IPL 2026

৭, ১৮, ৪৫ নম্বরের ক্লাবে এ বার ০৩! জার্সির বিক্রিতে ধোনি, কোহলি, রোহিতের সঙ্গে লড়াই বৈভবের

বৈভব সূর্যবংশীর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। যা পরিস্থিতি তাতে জার্সির চাহিদায় মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মার সঙ্গে জোর টক্কর দিচ্ছে বৈভব।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৫:৫১
cricket

বৈভব সূর্যবংশী। ছবি: এক্স।

ভারতের যে কোনও ক্রিকেট স্টেডিয়ামে ঢুকলে তিন জনের জার্সি সবচেয়ে বেশি চোখে পড়ে। মহেন্দ্র সিংহ ধোনির ৭, বিরাট কোহলির ১৮ ও রোহিত শর্মার ৪৫। তাঁদের খেলা না থাকলেও এই তিন জনের জার্সি পরে মাঠ ভরাতে দেখা যায় অনেককে। তবে কার জার্সি বেশি দেখা যায়, তা নিয়ে লড়াই চলতে পারে। সেই লড়াইয়ে এ বার ঢুকে পড়েছে বৈভব সূর্যবংশী। তার জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। যা পরিস্থিতি তাতে ধোনি, কোহলি ও রোহিতের সঙ্গে জোর টক্কর দিচ্ছে বৈভবের ০৩ নম্বরের জার্সি।

Advertisement

আইপিএলের ওয়েবসাইট থেকে প্রত্যেক ক্রিকেটারেরা জার্সি অনলাইনে বিক্রি হয়। তার সঙ্গে যুক্ত এক ব্যক্তি ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে বলেছেন, “বৈভবের জার্সির চাহিদা তুঙ্গে। প্রত্যেকে ওর জার্সি কিনতে চাইছেন। এ বার সবচেয়ে বেশি বৈভবের জার্সি বিক্রি হয়েছে। আমরা গত কয়েক বছরে কারও জার্সি ঘিরে এত চাহিদা দেখিনি।”

ওই ব্যক্তি জানিয়েছেন, শেষ বার ভারতের তিন তারকা ধোনি, রোহিত ও কোহলির জার্সি কেনার এ রকম চাহিদা তাঁরা দেখেছিলেন। তিনি বলেন, “এক সময় ধোনি, কোহলি ও রোহিতের জার্সি কেনার এ রকম চাহিদা ছিল। কিন্তু এখন তা অনেক কম। বৈভব সেই জায়গা নিয়েছে। শুধু অফিসিয়াল ওয়েবসাইট নয়, বাজারেও বৈভবের জার্সি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে খবর পাচ্ছি। আগামী বছর থেকে গ্যালারিতে যদি বৈভবের জার্সি সবচেয়ে বেশি দেখা যায়, তা হলে অবাক হওয়ার কিছু নেই।”

ভারতীয় ক্রিকেটের নতুন তারকা হয়ে উঠেছে বৈভব। ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে আগেই নিজের প্রতিভার পরিচয় দিয়েছে সে। কিন্তু গত দু’বছরে বৈভবের উত্থান হয়েছে উল্কার গতিতে। চলতি বছরই ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে সে। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৮০ বলে ১৭৫ রানের ইনিংস খেলেছে সে। বিশ্বকাপ জেতার পর বেশির ভাগ ক্রিকেটার যখন বাড়িতে ফিরেছেন, বৈভব তখন রাজস্থান শিবিরে যোগ দিয়েছে।

এই প্রথম বার রাজস্থানের হয়ে প্রতিটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বৈভব। তা কাজে লাগিয়েছে সে। চলতি আইপিএলে ১৫ ম্যাচে ৬৮০ রান করেছে বৈভব। ৪৫.৩৩ গড় ও সবচেয়ে বেশি ২৪২.৮৫ স্ট্রাইক রেটে রান করেছে সে। একটি শতরান ও চারটি অর্ধশতরান এসেছে তার ব্যাট থেকে। ৫৫ চার ও ৬৫ ছক্কা মেরেছে বৈভব। সেই একমাত্র ব্যাটার যার চারের থেকে ছক্কার সংখ্যা বেশি। আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েছে বৈভব। ভেঙে ফেলেছে ক্রিস গেলের রেকর্ড। ঘরোয়া ক্রিকেটার হিসাবে সবচেয়ে বেশি রান, পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি রান, পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি ছক্কা, কী রেকর্ডই না গড়েছে সে। কমলা টুপির লড়াইয়ে সকলকে পিছনে ফেলে এক নম্বরে রয়েছে বিহারের এই ১৫ বছর বয়সি ক্রিকেটার।

অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে বৈভবের এক সতীর্থ বলেছেন, “আমরা সকলে আলোচনা করি কোহলি স্যর, রোহিত স্যরকে নিয়ে। আর বৈভব প্রস্তুতি নেয় ওঁদের সঙ্গে খেলার। ও জানে অনেক বছর ভারতীয় দলে খেলার সুযোগ রয়েছে। তারই প্রস্তুতি নিচ্ছে। সেখানেই ও বাকিদের থেকে আলাদা।” জার্সির বিক্রিও বুঝিয়ে দিচ্ছে যে, ধোনি, রোহিত, কোহলিদের পর ভারতীয় ক্রিকেট পেয়ে গিয়েছে তার ভবিষ্যতের তারকাকে।

Advertisement
আরও পড়ুন