অর্ধশতরানের পর অভিষেক শর্মা। ছবি: সমাজমাধ্যম।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশেষে ছন্দে ফিরলেন অভিষেক শর্মা। বৃহস্পতিবার জ়িম্বাবোয়ের বিরুদ্ধে অর্ধশতরান করলেন তিনি। চিন্তা মিটল সমর্থকদের। অভিষেক নিজেও জানালেন, দীর্ঘ দিন ধরে এই মুহূর্তটারই অপেক্ষা করছিলেন। সাফল্যে জন্য কৃতিত্ব দিয়েছেন গোটা দলকে।
বিশ্বকাপের একটি ম্যাচে পেটের সমস্যার কারণে খেলতে পারেননি। গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচেই শূন্য করেন অভিষেক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১৫ রান করেন। অবশেষে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে আবার ফর্মে দেখা গেল তাঁকে।
ম্যাচের মাঝে কথা বলতে এসে অভিষেক বললেন, “রান করলে সব সময়েই ভাল লাগে। দলের জন্য অবদান রাখতেও পেরেছি। অনেক দিন ধরে এই মুহূর্তটার অপেক্ষা করছিলাম। অবশেষে সেটা হয়েছে। আমি খুব খুশি।”
এ দিন ২৬ বলে অর্ধশতরান করেছেন অভিষেক। এটি তাঁর দ্বিতীয় মন্থরতম অর্ধশতরান। কেন হঠাৎ মাঝের দিকে ধীরগতিতে ব্যাট করছিলেন? অভিষেকের উত্তর, “ইচ্ছাকৃত ভাবে ধীরগতিতে ব্যাট করিনি। কয়েকটা বল খেলার পর চেষ্টা করছিলাম পিচে যতটা সম্ভব সময় কাটানোর। কারণ এই ম্যাচের আগে গোটা প্রতিযোগিতায় ১০-১২ বলও খেলতে পারিনি। তাই ক্রিজ়ে একটু সময় কাটানোও লক্ষ্য ছিল। যে ভাবে আমার পাশে দাঁড়িয়েছে তার জন্য গোটা দলকে ধন্যবাদ দিতে চাই। শেষের দিকে মনেই হয়নি যে আমি দলের হয়ে রান করতে পারছি না। এতটাই ভাল ভাবে আমার খেয়াল রেখেছে সকলে।”
অভিষেকের সংযোজন, “অনুশীলনই হোক বা হোটেল, সকলে সব সময় আমার পাশে ছিল। সকলেই এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল। আমাকে বার বার এটাই মনে করাচ্ছিল যে, আগে অনেক রান করেছি আমি। তাই এ বারও রান পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। নিজের প্রতি বিশ্বাস রাখতে বলেছিল। সেটাই করেছি আমি।”
জ়িম্বাবোয়ের বিরুদ্ধে প্রত্যেকেই দু’অঙ্কের রান পেয়েছেন। শেষের দিকে হার্দিক পাণ্ড্য এবং তিলক বর্মার ঝোড়া ব্যাটিং ভারতের রান ২৫০ পেরিয়ে যায়? অভিষেকের মনে হয়েছে, শেষের দিকে যেন ভিডিয়ো গেমে ব্যাটিং দেখছিলেন।
ভারতের ওপেনারের কথায়, “যে ভাবে ওরা ইনিংসটা শেষ করল তাতে মনে হল যেন ভিডিয়ো গেম দেখছিলাম। দলের মধ্যে সেই সাহসটা ফিরে এসেছে। ঠিক যে ভাবে গত বছর খেলেছিলাম, সে ভাবেই খেলতে পেরেছি। দলের মধ্যে গত কাল আলোচনা হয়েছিল যে, যদি আমরা এটা বুঝতে পারি যে, প্রচুর খেলেছি, তা হলে মাঠে নেমে খোলা মনে খেলতে হবে। অনুশীলনেও সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। ব্যাটার হিসাবে খোলা মনে খেলার স্বাধীনতা সকলের রয়েছে। সেটাই করেছি আমরা।”