় ধরে বেগুন ভাজতে হবে। চাইলে বেগুনে তেল মাখিয়ে এয়ার ফ্রায়ারেও দিতে পারেন। এতেও নামমাত্র তেলে বেগুন ভাজা হয়ে যাবে।