IPL 2026

অপরাজিত পঞ্জাব শিবিরে হঠাৎ শোকের ছায়া, পারিবারিক বিপর্যয় শ্রেয়সের দলের অলরাউন্ডারের

আইপিএলে এখনও অপরাজিত শ্রেয়স আয়ারের পঞ্জাব কিংস। ফুরফুরে মেজাজে রয়েছেন ক্রিকেটারেরা। তার মধ্যে হঠাৎ শোকের ছায়া শ্রেয়সের দলে। মাতৃবিয়োগ হয়েছে দলের এক ক্রিকেটারের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ২২:০৩
picture of cricket

শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।

আইপিএলে অপ্রতিরোধ্য শ্রেয়স আয়ারের পঞ্জাব কিংস। কোনও দল হারাতে পারছে না তাদের। সুখের এই সময়েই হঠাৎ দুঃখের আবহ পঞ্জাব শিবিরে। দলের আফগান অলরাউন্ডার আজ়মতুল্লা ওমরজ়াইয়ের পারিবারিক বিপর্যয়ে শোকের পরিবেশ শ্রেয়সদের শিবিরে।

Advertisement

ওমরজ়াইয়ের মা মারা গিয়েছেন। বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন ২৬ বছরের অলরাউন্ডারের মা। তাঁর মৃত্যুর খবর সমাজমাধ্যমে দিয়েছেন ওমরজ়াইয়ের জাতীয় দলের দুই সতীর্থ মহম্মদ নবি এবং করিম জনত। কঠিন সময়ে ওমরজ়াইয়ের পাশে থাকার বার্তা দিয়েছেন আফগানিস্তানের দুই ক্রিকেটার।

জনত সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘আফগানিস্তানের জাতীয় দলের ক্রিকেটার আজ়মতুল্লা ওমরজ়াইয়ের মায়ের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। আল্লা তাঁকে স্বর্গে স্থান দিন এবং পরিবারকে শক্তি দিন। এই গভীর শোকের মুহূর্তে আমরা সকলে ওদের পাশে রয়েছি।’’ নবি সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, নবাব খান ওমরজ়াই এবং আমাদের জাতীয় দলের খেলোয়াড় আজ়মতুল্লা ওমরজ়াইয়ের মা প্রয়াত হয়েছেন। আল্লা তাঁকে স্বর্গের সর্বোচ্চ স্থানে আসিন করুন। তাঁর গোটা পরিবারকে ধৈর্য্য এবং শক্তি দান করুন।’’

এই পরিস্থিতিতে ওমরজ়াই দেশে ফিরবেন কিনা পরিষ্কার নয়। ২৮ এপ্রিল পঞ্জাবের ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেই ম্যাচে ওমরজ়াইকে পঞ্জাব পাবে কিনা, তা-ও পরিষ্কার নয়। পঞ্জাব কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছু জানাননি। চলতি মরসুমে এখনও আইপিএলের কোনও ম্যাচ খেলেননি ওমরজ়াই। আইপিএলে মোট ১৬টি ম্যাচে ৯৯ রান এবং ১২টি উইকেট রয়েছে আফগান অলরাউন্ডারের।

Advertisement
আরও পড়ুন