বৈভব সূর্যবংশীর (ডান দিকে) অর্ধশতরানের পর হাততালি দিচ্ছেন যশস্বী জয়সওয়াল। ছবি: পিটিআই।
তিনি নিজেও বড় তারকা। গত মরসুম পর্যন্ত রাজস্থান রয়্যালসের ভিত গড়ে দেওয়ার দায়িত্ব তাঁর কাঁধেই ছিল। কিন্তু এ বার ছবিটা বদলেছে। এ বার বৈভব সূর্যবংশী ছিনিয়ে নিয়েছে সব আলো। বৈভবের ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল। ফলে তাঁকে দল ছাড়ার পরামর্শ দিয়েছেন অম্বাতি রায়ডু।
আইপিএলের এলিমিনেটরে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৯ বলে ৯৭ রানের ইনিংস খেলেছে বৈভব। সেই একই ২৯ বলে ২৯ রান করেছেন যশস্বী। রায়ডুর মতে, যশস্বীর উচিত দল ছাড়া। তিনি বলেন, “যশস্বীর উচিত দল বদলানো। কারণ, এমন একজন যার ছায়ায় ও বার বার ঢাকা পড়ছে, তার সঙ্গে খেলা কঠিন। যশস্বী তো নিজেও তারকা। অন্য দলে গেলেও ও ম্যাচ জেতাবে। ওর সেই জায়গাটা প্রয়োজন। কারণ, দলের জুনিয়র ক্রিকেটারের ছায়ায় ঢাকা পড়লে সিনিয়র ক্রিকেটারের আত্মবিশ্বাস কমে যায়। ওর উচিত, ব্যাটিং উপভোগ করা। কিন্তু সেটা ও রাজস্থানে পারছে না।”
কোন দলে গেলে যশস্বীর ভাল হবে সেই কথাও শোনা গিয়েছে রায়ডুর মুখে। তিনি বলেন, “মুম্বই ইন্ডিয়ান্সে গেলে ওর ভাল হবে।” যশস্বী মুম্বইয়ের হয়েই তাঁর বেশির ভাগ ঘরোয়া ক্রিকেট খেলেছেন। সেখানে রোহিত শর্মা ওপেন করেন। তিনি কেরিয়ারের শেষ প্রান্তে রয়েছেন। ফলে যশস্বী সেখানে গেলে তাঁর ভাল হবে বলে মনে করেন রায়ডু।
মুম্বই ছাড়াও কেকেআরের মতো দলেও যশস্বী যোগ দিতে পারেন। দুই মরসুমে ওপেন করতে নেমে অজিঙ্ক রাহানে খুব একটা ভাল খেলতে পারেননি। তাঁর বয়স হয়েছে। যদি যশস্বী কেকেআরে আসেন, তা হলে ফিন অ্যালেনের সঙ্গে ভাল ওপেনিং জুটি পাবে কেকেআর। ধারাবাহিক ভাবে সুযোগ পাবেন তিনি। অনেক চাপমুক্ত হয়ে খেলতে পারবেন। ঘরোয়া ক্রিকেটে মুম্বই ছেড়ে গোয়ায় গিয়েছেন যশস্বী। এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট, মুম্বই ক্রিকেট সংস্থার সঙ্গে তাঁর বনিবনা হচ্ছে না। তা ছাড়া মুম্বইয়ে রোহিত ছাড়াও রায়ান রিকেলটন ও কুইন্টন ডি’ককের মতো দুই ওপেনার রয়েছেন। বাকি সব দলেও ওপেনিং জুটি নির্দিষ্ট। ফলে কেকেআর ভাল বিকল্প হতে পারে যশস্বীর।
চলতি আইপিএলে যশস্বী যে খুব খারাপ খেলেছেন তা নয়। ১৫ ম্যাচে ৪২৬ রান করেছেন তিনি। ৩২.৭৭ গড় ও ১৫৩.২৩ স্ট্রাইক রেটে রান করেছেন। তিনটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। কিন্তু গোটা আইপিএল জুড়ে নাম হয়েছে বৈভবের। সব আলোচনা তাকে নিয়েই। সেই কারণেই যশস্বীকে পরামর্শ দিয়েছেন রায়ডু। এখন দেখার, আইপিএলে যশস্বীর ভবিষ্যৎ কোন খাতে যায়।