IPL 2026

পন্থের পদত্যাগের পর লখনউয়ের পরবর্তী অধিনায়ক কে? দুই ক্রিকেটারের নাম প্রস্তাব কেকেআরের প্রাক্তন ব্যাটারের

লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কের পদ ছেড়েছেন ঋষভ পন্থ। দলের পরবর্তী অধিনায়ক কে হবেন? লখনউকে দু’টি প্রস্তাব কেকেআরের প্রাক্তন ক্রিকেটারের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৭:৩৫
cricket

ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

পর পর দুই মরসুমে ব্যর্থতার দায় নিজের ঘাড়ে নিয়েছেন ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কের পদ ছেড়েছেন পন্থ। দলের পরবর্তী অধিনায়ক কে হবেন? লখনউকে দু’টি প্রস্তাব দিয়েছেন কেকেআরের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।

Advertisement

সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তায় আকাশ বলেন, “আমার মতে মিচেল মার্শ বা এডেন মার্করামের মধ্যে একজনকে অধিনায়ক করা হবে। দু’জনেই জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন। তাঁরা জানেন, কী ভাবে দলকে সামলাতে হয়।” অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক মার্শ। মার্করামের নেতৃত্বে বিশ্বকাপের ফাইনাল খেলেছে দক্ষিণ আফ্রিকা। তাই এই দুই অধিনায়কের একজনকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন আকাশ।

পাশাপাশি জশ ইংলিসের কথাও শোনা গিয়েছে আকাশের মুখে। পাকিস্তানে অস্ট্রেলিয়ার এক দিনের দলের অধিনায়কত্ব করবেন তিনি। কিন্তু তিনি ধারাবাহিক ভাবে নেতৃত্ব দেন না। নিকোলাস পুরানও একটা সময় ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়কত্ব করেছেন। কিন্তু এই দু’জনের থেকে এগিয়ে মার্শ ও মার্করাম।

দু’বছর আগে মেগা নিলামে ২৭ কোটি টাকা দিয়ে পন্থকে কিনেছিল লখনউ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। ২০২৫ সালে ছ’টি ম্যাচ জিতেছিল লখনউ। ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে শেষ করেছিল তারা। এ বার আরও খারাপ হাল পন্থের দলের। মাত্র চারটি ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে একেবারে শেষে রয়েছেন পন্থেরা। তার পরেই অধিনায়কত্ব ছেড়েছেন তিনি।

শুক্রবার লখনউ এক বিবৃতিতে জানিয়েছে, পন্থ নিজেই অনুরোধ করেছিলেন যাতে তাঁকে নেতৃত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। দল তাঁর সেই অনুরোধ মেনে নিয়েছে। মুডি বলেছেন, “ঋষভ দলকে একটা অনুরোধ করেছিল। আমরা সম্মানের সঙ্গে তা গ্রহণ করেছি। এ ধরনের সিদ্ধান্ত মোটেই সহজ নয়। অধিনায়ক হিসাবে ঋষভ সাজঘরে যে পরিবেশ তৈরি করেছিল তাতে আমরা কৃতজ্ঞ। আপাতত সেরাদের সঙ্গে তাল মিলিয়ে দলকে নতুন ভাবে তৈরি করা এবং পুনর্গঠন করাই আমাদের প্রধান লক্ষ্য।” এখন দেখার, নতুন অধিনায়ক হিসাবে কাকে দায়িত্ব দেয় লখনউ।

Advertisement
আরও পড়ুন