অভিষেক শর্মা। ছবি: পিটিআই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে শূন্যের হ্যাটট্রিক করেছেন অভিষেক শর্মা। একটি ম্যাচেও রান করতে পারেননি। গত বছর ছন্দে থাকা ক্রিকেটারের হঠাৎ কী হল, তা নিয়ে জল্পনা চলছে। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে অভিষেক জানিয়ে দিলেন, শূন্য করা নিয়ে চিন্তিত নন তিনি। নিজের মানসিকতাও বদলাবেন না তিনি।
‘স্টার স্পোর্টস’-এর ভিডিয়োয় অভিষেক বলেছেন, “আমি নিজের ব্যাটিং উপভোগ করি। দু’বছর আগেই চাপ নেওয়া ছেড়ে দিয়েছি। কারণ আমি জানি শুধু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করাই আমার হাতে রয়েছে। সেটা অনুশীলন হোক বা ম্যাচ, আমি একই জিনিস অনুসরণ করার চেষ্টা করি।”
অভিষেক জানিয়েছেন, একজন ব্যাটারের কেরিয়ারে উত্থান-পতন থাকবেই। তাই নিজের ফর্ম নিয়ে আর উদ্বেগে ভোগেন না তিনি। নিজের সাহস এবং পদ্ধতি নিয়েই ভাবতে চান। সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে যে আলোচনা হচ্ছে তা মাথায় রাখতে চান না।
ভারতের ওপেনার বলেছেন, “আমি খুব বেশি চাপ নিতে পারি না। ব্যাটার হিসাবে সকলের জীবনেই উত্থান-পতন থাকে। কখনও সখনও আপনি রান করেন। কখনও করেন না। ব্যক্তিগত ভাবে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে আমি ঠিক করি, এ ভাবেই আমাকে খেলতে হবে। অর্থাৎ একটা আগ্রাসন আনতে হবে। হয়তো তাতে সব সময় ফলাফল পাওয়া যাবে না। তার জন্য নিজের আগ্রাসন বা পদ্ধতি বদলাতে রাজি নই।”